শনিবার ২৮৬ রানে এগিয়ে থেকে নামবে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে এখনও পাঁচ উইকেট।

ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা
শেষ আপডেট: 3 October 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেই রামও নেই, অযোধ্যাও নেই। ফলে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে এলে যা হওয়ার সেটাই হচ্ছে। ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের দেশের ক্রিকেটের হাল দেখলে সত্যিই কষ্ট হয়। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের (First Test) সবে দুই দিন (Second Day) শেষ হয়েছে। দ্বিতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা তাতে ক্যারিবিয়ানদের হার কেবলমাত্র সময়ের অপেক্ষা। শনিবার ২৮৬ রানে এগিয়ে থেকে নামবে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে এখনও পাঁচ উইকেট। বেশিরভাগই মনে করছেন, তৃতীয় দিনই হয়তো ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। কিন্তু জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের দাপটে মাত্র ১৬২ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও রান পাননি যশস্বী জয়সওয়াল। সাই সুদর্শনও দ্রুত আউট হয়ে যান। প্রথম দিন স্টাম্প ঘোষণার সময় ভারতের রান ছিল দুই উইকেট হারিয়ে ১২১। অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছিলেন শুভমান গিল (১৮) ও রাহুল (৫৩)।
এদিন শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন রাহুল ও অধিনায়ক গিল। দুজনেই অর্ধশতক পূর্ণ করেন দ্রুতই। দিনের প্রথম উইকেটের পতন হয় দলীয় ১৮৮ রানে। ১০০ বলে ৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বলে আউট হয়ে ফিরে যান টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। ১৯৭ বলে ১০০ রান করে ফিরে যান লোকেশ রাহুলও। দলের রান তখন ২১৮।
দলের দুই প্রধান স্তম্ভ ফিরে গেলেও অবশ্য অসুবিধা হয়নি ভারতের। ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে জাঁকিয়ে বসেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। রীতিমতো একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করেন তাঁরা। দুজনের ব্যাট থেকেই এসেছে শতক। ২১০ বলে ১২৫ রান করে জুরেল আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন জাদেজা। টেস্টে ষষ্ঠ শতরান করলেন জাদেজা। ১৬৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ তলোয়ার সেলিব্রেশনে মাতলেন তিনি। তার আগে অবশ্য ধ্রুব জুরেলের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ২০৬ রান। জুরেল যখন আউট হন তখন ভারতের রান ৫ উইকেটে ৪২৪।
জাদেজা এখন পর্যন্ত করেছেন ১৭৬ বলে ১০৪ রান, হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা ও ছটি চার। তাঁর সঙ্গে ৯ রান করে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ভারতের রান পাঁচ উইকেট হারিয়ে ৪৪৮। ২৮৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে টিম ইন্ডিয়া।