রিয়াল মাদ্রিদ ইউরোপের অন্যতম ধনী ও সফল ফুটবল টিম। চ্যাম্পিয়নস লিগ রেকর্ড ১৫ বার জিতেছে। দুনিয়ার সেরা খেলোয়াড়রা এই ক্লাবে খেলতে মুখিয়ে থাকেন। অথচ সেখানকার মেডিক্যাল বিভাগে এমন গাফিলতি—এখন সবচেয়ে বড় বিতর্ক উসকে দিয়েছে।

কিলিয়ান এমবাপে
শেষ আপডেট: 25 March 2026 12:03
দ্য ওয়াল ব্যুরো: লা লিগায় বার্সেলোনার (Barcelona) চেয়ে চার পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মুখোমুখি হওয়ার অপেক্ষা। সিজনের এই সন্ধিক্ষণে রিয়াল মাদ্রিদ (Real Madrid) আলোচনায় উঠে এল সম্পূর্ণ অদ্ভুত এক কারণে। দলের মেডিক্যাল টিমের বিরুদ্ধে এমন কিছু তথ্য (Real Madrid's Medical Blunders) সামনে এসেছে, যা শুনলে সমর্থকরা হাসবেন না কাঁদবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না।
এমবাপের ভুল হাঁটুর স্ক্যান, এখন আরও বিপদে
‘দ্য অ্যাথলেটিকে’র (The Athletic) প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) চোটের সময় রিয়ালের মেডিক্যাল গ্রুপ (Real Madrid's Medical Blunders) বড়সড় গোলমাল বাঁধিয়ে বসে। ফরাসি স্ট্রাইকারের ছিল বাঁ-হাঁটুতে চোট। কিন্তু এমআরআই স্ক্যান চলে ডান হাঁটুর। যা কিনা সম্পূর্ণ ফিট! স্বাভাবিকভাবে রিপোর্টে কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকরাও খেলার অনুমতি দেন।
🚨 BREAKING: Real Madrid’s former nutrition specialist Itziar González implying that Real Madrid’s medical staff use ChatGPT to give supplements to the players. pic.twitter.com/9FYcTgkUuk
— Madrid Xtra (@MadridXtra) March 24, 2026
সেই মোতাবেক, এমবাপে আরও তিনটি ম্যাচে নামেন। আবার আহত হন! চোটের উপর চোট। পরে নতুন করে সঠিক স্ক্যান করতেই ধরা পড়ে, বাঁ-হাঁটুর পিছনের লিগামেন্ট আংশিক ছেঁড়া। আগে করলে পরিস্থিতি হয়তো এতটা খারাপ হত না। যে কারণে নিশানায় মেডিক্যাল টিম (Real Madrid Medical Team)। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল সমালোচনা, ছড়িয়েছে বিদ্রূপ।
চ্যাটজিপিটিই ‘পুষ্টিবিদ’!
চিকিৎসকদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ আরও পিলেচমকানো। ক্লাবের প্রাক্তন পুষ্টিবিদ ইৎজিয়ার গঞ্জালেজের (Itziar Gonzalez) দাবি, দলের স্টাফ খেলোয়াড়দের পুষ্টি বা সাপ্লিমেন্ট সংক্রান্ত পরামর্শের জন্য চ্যাটজিপিটির (ChatGPT) মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছেন। গঞ্জালেজকে গত ডিসেম্বরেই ছাঁটাই করা হয়েছে। তারপর থেকে তিনি পরের পর অভিযোগ তুলছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেডিক্যাল ইউনিটকে তুলোধোনা করে বলেন, ‘এরা অজ্ঞ, ক্ষমতার জোরে টিকে থাকা লোক, যারা শুধু খেলোয়াড়দের ক্ষতি করছে!’ পাশাপাশি পরামর্শ: দক্ষ ও শিক্ষিত পেশাদার নিয়োগ করুক ক্লাব। প্রফেশনাল ফুটবলে চ্যাটজিপিটির দরবারে চিকিৎসা পরামর্শ নেওয়া কতটা হাস্যকর, সেটা বলার অপেক্ষা রাখে না।
ইউরোপের সেরা ক্লাব মেডিক্যাল সুবিধায় পিছিয়ে?
রিয়াল মাদ্রিদ ইউরোপের অন্যতম ধনী ও সফল ফুটবল টিম। চ্যাম্পিয়নস লিগ রেকর্ড ১৫ বার জিতেছে। দুনিয়ার সেরা খেলোয়াড়রা এই ক্লাবে খেলতে মুখিয়ে থাকেন। অথচ সেখানকার মেডিক্যাল বিভাগে এমন গাফিলতি—এখন সবচেয়ে বড় বিতর্ক উসকে দিয়েছে। এমবাপের চোটের পরিস্থিতি আদতে কতটা গুরুতর ছিল, বায়ার্নের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কিনা—প্রশ্নের জবাব এখনও অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তার পেছনে দায়—ভুল হাঁটুর স্ক্যান, চ্যাটজিপিটির শরণাপন্ন হওয়া। যা শুনতে অবাস্তব লাগলেও মর্মান্তিক সত্যি।