কোচি প্রায় দশ বছর পর ভারতীয় ফুটবলকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সেই প্রত্যাবর্তনের আগেই সামনে এল এই লজ্জার ছবি—ময়দানি আত্মসমর্পণ নয়, ফোকাসে বকেয়া ভাড়ার টাকা।

খেলোয়াড়দের সঙ্গে খালিদ
শেষ আপডেট: 27 March 2026 11:18
দ্য ওয়াল ব্যুরো: সামনেই এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ। প্রতিপক্ষ হংকং। প্রায় এক দশক পর ভারতীয় ফুটবল টিমের লড়াই আয়োজনের বরাত পেয়েছে কোচি। কিন্তু সেই উত্তেজনা মাঠে পৌঁছনোর আগেই আপাতত হিমঘরে! ময়দানের বাইরে, গেটের বাইরে আটকে দেওয়া হল কোচ খালিদ জামিল (Khalid Jamil) ও তিন খেলোয়াড়কে। কারণ—স্টেডিয়ামের ভাড়া বাকি থাকা!
গেট খুলল না, হল না প্রেস কনফারেন্সও
কোচি জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Jawaharlal Nehru International Stadium) ম্যাচের আগে প্রেস কনফারেন্সের কথা ছিল। কোচ জামিল, আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan), সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad) ও বিজয় বর্গিস (Bijoy Varghese) সময়মতো পৌঁছে যান। কিন্তু গেট খোলেনি। গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটির (GCDA) নিরাপত্তারক্ষীরা কাউকে ঢুকতে পর্যন্ত দিলেন না। কারণ জিজ্ঞেস করতে বারবার জবাব এল, পেমেন্ট বাকি।
সূত্রের খবর, ২০-২৫ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট ও ৩ লক্ষ টাকা ভাড়া মেটানো হয়নি। কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন (KFA) আরও সময় চেয়েছিল। জিসিডিএ রাজি হয়নি। কোচ বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন। শেষমেশ ধৈর্য ধরে রাখতে না পেরে চলে গেলেন। সাংবাদিকদেরও একই দশা। যার জেরে প্রেস মিট বাতিল।
কেএফএ প্রেসিডেন্ট নাভাস মিরান (Navas Meeran) অবশ্য তিলকে তাল করতে দিতে নারাজ। বললেন, ‘এটা ছোট্ট একটা প্রযুক্তিগত সমস্যা। ম্যাচ ঠিকঠাক আয়োজিত হবে!’ কিন্তু তার আগে যে ছবি সামনে এল—জাতীয় দলের কোচ গেটের বাইরে দাঁড়িয়ে—তাকে আদৌ ‘ছোট্ট সমস্যা’ বলে এড়িয়ে যাওয়া যায় কিনা, প্রশ্ন উঠবে!
এটা প্রথমবার নয়
জানা গিয়েছে, এই ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারিতেও একই স্টেডিয়ামে একই কারণে ফ্যাসাদে পড়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আইএসএল ম্যাচের আগে খেলোয়াড় ও স্টাফ কেউ স্টেডিয়ামে ঢুকতে পারেননি। সুতরাং, সমস্যাটা বারবার ঘুরেফিরে আসছে। জিসিডিএ স্টেডিয়ামের মালিক। ম্যাচ আয়োজন করে কেএফএ। দুই পক্ষের মধ্যে সমন্বয় নেই। প্রতিবার যার খেসারত দিচ্ছেন খেলোয়াড়রা।
ভারতীয় ফুটবলেও এই ধরনের ঘটনাকে ঠিক ‘নজিরবিহীন’ বলা যায় না। মাঠের বাইরের অব্যবস্থাপনা হামেশাই মুখ্য হয়ে উঠেছে। এবারও পারফরম্যান্স নয়… এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আলোচনা চলছে ভাড়া বিতর্ক নিয়ে!
মাঠে নামার আগেই হার?
৩১ মার্চ হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা। সমস্যা মিটবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা অন্য—কতবার একই ভুল হবে? জাতীয় দলের কোচ স্টেডিয়ামের গেটে আটকে থাকলে আন্তর্জাতিক ফুটবলে ভারতের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে? ফল তো শেষমেশ খেলোয়াড় আর সমর্থকদেরই ভুগতে হচ্ছে! কোচি প্রায় দশ বছর পর ভারতীয় ফুটবলকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সেই প্রত্যাবর্তনের আগেই সামনে এল এই লজ্জার ছবি—ময়দানি আত্মসমর্পণ নয়, ফোকাসে বকেয়া ভাড়ার টাকা।