বলটির একাধিক বিশেষত্ব রয়েছে। এর নকশা তিন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ঐক্যের প্রতিনিধিত্ব করছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বল
শেষ আপডেট: 3 October 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারই ফুটবল বিশ্বকাপ শুরুর কয়েক মাস থেকেই আলোচনা শুরু হয়ে যায় অফিসিয়াল ম্যাচ বল (Official Match Ball) নিয়ে। এর আগে জাবুলানি ও ব্রাজুকা বল নিয়েও অনেক আলোচনা হয়েছে। এবারও ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের (2026 FIFA World Cup) অফিসিয়াল ম্যাচ বল কেমন হবে তা নিয়ে।
২০২৬-এর বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। এই তিন দেশই এবার যৌথ ভাবে আয়োজক ফিফা ওয়ার্ল্ড কাপের। সেই বিশ্বকাপকে সামনে রেখে অ্যাডিডাস প্রকাশ করল টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। ১৯৭০ সাল থেকেই অ্যাডিডাস ফিফা বিশ্বকাপের বল প্রস্তুত করে আসছে।
নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উন্মোচিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’। বলটির একাধিক বিশেষত্ব রয়েছে। এর নকশা তিন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ঐক্যের প্রতিনিধিত্ব করছে।
‘ট্রাইওন্ডা’ শব্দটি এসেছে ‘ট্রাই’ ও ‘ওন্ডা’-এই দুটি শব্দ থেকে। ওন্ডা শব্দের অর্থ হল ‘তরঙ্গ’ আর ট্রাই মানে তিন। এই ধারণাটিই ফুটে উঠেছে বলের অনন্য নকশা ও ডিজাইনে। বলটির নকশায় ব্যবহার করা হয়েছে আয়োজক তিন দেশের প্রতীকী ছোঁয়া। রয়েছে মেক্সিকোর সবুজ রঙ, যুক্তরাষ্ট্রের নীল এবং কানাডার লাল পতাকার রঙ।
বিশ্বকাপ বল উন্মোচনের সময় নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে এক জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী তারকা। এই পাঁচ কিংবদন্তি হলেন- ব্রাজিলের কাফু, ইতালির দেল পিয়েরো, ফ্রান্সের জিনেদিন জিদান, জার্মানির যুরগেন ক্লিন্সম্যান ও স্পেনের জাভি হার্নান্দেজ। তাঁদের পাশাপাশি বিশ্বকাপ বল উন্মোচনে হাজির ছিলেন ফুটবলের যুবরাজ তথা গত বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও বার্সেলোনার কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বল উদ্বোধন অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “ফিফা বিশ্বকাপ ২০২৬–এর অফিসিয়াল ম্যাচ বল হাজির হয়েছে, আর এটি বাস্তবিকই অসাধারণ! আমি গর্বের সঙ্গে ‘ট্রাইওন্ডা’কে সামনে এনেছি। অ্যাডিডাস আবারও বিশ্বকাপের জন্য একটি আইকনিক বল তৈরি করেছে।” সেই সঙ্গে ফিফা সভাপতি বলেন, “এই নকশা আয়োজক দেশগুলির ঐক্য ও আবেগকে ফুটিয়ে তুলেছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বলটি যখন জালে জড়াবে সেই মুহূর্তের জন্য। বিশ্বকাপ শুরু হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।”
অ্যাডিডাস বলটির প্রযুক্তির ব্যবহার নিয়েও জানিয়েছে। তাদের দাবি, চার প্যানেলের বিশেষ এই নকশায় পুরু সেলাই রয়েছে, যার কারণে বাতাসেও স্থিতিশীল থাকবে বলটি। সেই সঙ্গে এতে রয়েছে অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। যা বলের একপাশে থাকা চিপের মাধ্যমে রিয়েল-টাইম তথ্য সরবরাহ করবে ম্যাচ রেফারিদের কাছে। এছাড়া আয়োজক ১৬টি শহরে ভিন্ন ভিন্ন আবহাওয়ার কথা মাথায় রেখে খোদাই করা প্রতীক দেওয়া হয়েছে। যা ভেজা অবস্থায়ও বলের ভাল গ্রিপ নিশ্চিত করবে। পাশাপাশি বলে রয়েছে বিশ্বকাপের লোগো। যা এমনভাবে খোদাই করা হয়েছে, তাতে গোলকিপারদের বল ধরতে কোনও অসুবিধা হবে না।