শেষমেশ জল্পনাই সত্যি হল। স্ট্যামফোর্ড ব্রিজে এনজো মারেসকার অধ্যায় আপাতত শেষ।
.jpeg.webp)
এনজো মারেসকা
শেষ আপডেট: 1 January 2026 17:54
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ জল্পনাই সত্যি হল। স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) এনজো মারেসকার (Enzo Maresca) অধ্যায় আপাতত শেষ। গত ২৪–৪৮ ঘণ্টার টানাপোড়েনের পর চেলসির (Chelsea) সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ায় ইতালিয়ান কোচকে বিদায় জানানো হয়েছে বলে সূত্রের খবর। আনুষ্ঠানিক বিবৃতি এখনও বাকি, কিন্তু ক্লাব ইতিমধ্যেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
মারেসকার বিদায় আকস্মিক হলেও পুরোপুরি অপ্রত্যাশিত নয়। প্রিমিয়ার লিগে (Premier League) সাম্প্রতিক হতাশাজনক ফল এবং ক্লাবের শীর্ষকর্তাদের সঙ্গে মতানৈক্য ধীরে ধীরে পরিস্থিতি জটিল করে তুলেছিল। লিডস ইউনাইটেডের (Leeds United) বিরুদ্ধে ৩–১ হারের পর মারেসকার মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় অস্বস্তির ছবি। তিনি জানিয়ে দেন, গত ৪৮ ঘণ্টাই ছিল চেলসিতে তাঁর সময়ের সবচেয়ে কঠিন অধ্যায়—‘অনেকেই আমাদের সমর্থন করেননি!’
এরপর বোর্নমাউথের (Bournemouth) বিরুদ্ধে ড্র, ম্যাচের পর মারেসকার সাংবাদিক সম্মেলনে না আসা আরও হয়ে ওঠে ইঙ্গিতপূর্ণ। সেদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন সহকারী উইলি কাবালেরো (Willy Caballero)। তাঁর বক্তব্য ছিল, কোচ শারীরিকভাবে অসুস্থ। কিন্তু ক্লাবের অন্দরমহলে তখন অন্য ছবি।
১৮ মাসের মেয়াদে মারেসকা চেলসিকে ইউরোপা কনফারেন্স লিগ (Europa Conference League) এবং ক্লাব বিশ্বকাপ (Club World Cup) জিতিয়েছেন। তবু চলতি মরশুমে সাত ম্যাচে মাত্র এক জয়ের পর চাপ বাড়ছিল ক্রমেই। শেষ পর্যন্ত সেই চাপই কাল হল।
পরবর্তী কোচ কে?
সবচেয়ে বেশি আলোচনায় লিয়াম রোজেনিয়র (Liam Rosenior)। ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের (Strasbourg) বর্তমান কোচ, যিনি প্রথম মরশুমেই দলকে সাত নম্বর স্থানে শেষ করিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রাসবুর্গও টড বোয়েলি (Todd Boehly) ও ক্লিয়ারলেক ক্যাপিটালের (Clearlake Capital) ব্লুকো (BlueCo) গোষ্ঠীর মালিকানাধীন—যা রোজেনিয়রের সম্ভাবনাকে আরও জোরালো করছে।
তালিকায় রয়েছেন আন্দোনি ইরাওলা (Andoni Iraola)–বোর্নমাউথের বর্তমান কোচ, যাঁর কাজ ইতিমধ্যে নজর কেড়েছে। প্রাক্তন চেলসি মিডফিল্ডার সেস ফাব্রেগাস (Cesc Fàbregas)–এখন ইতালির কোমোর (Como) কোচ, তিনিও আলোচনায়। তবে বুকিদের হিসাবে এগিয়ে প্রাক্তন বার্সেলোনা কোচ জাভি (Xavi)। পাশাপাশি ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) অলিভার গ্লাসনার (Oliver Glasner)–এফএ কাপ জয়ের অভিজ্ঞতা তাঁকেও দৌড়ে রাখছে।