আগামী ১১ অগস্ট শোরুম উদ্বোধনের সম্ভাবনা, আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে টেসলা। একটি রিপোর্ট বলছে, মার্কিন ইভি প্রস্তুতকারক সংস্থা টেসলা ইতিমধ্যেই আমন্ত্রিতদের কাছে অনুষ্ঠান সংক্রান্ত বিবরণ পাঠাতে শুরু করেছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 August 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের পর এবার দিল্লি। ভারতে মাত্র এক মাস আগেই প্রথম শোরুম খুলেছে টেসলা। এর মধ্যেই দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেন্টার খোলার তোড়জোড় শুরু করল ইলন মাস্কের সংস্থা। আগামী সপ্তাহেই দিল্লির অ্যারোসিটি অঞ্চলের ওয়ার্ল্ডমার্ক ৩-এ এই নতুন শোরুম চালু হতে চলেছে বলে সূত্রের খবর।
আগামী ১১ অগস্ট শোরুম উদ্বোধনের সম্ভাবনা, আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে টেসলা। একটি রিপোর্ট বলছে, মার্কিন ইভি প্রস্তুতকারক সংস্থা টেসলা ইতিমধ্যেই আমন্ত্রিতদের কাছে অনুষ্ঠান সংক্রান্ত বিবরণ পাঠাতে শুরু করেছে। ১১ অগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অ্যারোসিটির অভিজাত ব্যবসায়িক-কেন্দ্র ওয়ার্ল্ডমার্ক ৩-এ উদ্বোধন হতে পারে নতুন টেসলা এক্সপেরিয়েন্স সেন্টারের।
কিছু দিন আগেই ইউটিউবার উৎসব টেকি (@utsavtechie) একটি ভিডিও ও ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় টেসলার নতুন কোনও শোরুমের ভিতরে সাদা দেওয়াল ও কাচের দরজা। তবে, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত শোরুমের ঠিকানা বা উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি।
১৫ জুলাই মুম্বইয়ে প্রথম শোরুম চালু করে এই সংস্থা। সেই সঙ্গে ঘোষণা করা হয়, ভারতে ইভি বাজারে তারা পা রাখবে মিড-সাইজ ইলেকট্রিক এসইউভি Model Y দিয়ে। গাড়িগুলি সম্পূর্ণভাবে আমদানি করা হবে (CBU), যার ফলে ভারতে বেশ চড়া আমদানি শুল্কও লাগবে। সংস্থার আইওএস অ্যাপে ইতিমধ্যেই চালু হয়েছে তাদের গাড়ির জন্য ‘Tessie’ অ্যাপও।
ভারতে মডেল ওয়াই-এর রিয়ার হুইল ড্রাইভ (RWD) মডেলের দাম ধরা হয়েছে ৫৮.৮৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা, এবং লং রেঞ্জ RWD মডেলের দাম ৬৭.৮৯ লক্ষ। গাড়িটি মূলত স্টেলথ গ্রে রঙে আসবে, সঙ্গে থাকবে কালো ইন্টেরিয়র। সাদা ইন্টিরিয়রের জন্য অতিরিক্ত ৯৫,০০০ টাকা দিতে হবে বলে শোনা যাচ্ছে। বডি পেইন্ট কাস্টমাইজেশন করতে চাইলে খরচ হবে ৯৫,০০০ থেকে ১.৮৫ লক্ষ পর্যন্ত।
২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিক থেকে ভারতে ডেলিভারি শুরু হবে এই গাড়ি। আপাতত দিল্লি, গুরগাঁও এবং মুম্বইতেই কেনা ও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।