অ্যানফিল্ডে এক যুগের কাছাকাছি সময় কাটানোর পর এই বিদায় শুধু একটা চুক্তির শেষ নয়—স্বর্ণযুগের সমাপ্তি।

মহম্মদ সালাহ
শেষ আপডেট: 25 March 2026 10:19
দ্য ওয়াল ব্যুরো: খবরটা নিজেই সামনে আনলেন। যাতে ভক্তরা ঘুরপথে নয়, সরাসরি তাঁর মুখ থেকেই শুনতে পান, তার জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন। মহম্মদ সালাহ (Mohamed Salah) জানিয়ে দিলেন—চলতি সিজন শেষেই লিভারপুল (Liverpool FC) ছেড়ে যাচ্ছেন (Salah to Leave Liverpool)। ক্লাবও কথাটা সরকারিভাবে নিশ্চিত করেছে। যার সূত্রে এবার আর সম্ভাবনা নয়, সত্যি সত্যিই ন’বছরের এক অসাধারণ অধ্যায়ের পরিসমাপ্তি (Salah to Leave Liverpool) হতে চলেছে। মিশরীয় তারকার কথায়, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিন এসে গিয়েছে। এটা আমার বিদায়ের প্রথম পর্ব। মরশুম শেষে লিভারপুল ছাড়ব!’
বর্ণময় রেকর্ড
২০১৭ সালে এএস রোমা (AS Roma) থেকে প্রায় ৪,২০০ কোটি টাকায় লিভারপুলে এসেছিলেন সালাহ। তখন কেউ ভাবেননি এই আনকোরা ফরোয়ার্ড একদিন ক্লাবের ইতিহাসের অংশ হয়ে উঠবেন (Salah to Leave Liverpool)! কিন্তু বাস্তবে সেটাই হল। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল। লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয়। উপরে শুধু রজার হান্ট (Roger Hunt, ২৮৫ গোল) আর ইয়ান রাশ (Ian Rush, ৩৪৬ গোল)।
ব্যক্তিগত পুরস্কারের তালিকাও বেশ লম্বা। প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট (Premier League Golden Boot) চারবার—২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২১-২২ ও ২০২৪-২৫ সিজনে। এই নজির আগে ছিল আর্সেনালের থিয়েরি অঁরির (Thierry Henry) দখলে। সালাহ সেটা ছুঁয়ে ফেলেছেন।
পাশাপাশি দলগত সাফল্যও ঈর্ষণীয়। লিভারপুলের হয়ে জিতেছেন আটটি বড় শিরোপা—দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ (Champions League) ও এফএ কাপ (FA Cup), দুটি লিগ কাপ, একটি ক্লাব বিশ্বকাপ ও একটি উয়েফা সুপার কাপ। প্রথম সিজনই তো নজরকাড়া! সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে একক মরসুমের সেরা পারফরম্যান্সগুলোর অন্যতম।
বিদায়বেলায় কী বললেন?
বিদায়ী বার্তায় আবেগ ধরে রাখতে পারেননি সালাহ। বললেন, ‘এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো যে আমার জীবনের এত গভীরে ঢুকে যাবে—কখনও ভাবিনি। লিভারপুল শুধু একটা ফুটবল ক্লাব নয়। এটা আবেগ, ইতিহাস, একটা চেতনা!’ যোগ করলেন, ‘আমরা জিতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিগুলো ঘরে এনেছি। জীবনের কঠিনতম সময়ে একসঙ্গে লড়েছি!’
পরের গন্তব্য?
৩৩ বছর বয়সেও বিশ্বের অন্যতম চেনা মুখ সালাহ। পরের ক্লাব কোনটা, এখনও জানা যায়নি। লিভারপুলেও তাঁর বদলি কে হবেন, সে নিয়েও ক্লাব কিছু বলেনি। যে-ই আসুন না কেন, সালাহর আসন পূর্ণ করা কারও পক্ষেই সহজ নয়। অ্যানফিল্ডে (Anfield) এক যুগের কাছাকাছি সময় কাটানোর পর এই বিদায় শুধু একটা চুক্তির শেষ নয়—স্বর্ণযুগের সমাপ্তি।