তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শতরান হাঁকালেন জুরেল। এর ফলে তাঁর নাম জুড়ে গেল মহেন্দ্র সিং ধোনি এবং ফারুখ ইঞ্জিনিয়ারের।

ধ্রুব জুরেল
শেষ আপডেট: 3 October 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: সবসময় সুযোগ পান না। একমাত্র সুযোগ আসে তখনই, যখন নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থ চোটের কারণে থাকেন না। কিন্তু ধ্রুব জুরেল (Dhruv Jurel) সুযোগ পেলেই বুঝিয়ে দেন, তাঁর ওপরে ভরসা করে কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক। এর আগে যখনই সুযোগ পেয়েছেন দায়িত্বের সঙ্গে পালন করেছেন উইকেরক্ষকের কর্তব্য। সেই সঙ্গে তাঁর ব্যাটও দলকে বারবার ভরসা জুগিয়েছে। এদিনও ঠিক তেমনটাই হল।
আমদাবাদে চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে সিরিজের প্রথম ম্যাচ (India vs West Indies, First Test)। চলতি টেস্টের প্রথম দিন ধ্রুব জুরেলের বিশ্বস্ত হাত নিয়েছিল চারটি ক্যাচ। আর দ্বিতীয় দিন হাঁকালেন দুরন্ত শতক। জুরেলের কেরিয়ারে টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিটি এল ১৯০ বলে। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন তিনি। আর শতক হাঁকিয়েই করলেন স্যালুট। যা দেখে মনে হল তিনি হয়তো ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধার্ঘ জানালেন।
এদিন শতক হাঁকিয়ে দুই কিংবদন্তি ক্রিকেটারকে ছুঁলেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শতরান হাঁকালেন জুরেল। এর ফলে তাঁর নাম জুড়ে গেলমহেন্দ্র সিং ধোনি এবং ফারুখ ইঞ্জিনিয়ারের (MS Dhoni, Farokh Engineer) মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে। টিম ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এমএসডি ২০১১ সালে ইডেন গার্ডেন্সে ১৪৪ রান করেছিলেন। আর ফারুখ ইঞ্জিনিয়রের শতক এসেছিল ১৯৬৭ সালে, চেন্নাই টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি সেই টেস্টে করেছিলেন ১০৯ রান।