বেশিরভাগ মানুষ ওজন কমানোর জন্য শসা নামক ফলটিকে একটু বেশিই ভরসা করেন। তার কি সত্যিই কোনও বৈজ্ঞানিক ব্যাখা রয়েছে?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 16 October 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: ওজন হুড়মুড়িয়ে বেড়ে চলেছে, এবার খাওয়াদাওয়া কন্ট্রোল হবে - সব থেকে আগে দায়িত্ব এসে পড়ে ডায়েটের কাঁধে। অনেককেই বলতে শোনা যায়, সিদ্ধ খাবারের ওপর ভরসা রাখতে। অনেকে ফল-শাকসবজি বেশি খাওয়া শুরু করেন।
এইসব কড়াকড়ির মধ্যেও বেশিরভাগ মানুষ ওজন কমানোর জন্য শসা নামক ফলটিকে একটু বেশিই ভরসা করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে দিনে ১-২টি শসা খেলেই দ্রুত ওজন কমানো সহজ হবে। শুধু তাই নয়, ত্বকে প্রাকৃতিক গ্লো আসবে, বয়সের ছাপ পড়বে না, খেয়াল রাখবে চুলেরও। কিন্তু ওজন কমানোর এই যে সহজ উপায়ের কথা এখানে বলা হয়েছে, তার কি সত্যিই কোনও বৈজ্ঞানিক ব্যাখা রয়েছে? কী বলছেন বিশেষজ্ঞরা?\
তাঁদের মতে, এই দাবি 'মোটের উপর ভুল' (Mostly False)।
শসা খেলে কি ওজন কমে?
দিনে শুধু মাত্র ১–২ বার শসা খাওয়া ওজন কমানোর কোনও নিশ্চিত উপায় নয়। শসা কম ক্যালোরির ও জলসমৃদ্ধ একটি খাবার, যা হালকা পেট ভরানোর অনুভূতি দেয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। কিন্তু শসা কোনও 'ম্যাজিকাল' জিনিস নয় যে নিজে থেকেই শরীরের ফ্যাট কমিয়ে ওজন ঝরিয়ে ফেলতে পারবে।
ওজন কমানোর মূল সূত্র - ক্যালোরি ঘাটতি (calorie deficit), অর্থাৎ যতটা ক্যালোরি গ্রহণ করা হয় তার চেয়ে বেশি ক্যালোরি খরচ করা। তাই শুধুমাত্র শসার উপর নির্ভর না করে, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম জরুরি।
শসা কি খিদে মেটায়?
এক কথায়, হ্যাঁ। শসায় ফাইবার ও জলের পরিমাণ বেশি থাকায় কিছু সময়ের জন্য পেট ভরার অনুভূতি দেয়। ফলে সাময়িকভাবে খিদে মিটে যায়। তবে এই তৃপ্তি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই শুধু শসা খাওয়ার ওপর ভরসা না করে তার পাশাপাশি প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও জটিল কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া উচিত।
শসাকে সুষম ডায়েটে ভালভাবে মিশিয়ে নেওয়া যেতেই পারে। কিন্তু ওজন কমানোর জন্য একটা সঠিক স্ট্র্যাটেজি প্রয়োজন। নাহলে হিতে বিপরীত হতে পারে।
শসা ও হাইড্রেশন
শসায় প্রায় ৯৬% জল থাকে, যা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে শরীরে জল যায় যথেষ্ট পরিমাণে, ফলে অনেক সময় তেষ্টাকে ক্ষুধা ভেবে খাওয়ার প্রবণতাও কমে
বিশেষজ্ঞরা যা বলছেন...
ডাঃ পি রম্মনোহর (Amrita Centre for Advanced Research in Ayurveda) বলছেন, “ওবেসিটি বা ওজন বৃদ্ধি আয়ুর্বেদে জটিল সমস্যা হিসেবে বিবেচিত। কোনও একটিমাত্র খাবার বা ওষুধ এতে কার্যকর নয়। জীবনযাপন ও মানসিক চাপ নিয়ন্ত্রণই মূল চিকিৎসা।”
ডাঃ মানসী বান্ডুনির (স্পোর্টস নিউট্রিশনিস্ট, বেঙ্গালুরু) কথায়, “ওজন কমাতে হলে শুধু শসা নয়, দরকার সবজি, হোল গ্রেইন, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ সুষম ডায়েট এবং নিয়মিত শারীরিক কসরত।”
ডায়েটিশিয়ান প্রিয়াঙ্কা বলছেন, “শরীরে ফ্যাট কমাতে গেলে প্রথমে কারণ বুঝতে হবে — যেমন হরমোন ভারসাম্যহীনতা, প্রদাহ, বা ওষুধের প্রভাব। কারণ জানা গেলে উপযুক্ত ডায়েট ও লাইফস্টাইল পরিবর্তনেই ফল মিলবে।”
অর্থাৎ, দিনে এক–দু’বার শসা খেয়ে ওজন কমানো সম্ভব নয়। এটি একটি সহায়ক খাবার, মূল সমাধান নয়। ওজন কমানো নির্ভর করে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও ধারাবাহিক জীবনযাপনের অভ্যাসের ওপর।