আমলকি ভিটামিন সি-সহ নানা পুষ্টিগুণে ভরপুর হলেও সকলের জন্য কি সত্যিই নিরাপদ? কারা সহজে খেতে পারেন, আর কারা সাবধান থাকবেন, জানুন।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 29 November 2025 16:58
শীতকাল মানেই বাজারে আমলকির মেলা। যার ঝুড়িতেই তাকাবেন, আমলকি উঁকি মারবেই। মোটামুটি সবাই জানে আমলকি খেলে হজম ভাল হয়, চুল ভাল হয়। এই ফলের আরও হাজারো গুণ রয়েছে।
পুষ্টিবিদরা বলছেন, ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে আমলকিতে। তাই এটি খাওয়া আবহাওয়া পরিবর্তনের সময় খুবই প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, চট করে অসুস্থ হতে দেয় না। চিকিৎসকদের মতে, আমলকি হার্টও ভাল রাখে, অ্যাটাক বা সেরিব্রালের ঝুঁকি কমায়।
একটা ফল এত গুণ! সবাই খেতে পারে?
গুণের বাহার দেখে এমন প্রশ্ন খুব বেশি আসে না কারও মনে। তাই এটি নিয়ে সচেতন করলেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, চাইলেই সবাই এই ফল খেতে পারেন না। নির্দিষ্ট কিছু মানুষকে আমলকি এড়িয়ে যেতে হয়।
কারা এড়িয়ে যাবেন? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চিকিৎসক ভিডিও পোস্ট করে জানান, এড়িয়ে যাওয়া মানুষজনের তালিকাটা বিরাট। প্রথমত, যাদের সুগার ফল করার প্রবণতা আছে, অত্যন্ত বয়স্ক, কিডনির হালকা সমস্যা আছে বা সুগার বার বার ফল করে। তারা আমলকি বা আমলা খাবেন না। তাঁর পরামর্শ, যদি খান, তাও এক টুকরো।
কারণ হিসেবে আমলকির একটি গুণ তুলে ধরেন। আমলকি ব্লাড সুগার কমায়, যাদের হাই সুগার, তারা খেলে নিয়ন্ত্রণে থাকতে পারে। কিন্তু যাদের সুগার ফল করার প্রবণতা রয়েছে, তারা খেলে হাইপো গ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
যাদের ভীষণ অ্যাসিডিটি হয়, তাদের আমলকি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ডঃ ব্যানার্জি।
এছাড়া হার্ট অ্যাটাক হয়েছে, ব্লাড থিনার যাদের খেতে হয়, যে ওষুধই হোক সেক্ষেত্রে আমলকি খাওয়া উচিত নয়। কারণ আমলকি ব্লাড থিনারের অ্যাকশন বাড়িয়ে দেয়। চিকিৎসক বলছেন, 'আমলকি হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাকের রিস্ক কমিয়ে দেয় কিন্তু যারা অলরেডি থিনার খান, তারা হেমারেজের চান্স বেড়ে যায়।'
এই তালিকায় আর কারা রয়েছেন? যাদের কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা আছে, তারা আমলকি খাবেন না। ডঃ ব্যানার্জি জানান, আমলকিতে প্রচুর অগজালেট থাকে, সেই কারণে স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যায়। আমলকিতে পটাশিয়াম থাকে, যদি এক কাপ টুকরো টুকরো আমলকি কেউ খান, তাতে প্রতিদিনে প্রয়োজনের ৬ শতাংশ পটাশিয়াম পূরণ হয়ে যায়। কিডনির সমস্যা ধরা পড়লে তাই আমলকি খাওয়া যাবে না।
প্রেগনেন্সিতে এই ফল খাওয়া নিয়ে কোনও বাধা নেই, তবে যাদের অ্যালার্জি আছে তাদের খেতে নিষেধ করলেন চিকিৎসক।