কোনিয়ায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন অপ্রতিরোধ্য। ধরা দিল সংহার মূর্তিতে। ম্যাচ শুরুর ছ’মিনিটেই গোল বার্সেলোনার (Barcelona) পেদ্রি গনসালেসের।

স্পেন টিম
শেষ আপডেট: 8 September 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ বাছাইপর্বে (World Cup Qualifiers) রোববার ইউরোপের বিভিন্ন ময়দানে আলাদা আলাদা ছবি ফুটে উঠল। একদিকে তুরস্ককে হেলায় ছ’গোলে উড়িয়ে দিল স্পেন (Spain)। কোলোনে (Cologne) হাঁফাতে হাঁফাতে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াল জার্মানি (Germany)। আর লিথুয়ানিয়ার (Lithuania) মাঠে ইতিহাসের সাক্ষী নেদারল্যান্ডস। নায়ক মেমফিস ডিপাই (Memphis Depay)।
কোনিয়ায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন অপ্রতিরোধ্য। ধরা দিল সংহার মূর্তিতে। ম্যাচ শুরুর ছ’মিনিটেই গোল বার্সেলোনার (Barcelona) পেদ্রি গনসালেসের (Pedri Gonzalez)। তারপর পুরো মঞ্চ নিজের করে নিলেন আর্সেনালের (Arsenal) মিকেল মেরিনো (Mikel Merino)। কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক—তিনটে গোল তিনরকম স্টাইলে! একবার দুর্দান্ত টিম মুভের শেষে নিখুঁত ফিনিশ, দু’নম্বর গোল এল পেদ্রির পাস থেকে ঠান্ডা মাথায়, আর শেষে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে। মধ্যে ফেরান তোরেস (Ferran Torres) গোল করলেন। শেষদিকে আবারও স্কোরশিটে নাম লিখলেন পেদ্রি। ৬-০ জয়ের পর মেরিনো উচ্ছ্বসিত। বললেন, ‘এভাবে জেতার আনন্দ আলাদা। তিনটে গোল তো সাধারণ কিছু নয়, কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক এটা!’
খুশির আবহেও চিন্তা বাড়িয়েছে নিকো উইলিয়ামসের (Nico Williams) উরুর চোট। যদিও এই জয়ের সুবাদে স্পেন গ্রুপ ই-তে টানা দুই ম্যাচ জিতে ছ’পয়েন্ট নিয়ে সবার উপরে।
অন্যদিকে কোলোনে বিস্তর ঘাম ঝরাল জার্মানি। স্লোভাকিয়ার (Slovakia) কাছে ০-২ হেরে জার্নির শুরু। উত্তর আয়ারল্যান্ডের (Northern Ireland) বিরুদ্ধে ম্যাচের শুরুতেও ছবিটা বদলাল না—সের্গে গানাবরির (Serge Gnabry) গোলে লিড। কিন্তু বিরতির আগেই সমতা ফেরালেন ওয়েস্ট ব্রমউইচের (West Bromwich Albion) আইজাক প্রাইস (Isaac Price)। গ্যালারি তখন রাগে, বিরক্তিতে ফুঁসছে।
সেই রোষ প্রশমনে এগিয়ে আসেন নাদিয়েম আমিরি (Nadiem Amiri)। ৬৯ মিনিটের মাথায় ডেভিড রাউমের (David Raum) ক্রস থেকে গোল করে স্বস্তি ফেরান। আর শেষে জয় নিশ্চিত করেন লিভারপুলের (Liverpool) ফ্লোরিয়ান ভির্টজ (Florian Wirtz)। দুর্দান্ত ফ্রি-কিক, তিন পয়েন্ট পাকা। ম্যাচ শেষে ভির্টজের স্বীকারোক্তি, ‘গত ম্যাচটা বিপর্যয় ছিল। আজ অনেকটা ভালো খেলেছি, এখান থেকে সামনে এগোনো সম্ভব!’
এই মুহূর্তে গ্রুপ এ-তে স্লোভাকিয়া ছ’পয়েন্ট নিয়ে শীর্ষে। জার্মানি আর নর্দার্ন আয়ারল্যান্ডের ঝুলিতে তিন পয়েন্ট।
অন্যদিকে লিথুয়ানিয়ার কৌনাসে (Kaunas) নেদারল্যান্ডসের (Netherlands) জয় হল ডিপাইয়ের কাঁধে ভর করে। করিন্থিয়ান্সের (Corinthians) ফরোয়ার্ড দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তকমাও হাসিল করলেন। রবিবার দুটি গোল করে তিনি পৌঁছলেন ৫২-তে। রবিন ভ্যান পার্সিকে (Robin van Persie) পিছনে ফেললেন। প্রথমে কোডি গাকপোর (Cody Gakpo) পাস, পরে ডেনজেল ডামফ্রিসের (Denzel Dumfries) ক্রস থেকে হেডে জয়সূচক গোল। খেলার মাঝপথে লিথুয়ানিয়ার গিভিদাস গিনেইতিস (Gvidas Gineitis) আর এডভিনাস গিরদভাইনিস (Edvinas Girdvainis) সমতা ফেরালেও শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিলেন ডিপাই।
চার ম্যাচ শেষে নেদারল্যান্ডসের ১০ পয়েন্ট, গোল পার্থক্যে এগিয়ে থাকায় পোল্যান্ডের (Poland) উপরে।
গ্রুপ জে-তে ব্রাসেলসের (Brussels) মাটিতে আবারও ঝড় তুলল বেলজিয়াম (Belgium)। কাজাখস্তানকে (Kazakhstan) উড়িয়ে দিল ৬-০ গোলে। কেভিন ডি ব্রুইনের (Kevin De Bruyne) দুটি গোল, ম্যানচেস্টার সিটির (Manchester City) জেরেমি ডোকুর (Jeremy Doku) দুটি, সঙ্গে নিকোলাস রাস্কিন (Nicolas Raskin) ও টমাস মেউনিয়েরের (Thomas Meunier) মিলিত দাপটে চুরমার কাজাখ বাহিনী। একই গ্রুপে নর্থ মেসিডোনিয়া (North Macedonia) ৫-০ ব্যবধানে হারাল লিচেনস্টাইনকে (Liechtenstein)। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। বেলজিয়াম এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছিয়ে।