শুক্রবার এক বিবৃতি দিয়ে সন্দেশের সফল অস্ত্রোপচারের খবর জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পাশাপাশি ফেডারেশন জানিয়েছে, সন্দেশকে দ্রুত সুস্থ করে তোলার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে

সন্দেশ ঝিঙ্গান
শেষ আপডেট: 5 September 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: মেন ইন ব্লুজের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) গালের অস্ত্রোপচার (Undergoes Surgery For Cheekbone Fracture) সফলভাবেই গোয়ায় সম্পন্ন হয়েছে। কাফা কাপের গ্রুপ পর্বে ইরানের বিরুদ্ধ ম্যাচে গালে চোট পেয়েছিলেন সন্দেশ। সেই অবস্থাতেই পুরো ম্যাচ খেলেন তিনি। পরে দেখা যায় তাঁর গালের হাড় ভেঙে গিয়েছে। এরপরই তাঁক দেশে পাঠানো হয় চিকিৎসার জন্য।
শুক্রবার এক বিবৃতি দিয়ে সন্দেশের সফল অস্ত্রোপচারের খবর জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। পাশাপাশি ফেডারেশন জানিয়েছে, সন্দেশকে দ্রুত সুস্থ করে তোলার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এফসি গোয়ার সিইও রবি পুষ্করও জানিয়েছেন, বৃহস্পতিবার সন্দেশের সফল অস্ত্রোপচার হয়েছে।
এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, সন্দেশের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা এবং সবরকমের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে ফেডারেশন ও এফসি গোয়া। ফেডারেশন বলেছে, “সন্দেশের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় তাঁর গালের হাড় ভেঙেছিল। তিনি এখন গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রয়েছেন। তাঁর সুস্থতার প্রতি সবরকম নজর রাখা হচ্ছে।”
🚨 Statement on Sandesh Jhingan 🔊#IndianFootball pic.twitter.com/t3iQQxqPiM
— Indian Football Team (@IndianFootball) September 5, 2025
এআইএফএফ বিবৃতিতে আরও বলেছে, “জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় কোনও ফুটবলার চোট পেলে সবসময় এআইএফএফ তাঁর পাশে দাঁড়ায়। সন্দেশকে সবরকম সাহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে এফসি গোয়ার সঙ্গে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জারি থাকবে। সাহায্য করার জন্য এফসি গোয়াকে ধন্যবাদ।”
কাফা নেশনস কাপে দু’টি ম্যাচ খেলেছেন সন্দেশ। প্রথম ম্যাচে রক্ষণ সামলানোর পাশাপাশি একটি গোলও করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে ভারতের ডিফেন্সকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে প্রথমার্ধ গোল শূন্য রাখেন তিনি। যদিও ম্যাচটি ০-৩ গোলে হেরে গিয়েছিল ভারত। যার মধ্যে ইরান শেষ দুই গোল করেছিল ম্যাচের একদম শেষ লগ্নে। সেই ম্যাচেই বল ক্লিয়ার করতে গিয়ে গালে চোট পান সন্দেশ। তারপরও অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন।
ম্যাচ শেষে সন্দেশকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে স্ক্যান করার পর দেখা যায়, তাঁর গালের হাড় ভেঙে গিয়েছে। এরপর তাঁকে দ্রুত দেশে ফেরত পাঠানো হয় পরবর্তী চিকিৎসার জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও খেলতে পারেননি সন্দেশ। এবার কাফা কাপের তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে সন্দেশকে ছাড়াই খেলতে হবে ভারতকে।