ডিম বা মাংস ছাড়াও অন্যান্য অনেক খাবারে প্রোটিন পাওয়া যায়। যা সহজলভ্য, পুষ্টিকর এবং হজমে সাহায্য করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 July 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: প্রোটিন মানে কি শুধুই ডিম বা মাংস? যাঁরা নিরামিষ খাবার খান, তাহলে তাঁদের প্রোটিন কোথা থেকে আসে। এই প্রশ্ন অনেকের মনেই চলে। ডিম বা মাংস ছাড়াও অন্যান্য অনেক খাবারে প্রোটিন পাওয়া যায়। যা সহজলভ্য, পুষ্টিকর এবং হজমে সাহায্য করে।
নিরামিষে প্রোটিন?
বিশেষজ্ঞরা বলছেন, বাংলার রান্নাঘরের চেনা কিছু খাবারেই লুকিয়ে রয়েছে শরীর গঠনের মূল চাবিকাঠি। চটজলদি দেখে নেওয়া যাক সেই চার সুপারফুড-
১. দই
প্রতি ১০০ গ্রামে দইয়ে থাকে প্রায় ১০ গ্রাম প্রোটিন। দুধের থেকে সহজপাচ্য, ফলে হজম দ্রুত হয়। এতে রয়েছে প্রোবায়োটিক উপাদান ও ক্যালসিয়াম, যা হজমের পাশাপাশি হাড় শক্ত করতেও সাহায্য করে।
২. পনির
দুধ থেকে তৈরি হওয়ায় পনির প্রোটিনে সমৃদ্ধ। থাকে ফ্যাট, ভিটামিন ও মিনারেল যা পেশি তৈরিতে অত্যন্ত উপযোগী। যারা শরীরচর্চা করেন, তাঁদের জন্যও পনির আদর্শ সাপ্লিমেন্ট।
৩. মুসুর ডাল
এক বাটি মুসুর ডাল মানেই প্রায় ১৮ গ্রাম প্রোটিন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা শরীরের কোষের বৃদ্ধি ও মেরামতিতে সাহায্য করে। খেলে তৃপ্তি দেয়, অনেকক্ষণ খিদেও লাগে না। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
৪. কাবলি ছোলা
কেবল প্রোটিন নয়, ফাইবারেও ঠাসা এই ছোলা। হজমের সমস্যা থাকলে বা কোষ্ঠকাঠিন্য থাকলে এই ছোলার তরকারি বা সেদ্ধ করে খাওয়া যেতে পারে। এটি একাধারে শক্তি জোগায়, পেট পরিষ্কার রাখে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
কেন রাখবেন এই চারটি খাবার?
ডিম ছাড়া কি শরীর গঠন সম্ভব? মুসুর ডাল, দই, পনির ও ছোলা, এই চার নিরামিষ খাবারেই রয়েছে এমন প্রোটিন, যা আপনার দৈনন্দিন পুষ্টির জোগান মেটাতে যথেষ্ট। তাই যাঁরা নিরামিষ খান বা ডিমে অরুচি, তাঁরা এসব খেতে পারেন।