অবশেষে ভারতীয় ফুটবলের কোচ নিয়ে চলা জল্পনার পরিসমাপ্তি ঘটল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করল অভিজ্ঞ কোচ খালিদ জামিলকে।

খালিদ জামিল
শেষ আপডেট: 1 August 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভারতীয় ফুটবলের কোচ নিয়ে চলা জল্পনার পরিসমাপ্তি ঘটল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ (Indian Football Team Coach) হিসেবে নিয়োগ করল অভিজ্ঞ কোচ খালিদ জামিলকে (Khalid Jamil)। শুক্রবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করে ফেডারেশন।
মানোলো মার্কেজের বিদায়ের পর থেকেই ফাঁকা ছিল কোচের আসন। কোচ নিয়োগের জন্য আবেদন জানানোর পর তিনজনকে চূড়ান্ত তালিকায় রাখে টেকনিক্যাল কমিটি। অবশেষে ২৮ জুলাই সিদ্ধান্ত হয় যে, ১ আগস্টের আগেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। সেই অনুযায়ী, এ দিন দিল্লিতে টেকনিক্যাল কমিটির বৈঠকে এক্সিকিউটিভ কমিটির উপস্থিতিতে খালিদ জামিলের নামেই সিলমোহর পড়ে।
খালিদের সঙ্গে কোচ পদের দৌড়ে ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়ার স্টেফান তারকোভিচ। তবে অর্থনৈতিক চাপে থাকা ফেডারেশন দেশীয় কোচের দিকেই শেষ পর্যন্ত ঝুঁকে পড়ে। বিদেশি কোচ নিয়োগে বড় অঙ্কের অর্থব্যয় এখন কঠিন।
ভারতীয় ফুটবলে খালিদ জামিল পরিচিত এক নাম। আইজল এফসি-কে আই লিগ জেতানো, আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসিতে কোচ হিসেবে সাফল্য— সব মিলিয়ে তাঁর অভিজ্ঞতা প্রমাণিত। ইস্টবেঙ্গল ও মোহনবাগানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে ভারতীয় খেলোয়াড়দের বেশিরভাগকেই কাছ থেকে চেনেন তিনি, যা তাঁর বড় শক্তি হতে চলেছে।
আগামী সেপ্টেম্বরেই এশিয়ান কাপের বাছাই পর্বে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ভারত। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সেটাই হবে খালিদের প্রথম অ্যাসাইনমেন্ট।