Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শার্টলেস ছবিতে স্মার্টনেসের নয়া সংজ্ঞা! কীভাবে মাত্র ৭ শতাংশ বডি ফ্যাট ধরে রাখেন রোনাল্ডো?

শার্টলেস ছবি শুধু পেশিবহুল শরীরের প্রদর্শন নয়। এ এক জীবনদর্শনের ঘোষণা! যেখানে বয়স সংখ্যা মাত্র, শৃঙ্খলা শেষ কথা। 

শার্টলেস ছবিতে স্মার্টনেসের নয়া সংজ্ঞা! কীভাবে মাত্র ৭ শতাংশ বডি ফ্যাট ধরে রাখেন রোনাল্ডো?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 December 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: বয়স চল্লিশ। ফুটবলের দুনিয়ায় এই বয়সে যেখানে অধিকাংশ তারকা অবসর, বিশ্রাম আর ‘লিগ্যাসি’-র গল্পে বুঁদ, সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) অতীত-মন্থন ভুলে ফের একবার আলোচনার কেন্দ্রে। সৌজন্যে ‘সনা সেশন’ শেষে তোলা একটি ছবি। যেখানে শার্টহীন রোনাল্ডোর শরীর হার মানিয়েছে সময়কে। ইস্পাতকঠিন, ঋজু, টানটান, সুঠাম দেহের প্রতিটি বিভঙ্গ নিয়ে কাটাছেঁড়া আর উন্মাদনার পাকেচক্রে সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য—রোনাল্ডোর বডি ফ্যাট (Cristiano Ronaldo Routine) নাকি মাত্র ৭ শতাংশ! খাবি খেতে খেতে সোশ্যাল মিডিয়ায় সমস্বরে গুঞ্জরিত একটাই প্রশ্ন: কীভাবে?

একচিলতে বডি ফ্যাটের আসল রহস্য

বিশেষজ্ঞদের মতে, পেশাদার ফুটবলারদের গড় বডি ফ্যাট সাধারণত ৮ থেকে ১২ শতাংশের মধ্যে থাকে। সেখানে চল্লিশ বছর বয়সে ৭ শতাংশ ধরে রাখা প্রায় অবিশ্বাস্য। কিন্তু রোনাল্ডোর (Cristiano Ronaldo Body Fat) ক্ষেত্রে এই ‘অসম্ভব’-টাই দস্তুর!

আসলে পর্তুগিজ ফুটবল তারকার শরীরচর্চার মূল চাবিকাঠি—চরম আত্মনিয়ন্ত্রণ। টিমের সঙ্গে যৌথ অনুশীলনের বাইরেও প্রতিদিন আলাদা করে তিন থেকে চার ঘণ্টা ব্যক্তিগত ট্রেনিং বরাদ্দ। সপ্তাহে পাঁচ দিনের বেশি জিমে যাওয়া তাঁর রোজকার রুটিন (Cristiano Ronaldo Body Fat)। এর মধ্যে থাকে হাই-ইনটেনসিটি স্প্রিন্ট, নির্দিষ্ট ওয়েট ট্রেনিং, কার্ডিও, পিলাটিস ও সুইমিং। প্রতিটি সেশনে অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট কার্ডিও বাধ্যতামূলক।

এর পাশাপাশি রিকভারি। সনা আর আইস বাথ নিত্যসঙ্গী। জানা যায়, রাত দু’টোতেও রোনাল্ডো আইস বাথ নিতে পিছপা হন না। এমনকি ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) ফেরার সময় নিজের বাড়িতে প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের একটি ক্রায়োথেরাপি চেম্বার বসিয়েছিলেন তিনি—যার তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি!

ডায়েট ও ঘুম: কঠোর শৃঙ্খলার আরেক অধ্যায়

রোনাল্ডোর ডায়েটও কম চমকপ্রদ নয়। দিনে তিন বেলার বদলে ছ’টি ‘মিনি মিল’। হাই প্রোটিন, কম ফ্যাট—এই সূত্র মেনেই সব খাবার। নিজেই জানিয়েছেন, চিকেন তাঁর কাছে ‘ম্যাজিকাল ফুড’। মাছ, অ্যাভোকাডো, স্যালাড, কুইনোয়ার মতো হোল গ্রেন আর টাটকা ফল প্রতিদিনের মেনুতে থাকে। চিনি রয়েছে—এমন কোনও পানীয় নৈব নৈব চ! পর্তুগিজ সতীর্থদের দাবি, তাঁর প্রিয় খাবার ‘বাকালাউ আ ব্রাস’—কড মাছ, আলু আর ডিম দিয়ে বানানো ঐতিহ্যবাহী পর্তুগিজ পদ।

ঘুমের ক্ষেত্রেও রোনাল্ডো ব্যতিক্রমী। দিনে মোট সাত ঘণ্টা তিরিশ মিনিট ঘুম, কিন্তু একটানা নয়। ‘পলিফেজিক স্লিপ’—পাঁচটি ৯০ মিনিটের ভাগে ঘুম। এই পদ্ধতি তিনি শিখেছিলেন রিয়াল মাদ্রিদে (Real Madrid) খেলার সময়, এক বিশেষজ্ঞের কাছে।

ভাইরাল ছবি ও দুনিয়াজুড়ে প্রতিক্রিয়া

এই কঠোর রুটিনের ফলই ধরা পড়েছে চর্চিত ছবিতে। নিজের সিআর৭ ব্র্যান্ডের আন্ডারওয়্যার আর স্লিপার পরে দাঁড়িয়ে থাকা রোনাল্ডোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রতিক্রিয়া এসেছে নানা মহল থেকে। টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk) পর্যন্ত মন্তব্য করেছেন—‘এবার আমাকেও বোধহয় জিমে নামতে হবে।’ একাধিক ফুটবলার লিখেছেন—‘নট হিউম্যান’, ‘অসম্ভবকে সম্ভব করা মানুষ’।

এখানেই রোনাল্ডোর প্রভাব। শুধু মাঠের পারফরম্যান্স নয়, শরীর, শৃঙ্খলা আর মানসিকতার দিক থেকেও হয়ে উঠেছেন জীবন্ত বেঞ্চমার্ক!

ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ আর শেষ লক্ষ্য

২০২৫ সাল রোনাল্ডোর ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের (Georgina Rodriguez) সঙ্গে বাগদান সেরেছেন। পাঁচ সন্তানের বাবা হয়েও নিজের রুটিনে কোনও আলগা ভাব নেই। কিছুদিন আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে (Piers Morgan) দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো স্বীকার করেছেন—অবসরের আগে তাঁর হাতে হয়তো আর এক থেকে দু’বছর। সেই সময়টুকুও তিনি ব্যবহার করতে চান নিখুঁত প্রস্তুতি দিয়ে। লক্ষ্য একটাই—পেশাদার কেরিয়ারে হাজার গোলের মাইলফলক।

এই নজরে দেখলে, শার্টলেস ছবি শুধু পেশিবহুল শরীরের প্রদর্শন নয়। এ এক জীবনদর্শনের ঘোষণা! যেখানে বয়স সংখ্যা মাত্র, শৃঙ্খলা শেষ কথা। চল্লিশে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার মনে করিয়ে দিলেন—চরম পরিশ্রম আর নিয়ন্ত্রণ থাকলে সময়কেও হার মানানো সম্ভব!


```