শুরুতে লক্ষণগুলি এতটাই অল্প থাকে যে (early signs of heart blockage), অনেক সময় সেগুলিকে শীতের ক্লান্তি, অতিরিক্ত পরিশ্রম বা বয়সজনিত স্বাভাবিক সমস্যা বলে ভুল ধরে নেওয়া হয়।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 January 2026 15:51
দ্য ওয়াল ব্যুরো: হার্টে ব্লকেজ (heart blockage) সাধারণত খুব নিঃশব্দেই তৈরি হয়। আগে থেকে বিশেষ কোনও সতর্কবার্তা নেই, যখন সমস্যা গুরুতর হয়ে ওঠে - তখন অনেকটা দেরি হয়ে যায়। শুরুতে লক্ষণগুলি এতটাই অল্প থাকে যে, অনেক সময় সেগুলিকে শীতের ক্লান্তি, অতিরিক্ত পরিশ্রম বা বয়সজনিত স্বাভাবিক সমস্যা বলে ভুল ধরে নেওয়া হয় (early signs of heart blockage)।
যদি এই অবস্থাকে অবহেলা করা হয়, তাহলে তা ভবিষ্যতে অ্যাঞ্জাইনা (বুকে ব্যথা), হার্ট অ্যাটাক (heart attack) কিংবা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের (cardiac arrest) মতো মারাত্মক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। তাই হার্ট ব্লকেজের প্রাথমিক লক্ষণ চেনা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। হার্ট ব্লকেজের উপসর্গগুলি (heart blockage symptoms) নিয়েই বিস্তারিত জানালেন মণিপাল হাসপাতাল, পাতিয়ালার সিনিয়র কনসালট্যান্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সন্দীপ ঠাক্কর।
হার্ট ব্লকেজ হলে কী ধরনের লক্ষণ দেখা দেয়?
কার্ডিওলজিস্ট জানাচ্ছেন, “এমন কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেগুলি প্রথমে হার্টের সমস্যার সঙ্গে যুক্ত বলে মনে নাও হতে পারে।” উপসর্গগুলি সাধারণত পরিশ্রমের সময় আরও বেড়ে যায়, কারণ তখন হার্টে অক্সিজেনের চাহিদা বাড়ে, কিন্তু সংকুচিত ধমনির কারণে সেই চাহিদা পূরণ সম্ভব হয় না।
হার্ট ব্লকেজের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত, যা উপেক্ষা করা উচিত নয়
ডাঃ ঠাক্কর হার্টে ব্লকেজের যে গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণগুলির কথা বলেছেন, সেগুলি হল -
১) সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট
অল্প কয়েক ধাপ সিঁড়ি ভাঙলে বা সামান্য দূরত্ব হাঁটলেই যদি শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তা হার্টে রক্ত সরবরাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
২) বুকে অস্বস্তি বা চাপ অনুভব করা
বুকে ভারী ভাব, চাপ পড়া বা চেপে ধরার মতো অনুভূতি - বিশেষ করে দ্রুত হাঁটা বা সিঁড়ি ভাঙার সময় - হার্টে রক্তপ্রবাহ কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সংকেত।
৩) অস্বাভাবিক ক্লান্তি বা অবসাদ
কারণ ছাড়াই সবসময় ক্লান্ত লাগা ইঙ্গিত দিতে পারে যে, সংকুচিত ধমনির মধ্যে দিয়ে রক্ত চালাতে হার্টকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে।
৪) মাথা ঘোরা বা ঝিমুনি ভাব
মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত না পৌঁছলে বারবার মাথা ঘোরার অনুভূতি হতে পারে। অনেক সময় এটিকে ডিহাইড্রেশন বা সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাওয়া হয়।
৫) বুকে জ্বালাপোড়া অনুভব করা
পরিশ্রমের সময় বুকে জ্বালা বা পোড়া ভাব অনেকেই অ্যাসিডিটির সমস্যা বলে ধরে নেন। কিন্তু এটি হার্টের সমস্যার একটি লক্ষণ হতে পারে।
কীভাবে হার্টকে আরও শক্তিশালী রাখবেন?
হার্ট সুস্থ রাখতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা -
ডাঃ ঠাক্করের কথায়, “যদি এই ধরনের উপসর্গগুলি বারবার দেখা দেয়, তাহলে সেগুলিকে সাধারণ ক্লান্তি ভেবে উপেক্ষা করবেন না। প্রাথমিক লক্ষণের প্রতি সচেতন থাকা এবং সময়মতো জীবনযাত্রায় পরিবর্তন আনলে ভবিষ্যতে হৃদ্রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
হার্টে ব্লকেজ শুরু হতে পারে নীরবে, কিন্তু সচেতনতা ও আগাম পদক্ষেপই ভবিষ্যতে হার্টকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।