খালিদ বরাবরই রক্ষ্মণাত্মক কোচ। ঘর সামলে আক্রমণ করতে ভালবাসেন। আর উনি বরাবরই একরোখা।

অর্ণব মণ্ডল
শেষ আপডেট: 14 October 2025 17:40
এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন (Asian Cup Qualifiers) পর্বে আজ সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হবে খালিদ জামিলের ভারত (India vs Singapore)। এর আগে অ্যাওয়ে ম্যাচে দলটির সঙ্গে রহিম আলির শেষ মুহূর্তের গোলে ড্র করেছিল মেন ইন ব্লুজ। ঘরের মাঠে দর্শক সমর্থন নিয়ে ভারত যদি আজ জিততে না পারে তবে মূল পর্বে ওঠা দুঃস্বপ্ন হয়ে উঠবে সুনীল, গুরপ্রীতদের।
এই ম্যাচের আগে ভারতের জয় চাইলেও মন থেকে সন্দিহান জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল। নিজের সময়ে জাতীয় দল ও ইস্টবেঙ্গলের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। তাঁদের সময়ে ভারতীয় দলের পারফরম্যান্স বা র্যাঙ্কিং এতটা খারাপ ছিল না। জাতীয় দলের বর্তমান পরিস্থিতি দেখে আত্মবিশ্বাস নিয়ে অর্ণব বলতে পারছেন না, ভারত আজ সিঙ্গাপুরকে হারাবে।
বর্তমান ভারতীয় দল, কোচ খালিদ জামিল, সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন- সব বিষয়েই নিজের মতামত জানিয়েছেন লাল-হলুদ জার্সিতে মাঠ কাঁপানো এই বঙ্গ ডিফেন্ডার। তাঁর মতে সুনীল রয়েছেন, কারণ তিনিই এখনও পর্যন্ত ভারতের সেরা স্ট্রাইকার। ভারতীয় দলে আদর্শ স্ট্রাইকারের অভাব রয়েছে, এই প্রসঙ্গে অর্ণব বলেছেন, “এখন ফলস নাইনের গুরুত্ব বেড়েছে। লিস্টন, মনবীরের মতো উইঙ্গাররা গোল করছেন। অনেক দলই এখন খেলছে নম্বর নাইন ছাড়াই। তাই আদর্শ স্ট্রাইকার নেই মানেই যে গোল হবে না, সেটা ঠিক নয়।”
পাশাপাশি নতুন স্ট্রাইকার কেন উঠে আসছে না, সেই বিষয়েও নিজের মতামত জানিয়েছেন প্রাক্তন এই ডিফেন্ডার। অর্ণবের মতে, ভারতীয় স্ট্রাইকাররা সেভাবে ম্যাচ টাইম পাচ্ছেন না। অর্ণব বলেছেন, "আরও টুর্নামেন্ট প্রয়োজন। ম্যাচ টাইম না পেলে একজন ফুটবলার কী ভাবে উঠে আসবে? আইএসএল, সুপার কাপ হচ্ছে, কিন্তু সেখানে ভারতীয় স্ট্রাইকাররা সুযোগ পাচ্ছে কোথায়? আমাদের সময়ও তো বিদেশি ফুটবলারদের ভিড় ছিল। কিন্তু তার মধ্যে থেকেই জেজেরা উঠে এসেছিল। ওদের ম্যাচ টাইম দেওয়া হতো। এখনকার বিদেশি কোচদেরও দেশের স্ট্রাইকারদের সুযোগ দেওয়া উচিত। এভাবে তো চলতে পারে না। আমাদের সময় সুনীলের পাশাপাশি জেজে, বলবন্ত সিং, রবিন সিংরা ছিল। এখন তো ৪১ বছরের সুনীল ছাড়া কাউকেই দেখছি না। ভাল মানের ভারতীয় স্ট্রাইকার তখনই উঠে আসবে যখন তারা ম্যাচ টাইম পাবে।"
খালিদ জামিলের কোচিংয়ে লাল-হলুদ জার্সিতে খেলেছেন অর্ণব। সেই অভিজ্ঞতা স্মরণ করে ভারতীয় দলের বর্তমান হেডস্যার সম্পর্কে অর্ণব বললেন, “খালিদ বরাবরই রক্ষ্মণাত্মক কোচ। ঘর সামলে আক্রমণ করতে ভালবাসেন। আর উনি বরাবরই একরোখা। সারাক্ষণ ডিফেন্স করে গেলে ৭০-৭৫ মিনিট পর থেকে ডিফেন্ডাররা ক্লান্ত হবেই। এখনকার ফুটবলে সব দলই চায় প্রথমেই গোল করে এগিয়ে যেতে। সিঙ্গাপুরের বিরুদ্ধে খালিদকেও সেই পথেই হাঁটতে হবে। ১০-১৫ মিনিটের মধ্যেই ভারত যদি গোল তুলে নিতে পারে, তবে ম্যাচের ফল বদলাবেই।”