স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর—চেলসির ম্যাচের মর্মান্তিক অভিজ্ঞতা আর ভুলের বোঝা বার্সা অধিনায়ককে ভীষণভাবে নাড়া দিয়েছে। নড়বড়ে পারফরম্যান্স নাকি আরাউহোকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে।

রোনাল্ড আরাউহো
শেষ আপডেট: 2 December 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: চোট-ফর্ম-সমালোচনা—ফুটবলে এমন দুঃসময়ের মধ্য দিয়ে অনেকেই যান। কিন্তু বার্সেলোনার (Barcelona) অধিনায়ক রোনাল্ড আরাউহো (Ronald Araujo) যে অবস্থায় পড়েছেন, তা অনেক বেশি যন্ত্রণার, অনেক বেশি স্পর্শকাতর। ব্যক্তিগত ভুলের জেরে চেলসির (Chelsea) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ভয়াবহ হার। আর তার জন্য তিনি নাকি এতটাই মানসিক চাপে ভুগছেন, যে উরুগুয়ের ডিফেন্ডারকে বার্সা কর্তৃপক্ষ ‘অনির্দিষ্টকালের ছুটি’-তে (Indefinite Leave) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে!
চেলসির ঘরের মাঠে ৩ গোলে পরাজয়ের দিন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আরাউহো। মার্ক কুকুরেলাকে (Marc Cucurella) অবৈধ ট্যাকল করার পরই তাঁকে বেরিয়ে যেতে হয়। সেই ম্যাচের পর আর বার্সেলোনার ম্যাচ ডে স্কোয়াডেও তাঁর নাম দেখা যায়নি! আলাভেসের (Alaves) বিরুদ্ধে ৩-১ জয়ের ম্যাচেও গড়হাজির। কোচ হানসি ফ্লিক (Hansi Flick) বলেছিলেন—‘পেটের ব্যামো’। আসল কারণ যে আরও গভীর, বোঝা যায়নি!
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্লিক স্পষ্ট ভাষায় জানান, দলের অধিনায়ক খেলতে প্রস্তুত নন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আরাউহো এখন মাঠে নামতে পারবে না। এটা একেবারে ব্যক্তিগত বিষয়। আমি আর কিছু বলতে চাই না। ওর ইচ্ছাকে সম্মান করুন!’ এই বক্তব্য থেকেই ব্যাপারটা পরিষ্কার—মনে চলছে লড়াই। শারীরিক নয়, মানসিক যুদ্ধ। ‘দ্য অ্যাথলেটিক’-এর রিপোর্ট জানাচ্ছে, ছুটির অনুরোধ এসেছে আরাউহোর দিক থেকেই। সোমবার ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো (Deco) তাঁর এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয়—আরাউহো যতদিন সময় চাইবেন, পাবেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর—চেলসির ম্যাচের মর্মান্তিক অভিজ্ঞতা আর ভুলের বোঝা বার্সা অধিনায়ককে ভীষণভাবে নাড়া দিয়েছে। নড়বড়ে পারফরম্যান্স নাকি আরাউহোকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। মানসিকভাবে ফিরে আসার জন্য সময় জরুরি। এই মরসুমে সব মিলিয়ে ১৫টি ম্যাচ খেলেছেন আরাউহো। মাঠে ছিলেন ৮৮৬ মিনিট। দুটি গোলও করেছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দক্ষতা বার্সার ডিফেন্সে গুরুত্বপূর্ণ। কিন্তু মানসিক দিক থেকে প্রস্তুত না থাকলে তাঁকে খেলানো ক্লাবের পক্ষেও সম্ভব নয়। অন্যদিকে, বার্সেলোনার ড্রেসিংরুমেও ইতিমধ্যে চাপ বেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে হার, লিগ টেবিলে ওঠাপড়া—সব মিলিয়ে অস্থিরতা। এমন অবস্থায় অধিনায়কের মানসিক অবস্থার উন্নতি ক্লাবের কাছে সবচেয়ে প্রয়োজনীয়।