ইউরোপের দুই বড় লিগে শনিবার রাতে একেবারে উলটো ছবি—স্পেনে ছন্দে বার্সেলোনা আর ইংল্যান্ডে টালমাটাল আর্সেনাল।

ফেরান টরেস
শেষ আপডেট: 7 December 2025 10:57
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের দুই বড় লিগে শনিবার রাতে একেবারে উলটো ছবি—স্পেনে ছন্দে বার্সেলোনা আর ইংল্যান্ডে টালমাটাল আর্সেনাল। লা লিগায় যথারীতি দাপট দেখাল হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) দল। অন্যদিকে প্রিমিয়ার লিগে ইনজুরি–চাপ, ফর্ম–ধাক্কা সামলে দাঁড়াতেই পারল না মিকেল আর্তেতার (Mikel Arteta) বাহিনী।
লা লিগা: টরেসের হ্যাটট্রিকে অপ্রতিরোধ্য বার্সেলোনা
সেভিয়ায় রিয়াল বেটিসকে (Real Betis) ৫–৩ উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চার পয়েন্টের লিড তৈরি করল বার্সা (Barcelona)। শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচ বের করে নিল গেলবারের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিকে উজ্জ্বল ফেরান টরেস (Ferran Torres)—এখন লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, কিলিয়ান এমবাপের ঠিক পেছনে।
ফ্লিক কাল বিশ্রাম দেন স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিকে। লামিন ইয়ামাল (Lamine Yamal) খেললেন মাঝমাঠের ঠিক সামনে, ডানদিকে তরুণ রুনি বারদঘজি (Roony Bardghji)। টরেসের প্রথম দু’টি গোল সাজিয়ে দিলেন কুন্দে আর বারদঘজি। তৃতীয় গোলটায় সঙ্গ দিল ভাগ্য—শট ডিফ্লেক্ট হয়ে জালে।
পাঁচ নম্বর গোল এল ইয়ামালের পেনাল্টি থেকে। এরপর ম্যাচ শেষের আগে দু’টি গোল খেলেও ততক্ষণে তিন পয়েন্ট পকেটে। রিয়াল মাদ্রিদ (Real Madrid) আজ খেলতে নামবে; তার আগে চাপ বাড়াল বার্সেলোনা।
অন্যদিকে মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকোর (Atletico Madrid) জন্য দিনটা খারাপ। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ০–১ স্কোরলাইনে হেরে গেল তারা। গত সপ্তাহে বার্সার বিরুদ্ধে পরাজয়—এবার আরও একটি হারের ধাক্কায় লিগ টেবিলে পিছিয়ে গেল দিয়েগো সিমিওনের (Diego Simeone) দল। দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়াল (Villarreal) জিতেছে গেতাফের বিরুদ্ধে ২–০। ছয় ম্যাচ টানা জিতে উঠে এসেছে দ্বিতীয় স্থানের দোরগোড়ায়।
প্রিমিয়ার লিগ: শেষ মুহূর্তে হার আর্সেনালের
ইংল্যান্ডে আর্সেনাল (Arsenal) শেষ মুহূর্তে ধাক্কা খেয়ে অ্যাস্টন ভিলার (Aston Villa) কাছে ১–২ হেরে গেল। স্টপেজ টাইমে এমিলিয়ানো বুয়েন্দিয়ার গোল ভেঙে দিল লিগের শীর্ষে থাকা দলের ছন্দ। এই মুহূর্তে লিডে থাকলেও ব্যবধান কমে মাত্র দুই পয়েন্টে। কারণ ম্যানচেস্টার সিটি (Manchester City) শনিবার নিজের ম্যাচে ৩–০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। রুবেন দিয়াস, গভার্দিওল, আর ফিল ফোডেন নিশ্চিত করেন সিটির জয়।
লন্ডনের আরও এক ক্লাব চেলসির (Chelsea) হতাশা অব্যহত—টানা তিন ম্যাচে পয়েন্ট নষ্ট, এবার বোর্নমাউথের সঙ্গে ০–০ ড্র। কোল পালমার ফিরেও কোনও লাভের লাভ হল না। পাশাপাশি একইভাবে ছন্নছাড়া লিভারপুল (Liverpool)। লিডসের (Leeds United) বিরুদ্ধে ৩–৩ ড্র—দু’বার লিড নেওয়ার পরেও জয় ধরে রাখতে পারেনি আর্নে স্লটের দল। ডিফেন্সের ভুলে তিন পয়েন্ট পয়েন্ট হাতছাড়া।