গতরাতে চেলসির ইতিবাচক খবর একটাই—চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরেছেন কোল পালমার।

মিকেল মেরিনো
শেষ আপডেট: 4 December 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগে শনিবার ছিল উত্থান–পতনের দিন। একদিকে আর্সেনাল (Arsenal) নিজের ছন্দে, পাঁচ পয়েন্টের লিড বাড়িয়ে আরও এগোল। অন্যদিকে চেলসি (Chelsea) লিডসের মাঠে ধরাশায়ী। লিভারপুল (Liverpool) যথারীতি জিততে পারল না—ঘরের মাঠে সান্ডারল্যান্ডের (Sunderland) বিরুদ্ধে মাত্র এক পয়েন্টে থামতে হল আর্নে স্লটের দলকে।
আর্সেনালের মসৃণ জয়
এমিরেটসে ব্রেন্টফোর্ডকে (Brentford) ২-০ হারিয়ে আর্সেনাল ফের শীর্ষে থেকে দাপট দেখাল। প্রথম একাদশে ছিল না গ্যাব্রিয়েল, সালিবা। বেঞ্চে রাখা হয়েছিল সাকা–টিম্বার–এজেকে। তবু কোনও সমস্যা হয়নি। ১১ মিনিটে মিকেল মেরিনোর (Mikel Merino) হেডে লিড, অতিরিক্ত সময়ে বুকায়ো সাকার (Bukayo Saka) ধীরগতির শটে ব্যবধান দু’গোলের। জয় এলেও চোট-আঘাত চোখ রাঙাচ্ছে—মোসকুয়েরা, পরে ডেকলান রাইস—দু’জনকেই তুলে নিতে হয়। ম্যাচ শেষে আর্তেতা (Mikel Arteta) সরাসরি বললেন—‘বিশ্রাম? শব্দটাই এখন বিলাসিতা। চার দিন পরপর ম্যাচে খেলোয়াড়দের বাঁচিয়ে রাখা দায়।’
চেলসিকে হারিয়ে লিডসের চমক
এল্যান্ড রোডে লিডস (Leeds United) অবনমন-আতঙ্ক ভুলে জ্বলে উঠল। ৩-১ স্কোরলাইনে জিতে তারা চেলসিকে প্রিমিয়ার লিগ রেস থেকে কার্যত ছিটকে দিল। প্রথমার্ধেই জাকা বিওল (Jaka Bijol) আর তানাকার (Ao Tanaka) গোল। পেদ্রো নেটো (Pedro Neto) ব্যবধান কমিয়ে কিছুটা আশার আলো জাগালেও টসিন আদারাবিয়োর (Tosin Adarabioyo) ভুলে তৃতীয় গোল ছিনিয়ে নেন ডমিনিক ক্যালভার্ট-লুইন (Calvert-Lewin)। যার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত করে লিডস। এনজো মারেসকা (Enzo Maresca) লড়াই হেরে লিডসকে কুর্নিশ জানিয়ে বলেন, ‘খারাপ রাত। সবদিক দিকেই ওরা ভালো খেলেছে!’ গতরাতে চেলসির ইতিবাচক খবর একটাই—চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরেছেন কোল পালমার (Cole Palmer)।
আবারও আটকে গেল লিভারপুল
অ্যানফিল্ডে সান্ডারল্যান্ডের (Sunderland) বিরুদ্ধে লিভারপুলের গল্পটা ঠিক আগের মতোই। ৮১ মিনিটে ফ্লোরিয়ান ভির্ত্সের (Florian Wirtz) শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে জালে—যা বাঁচাল আর্নে স্লটের (Arne Slot) মান। তার আগে ভার্জিল ভ্যান ডাইকের (Virgil van Dijk) গায়ে লেগে সান্ডারল্যান্ড ১-০ লিড তুলে নেয়। এই নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট নষ্ট করল লিভারপুল। কোচ স্লট খোলাখুলি বললেন—‘এখন সবাই ভাবছে আমাদের বিরুদ্ধে পয়েন্ট পাওয়া সম্ভব!’
অন্যান্য ম্যাচ
নটিংহ্যাম ফরেস্টের (Nottingham Forest) কাছে ১-০ হেরে লিগের তলানিতে রইল উলভস (Wolves)।
ব্রাইটনের (Brighton) মাঠে ০-২ থেকে ৪-৩ করে দুর্দান্ত জয় অ্যাস্টন ভিলার (Aston Villa)। জোড়া গোল ওলি ওয়াটকিন্সের (Ollie Watkins)।
বার্নলিকে ১-০ হারাল ক্রিস্টাল প্যালেস (Crystal Palace)।