অ্যাক্রোপলিস মলের ১০ বছরের উদযাপনে জমল শহর। সৌমিত্র রায়-সহ বিশিষ্টদের উপস্থিতিতে ছিল নতুন জামা-জুতো বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কেক কাটার মুহূর্ত।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 26 September 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছর হল অ্যাক্রোপলিসের। সেই উপলক্ষে ও দুর্গাপুজোর আগে সাজল মল ও মল চত্বর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দশম জন্মদিন পালন করল কলকাতার অন্যতম জনপ্রিয় এই শপিং মল।
এই মলের ডেভেলপার মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা ও বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় এই বিশেষ দিনে পাশে দাঁড়ালেন কলকাতার কালীঘাটের বঞ্চিত শিশুদের। ‘পাঠশালা’ নামে এক সমাজসেবী সংস্থার ৬৫ জন বাচ্চার হাতে তুলে দেওয়া হয় নতুন জামা ও জুতো। উপস্থিত ছিলেন পাঠশালার প্রেসিডেন্ট রুক্মিনী পাল ও অ্যাক্রোপলিস মলের জিএম শুভদীপ বসু। উৎসবের আগে নতুন পোশাক আর জুতো পেয়ে খুশিতে ভরে উঠল ছোট্ট মুখগুলো।
অসাধারণ আবহে ভরে উঠেছিল দিনটি। ওডিসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার তৃষা দাস মণ্ডল ও তাঁর দল পরিবেশন করেন গণেশ বন্দনা, আগমনী গান আর লোকগীতির মিশ্রণে নৃত্যাভিনয়। শিশুদের পরিবেশনা এই উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলল, তা বলা বাহুল্য।
এদিন উদযাপন শেষ হয় এক বিশাল কেক কেটে মলের দশ বছরের পথচলা উদ্যাপনের মধ্য দিয়ে।
এই মল ২০১৫ সালে শুধু দক্ষিণ কলকাতার রাসবিহারী কানেক্টর এলাকাকে নতুন প্রাণই দেয়নি, বরং শহরের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। শপিং, খাবার, সিনেমা থেকে আড্ডা— সবকিছুর এক অবিচ্ছেদ্য ঠিকানা হয়ে ওঠে দ্রুত।
এই দশ বছরের সাফল্যের কথা বলতে গিয়ে সুশীল মোহতা বলেন,“অ্যাক্রোপলিস মল শুধু ব্র্যান্ডেড খুচরো দোকান বা বিনোদনই দেয়নি, সঙ্গে দিয়েছে গোটা এলাকার চরিত্র পর্যন্ত বদলে। এখন এটা পরিণত হয়েছে মিলনক্ষেত্রে। কর্মসংস্থান তৈরি থেকে সমাজসেবা, সর্বত্রই এর অবদান অনস্বীকার্য।'
পাঠশালার প্রেসিডেন্ট রুকমিনি পাল কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'প্রতি বছরই মার্লিন গ্রুপ আমাদের শিশুদের পাশে দাঁড়ায়। এই নতুন জামা-জুতো তাদের দুর্গাপুজোকে আরও আনন্দময় করে তুলবে।'
সঙ্গীতশিল্পী সৌমিত্র রায়ও এই উদযাপনে যোগ দিয়ে উষ্ণতা আর সুরের আবহ যোগ করেন।