ভারতীয় ফুটবলের প্রতি যাঁরা আগ্রহী তাঁরা জানেন যে, এটি এখন একটি সার্কাস, এবং স্পষ্টতই যদি আপনি একজন জোকারকে সেই অবস্থানে রাখেন তবে এরকমই ঘটবে।

বাইচুং ভুটিয়া
শেষ আপডেট: 21 July 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (AIFF) প্রধান কল্যাণ চৌবের (Kalyan Chaubey) উপর মেন ইন ব্লুজের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। কয়েকদিন আগে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবেকে এককথায় ধুয়ে দিয়েছিলেন। ফের তিনি ফেডারেশনকে একহাত নিলেন।
বাইচুং ভারতীয় ফুটবল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরিচালনায় ফেডারেশনের দিকনির্দেশনা, স্বচ্ছতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবারও একটি সাংবাদিক সম্মেলন করে বাইচুং ভারতীয় ফুটবলের শীর্ষ সংস্থার কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ফেডারেশনকে আরও বেশি জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।
সিকিমের এই প্রাক্তন তারকা ফুটবলারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এআইএফএফ-এর কৌশলগত রোডম্যাপ ভিশন ২০৪৭, যা একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। এই ভিশনের লক্ষ্য ছিল, ভারতকে তার স্বাধীনতার শতবর্ষ পূর্তির মধ্যে এশিয়ার একটি ফুটবল পাওয়ার হাউসে পরিণত করা। তবে বাইচুং বলেছেন, তিনি এই পরিকল্পনার বাস্তবায়ন বা লক্ষ্যের স্পষ্টতা সম্পর্কে পুরোপুরি অনিশ্চিত। জাতীয় দলের প্রাক্তন তারকা বলেন, “আমি মনে করি তিনি (চৌবে) নিজেই জানেন না 'ভিশন ২০৪৭' কী।” প্রাক্তন অধিনায়ক সেই সঙ্গে বলেছেন, ফেডারেশনের নিজস্ব নীলনকশা সম্পর্কে অভ্যন্তরীণ বোধগম্যতা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে।
বাইচুং সাংবাদিক সম্মেলনে বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৩৩তম স্থানে আছি। আমরা সকলেই দেখতে পাচ্ছি, আমরা এশিয়ান কাপ বাছাইপর্বে লড়াই করছি।” তবে এখনও তিনি যোগ্যতা অর্জনের ব্যাপারে আশাবাদী। ভুটিয়া উল্লেখ করেছেন যে, এশিয়ান কাপ ১৬ থেকে ২৪টি দলের সম্প্রসারণের ফলে পথটি সহজ হয়ে গিয়েছে। বাইচুং বলেন, “আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। এখন আর কোনও অজুহাত নেই।”
তিনি ভিশন ২০৪৭-এ থেমে থাকেননি। ভুটিয়া চৌবেকে নেতৃত্বের ক্ষেত্রে অসঙ্গতি এবং ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছেন। বাইচুং বলেন, “এইএফএফ সভাপতি একবার দাবি করেছিলেন যে, ২০২৬ সালের মধ্যে ভারত এশিয়ার শীর্ষ ১০-এর মধ্যে থাকবে। এখন তিনি (চৌবে) বলছেন যে, আমাদের ১০ বছর আগে এর জন্য প্রস্তুত থাকা উচিত ছিল।” বাইচুং অভিযোগ করেন, কল্যাণ চৌবের অবস্থান জবাবদিহিতা ছাড়াই পরিবর্তিত হয়েছে। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, “কল্যাণ চৌবের অধীনে গত তিন বছরে আমাদের মহিলা দলও নীচে নেমে গিয়েছে।”
ভারতীয় ফুটবলের প্রাক্তন স্ট্রাইকার AIFF-এর বর্তমান অবস্থাকে একটি সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। বাইচুং বলেন, “ভারতীয় ফুটবলের প্রতি যাঁরা আগ্রহী তাঁরা জানেন যে, এটি এখন একটি সার্কাস, এবং স্পষ্টতই যদি আপনি একজন জোকারকে সেই অবস্থানে রাখেন তবে এরকমই ঘটবে।”
বাইচুংয়ের বক্তব্যে উঠে এসেছে AIFF এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর মধ্যে মাস্টার রাইটস চুক্তি (MRA) ঘিরে বিতর্ক। এই চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ফেডারেশনের ২০২৫-২৬ প্রতিযোগিতার ক্যালেন্ডারে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) অন্তর্ভুক্ত ছিল না, যার ফলে ভারতের শীর্ষ-স্তরের লিগের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
এআইএফএফ এবং এফএসডিএল-এর মধ্যে কোনও চুক্তি আটকে দেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়িয়েছিল, এর পিছনে রয়েছেন বাইচুং। তবে তিনি এই বিষয়ে পুরোপুরি অস্বীকার করে বলেন, “কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আমি চুক্তিটি বন্ধ করে দিয়েছি... আমি জানতাম না যে আমি এত শক্তিশালী।” তিনি আরও বলেন, “এআইএফএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময়, ফেডারেশন তাদের নিজস্ব কোনও প্রস্তাব উপস্থাপন করতে ব্যর্থ হয়েছিল। তারা জলখাবার খেয়েছে, তাদের প্রস্তাব শুনেছে এবং ফিরে গিয়েছে।”