Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

‘বিস্ত’ গায়ে রোনাল্ডো, বিশ্বকাপ জিতে পরেছিলেন মেসিও! কেন এই পোশাক আরব-ঐতিহ্যের প্রতীক?

যখন একজন গ্লোবাল আইকন বিস্ত পরে দর্শকদের দরবারে নিজের ‘অন্তর্ভুক্তি’ ও ‘আনুগত্য’ ঘোষণা করেন, তখন সেটা হয়ে ওঠে ক্রীড়া-রাজনীতি-সংস্কৃতির এক অমোঘ মুহূর্ত।

‘বিস্ত’ গায়ে রোনাল্ডো, বিশ্বকাপ জিতে পরেছিলেন মেসিও! কেন এই পোশাক আরব-ঐতিহ্যের প্রতীক?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 February 2026 18:22

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তাঁর দল বদল, লিগ ছাড়া নিয়ে বিস্তর গুঞ্জন উঠেছিল৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি আল নাসেরের খেলোয়াড় কেনাবেচা, টিম পরিচালনার নীতি নিয়ে সন্তুষ্ট নন৷ তাই ক্লাব ছাড়তে চান! চর্চার ইন্ধন অবশ্য নিজেই জুগিয়েছিলেন পর্তুগিজ তারকা। প্রকাশ্যে বিদ্রোহ ডেকে বয়কট। মাঠে নামেননি কয়েকটি ম্যাচ। যে কারণে আগুনে ঘৃতাহুতি৷ ‘অনুমান’ হয়ে ওঠে ‘জোরালো সম্ভাবনা’!

আপাতত বরফ গলেছে৷ ক্লাবের হয়ে খেলতে নামছেন রোনাল্ডো৷ বাহুতে জড়িয়েছেন আর্মব্যান্ড৷ তুলে নিয়েছেন দায়িত্ব৷ নেতৃত্বের পাশাপাশি পারফরম্যান্সে এর ছাপ স্পষ্ট৷ প্রমাণ মিলল শনিবার। ৪-০ গোলে আল হাজেমকে উড়িয়ে দল শুধু সৌদি প্রো লিগের শীর্ষেই উঠল না। নিজে বল জালে জড়িয়ে গড়লেন রেকর্ডও! ৪১ বছর বয়সে ৫০০-তম কেরিয়ার গোল। তিরিশ পেরনো ফুটবলারদের মধ্যে প্রথম। যা বুঝিয়ে দিচ্ছে, বয়স বাড়লেও খিদে, জেদ আর মনঃসংযোগ এখনও আগের মতোই রয়েছে। একবিন্দু কমেনি৷

গোলের পর দর্শকদের দিকে তাকিয়ে নিজের আনুগত্য ও দায়বদ্ধতাও মেলে ধরেছেন রোনাল্ডো। আরব সংস্কৃতির অন্যতম প্রতীক ‘বিস্ত' গায়ে জড়িয়ে বলে উঠেছেন, ‘আমি আরবেরই একজন!' এই মন্তব্য যতটা না আলোচনায়, তার চেয়েও বেশি নজর কেড়েছে সাদা-সোনালি রঙের দীর্ঘ গাউন বা আলখাল্লা সদৃশ এই বিশেষ পোশাক, ‘বিস্ত’।

আরব ঐতিহ্যের প্রতীক

‘বিস্ত’ (Bisht) আরবদুনিয়ার এক প্রাচীন পোশাক। বিভিন্ন অঞ্চলে একে ‘মিশলাহ’ (mishlaḥ) বা ‘আবা’ (ʿabāʾ) বলা হয়ে থাকে। ভাষাবিজ্ঞানে, ‘বিস্তে’র শব্দমূল আক্কাদীয় ‘বিস্তু’—অর্থ: মর্যাদা বা মহিমা। অর্থাৎ, পোশাকটি নিজেই সম্মান ও গৌরবের প্রতীক। হাজার বছরের ইতিহাসও এর সঙ্গে জড়িয়ে। সাধারণ কোনও দৈনন্দিন পরিচ্ছদ নয়। বরং, বিশেষ সম্মান, মর্যাদা ও আনুষ্ঠানিকতার প্রতীক। যেমন পশ্চিমী দুনিয়ায় কালো টাই বা টাক্সেডো (tuxedo) বিশেষ অনুষ্ঠানের চিহ্ন, তেমনই আরব সমাজে বিস্ত হল মর্যাদার আলখাল্লা। রাজা, শেখ, ইমাম, গোত্রপ্রধান—উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ উপলক্ষে গায়ে চড়ান। বিয়ে, ঈদ, জুমার নামাজ বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যবহার বেশি। তাই রোনাল্ডোর গায়ে বিস্ত জড়িয়ে ছবি তোলা নিছক ফ্যাশন নয়, ভেতরে রয়েছে প্রচ্ছন্ন সাংস্কৃতিক বার্তা।

সম্মান ও স্বীকৃতির পোশাক

আরব সমাজে কাউকে বিস্ত পরানোর অর্থ বিশেষ সম্মান প্রদান। যে ঐতিহ্য এর আগে বিশ্বমঞ্চেও দেখা গিয়েছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি (Tamim bin Hamad Al Thani) ট্রফি উত্তোলনের আগে আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) গায়ে বিস্ত জড়িয়ে দেন। তাই নিয়ে অবশ্য অনেক বিতর্ক হয়েছিল।

রোনাল্ডোর ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তিনি শনিবার শুধু গোল করেননি; গোলের পর দর্শকদের সামনে দাঁড়িয়ে ‘বিস্ত’ গায়ে বলেছেন, ‘আমি এখানেই থাকতে চাই।’ এই বক্তব্য কেবল ক্রীড়াঙ্গনে দাঁড়ানো মহাতারকার বার্তা নয়, সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যও বহন করছে।

বিস্তের রঙের ভাষা

বিস্ত তৈরি হয় উটের লোম বা ছাগলের উলের সূক্ষ্ম সুতো দিয়ে। গ্রীষ্মের জন্য তৈরি পোশাক হালকা ও বাতাস চলাচলযোগ্য। শীতের বিস্ত অপেক্ষাকৃত ভারী। তবে ওজন নয়, সবচেয়ে বেশি নজর টানে এর ‘জারি’ বা সোনালি-রুপালি সূচিশিল্প, গলার ধারে ও কিনারায় সূক্ষ্ম কারুকাজ। অনেক সময় খাঁটি সোনার সুতো ব্যবহার করা হয়। যেমন ব্যায়বহুল, তেমনই সময়সাপেক্ষ একে তৈরি করা। পাকা হাতের শিল্পীরও বিস্ত বানাতে প্রায় ১০০-১২০ ঘণ্টা লাগে!

বর্ণবহুল না হলেও এতে ব্যবহৃত রঙের আলাদা তাৎপর্য রয়েছে। কালো, বাদামি, সাদা—সমধিক প্রচলিত। বিশেষ দিনে বিশেষ রঙের বিস্ত পরারও অলিখিত বিধান মেনে চলা হয়। শনিবার রোনাল্ডোর গায়ে ছিল সাদা-সোনালি বিস্ত। যা ‘উৎসবমুখরতা’ ও ‘আনুষ্ঠানিকতা’র প্রতীক।

বিশ্বায়নের মঞ্চে বিস্ত

আজকের দিনে বিস্ত শুধু আরবদুনিয়ায় সীমাবদ্ধ নয়। ইউনেসকো (UNESCO) ২০২৪-২৫ সালে একে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যার অর্থ, এই পোশাক নিছক ‘পোশাক’ নয়—জীবন্ত ঐতিহ্য। সৌদি প্রো লিগে (Saudi Pro League) বিদেশি তারকার আগমন যেমন ফুটবলকে বিশ্বায়িত করেছে, তেমনই এই ধরনের সাংস্কৃতিক মুহূর্ত সেই বিশ্বায়নকে অন্য মাত্রা এনে দেয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ৫০০ গোলের মাইলফলক নিঃসন্দেহে ঐতিহাসিক। কিন্তু সেই রেকর্ডের রাতকে আরও অর্থবহ করে তুলেছে এই পোশাক। গোলের পর উদযাপন তো ছিলই—ভাইকিং ক্ল্যাপ, দর্শকদের উল্লাস। কিন্তু যখন একজন গ্লোবাল আইকন বিস্ত পরে দর্শকদের দরবারে নিজের ‘অন্তর্ভুক্তি’ ও ‘আনুগত্য’ ঘোষণা করেন, তখন সেটা হয়ে ওঠে ক্রীড়া-রাজনীতি-সংস্কৃতির এক অমোঘ মুহূর্ত।


```