এই বৈরিতায় অর্থনীতির পায়ের ছাপও স্পষ্ট। স্কাই–স্পোর্টসের প্যাকেজিং, ‘সুপার সানডে’, আন্তর্জাতিক টাইম–স্লটে ইউনাইটেড–আর্সেনালকে দেওয়া হত স্পটলাইট। ভিউয়ারশিপ ওঠানামা করত টাইটেল–রেসের পাল্লায়।

ম্যাঞ্চেস্টার বনাম আর্সেনাল
শেষ আপডেট: 17 August 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডে ডার্বির ইতিহাস সুমহান, সুদীর্ঘ। উত্তর লন্ডনে রক্ত গরম হয়। মার্সিসাইডে থাবা বসায় পুরনো বৈরিতা। ম্যাঞ্চেস্টারে ক্ষমতার পালাবদল। তবু এত রঙ্গ, এত বর্ণের ভিড়ে ‘ইউনাইটেড বনাম আর্সেনালে’র আবেদন আলাদা। তার প্রধান কারণ: এ লড়াই ভৌগোলিক দখলদারির নয়, চিরন্তন আধিপত্যের। কবে, কীভাবে বদলে গেল ব্রিটিশ ফুটবলের নকশা? জানতে গেলে কয়েক দশক পেছনে ফিরতে হবে।
প্রিমিয়ার লিগের জন্ম ১৯৯২ সালে। দর্শকের চোখ, ক্যামেরার ভাষা, সম্প্রচারের বাজার—সব এক ঝটকায় পালটে গেল। এই নতুন মঞ্চে সূত্রধরের ভূমিকায় প্রবেশ করলেন দু’জন: ম্যাঞ্চেস্টারে স্যার অ্যালেক্স ফার্গুসন, আর্সেনালে আর্সেন ওয়েঙ্গার। একজন স্কটিশ, সাম্রাজ্যের স্থপতি। অন্যজন ফরাসি, ঠিক যেন শিল্পবিপ্লবের দূত। মাঠ দাপাল দু’তরফের এগারো জন। কিন্তু আড়ালে বিন্যাস বদলে দিলেন দুই কিংবদন্তি। যে কারণে ১৯৯৬–২০০৪—টানা ন’টি মরশুমের লিগ শিরোপা ভাগ হল কেবল এই দুই ঠিকানায়। এ রকম একচেটিয়া দাদাগিরি ইংলিশ ফুটবলে বিরল। আর সেখান থেকেই জন্ম নিল ইউনাইটেড–আর্সেনাল দ্বন্দ্বের ভিত্তি: কে শাসন করবে ইংল্যান্ড! কে একে অন্যকে ছাপিয়ে যাবে!
বিশেষজ্ঞদের নজরে, ফার্গুসনের ফুটবল প্রত্যক্ষ (Direct)। উইং থেকে ভেসে আসে আঘাত। বক্সে আক্রমণের ওভারলোড। শেষ মিনিটেও জয় ছিনিয়ে নেওয়ার বিশ্বাস—‘ফার্গি-টাইম’ কেবল মিথ নয়, দলের মানসিক কাঠামোর প্রতীক।
অন্যদিকে ওয়েঙ্গার শুধু আর্সেনাল টিমের ড্রেসিং রুমে নয়, আধুনিক ফুটবলের অন্দরেও ঢুকিয়ে দিলেন খাদ্যবিজ্ঞান, ফিটনেস পুনরুদ্ধারের পদ্ধতি, শরীরচর্চার নতুন ছক। সঙ্গে তরল পাসিং, ত্রিভুজ, হাফ-স্পেসের বুদ্ধিমত্তা।
একপাশে কেঠো বাস্তবের মুষলবর্ষণ। অন্যদিকে নান্দনিক শল্যচিকিৎসা। বল পায়ে ময়দানে লড়াইয়ের পাশপাশি দর্শনের দ্বৈরথও এই ফিক্সচারের অন্যতম আবেদন। এই সংঘাতের নায়ক কেবল ফুটবলাররা নন, টাচলাইনের ধারে দাঁড়ানো দুই চাণক্যও বটে।
একটা সময় মাঝমাঠ ছিল আসল যুদ্ধক্ষেত্র। রয় কিন বনাম প্যাট্রিক ভিয়েরা—শুধু ট্যাকলের নিক্তিতে নয়, নেতৃত্বের ভারেও একে অপরকে ছাপিয়ে যেতে চাইতেন। কে উত্তাপ শুষে নেবে, কে রেফারিকে প্রভাবিত করবে, কে প্রতিপক্ষের গতি ভাঙবে আর তৈরি করবে নিজেদের পালটা গতি—এই দ্বৈরথেই বুঝে নেওয়া যেত ম্যাচের সুর! এহেন মনস্তত্ত্ব নর্থ লন্ডন বা মার্সিসাইডে ততটা প্রবল নয়। সেখানকার বৈরিতা লোকাল, এখানে আরও ছড়ানো।
প্রতীকী মুহূর্ত অগুনতি। ১৯৯৯—ট্রেবল-বিজয়ের আত্মবিশ্বাস। ২০০৩—ওল্ড ট্র্যাফোর্ডের তপ্ত বিকেল, পেনাল্টি মিস, দু’পক্ষের বিশৃঙ্খল অস্থিরতা ইংল্যান্ডের ফুটবল নিয়ামকদের মাঠের শাসনের ভাষা নতুন করে লিখতে বাধ্য করেছিল। ২০০৪—অপরাজেয় আর্সেনালের ৪৯ ম্যাচে জয়রথের চাকা থামল ম্যাঞ্চেস্টারে। ২০০৫—টানেলে হাতাহাতি, ঝামেলা। মাঠের সংঘাতের পাশাপাশি টানেলের শব্দতরঙ্গও প্রিমিয়ার লিগের পৌরাণিক অভিধানে ঢুকে গেল। এগুলো আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়; ব্র্যান্ড ‘প্রিমিয়ার লিগে’র জরুরি উপকরণ।
কৌশলগত রেখাচিত্রেও এ লড়াই শিক্ষণীয়। ইউনাইটেড আর্সেনালের মোকাবিলা করতেই ৪–৪–২ থেকে সরে চওড়া জায়গা ব্যবহার করে ডায়াগোনাল রান বাড়াল; বক্সে দ্বিতীয় দৌড়, ব্যাক–পোস্টে আঘাত, সেট–পিসে কর্তৃত্ব। ওয়েঙ্গার ৪–৪–২–কে তরল করে মিডফিল্ডের ‘রেস্ট-ডিফেন্স’ গড়ে তুললেন। ফুল–ব্যাক ওভারল্যাপে, ইনভার্টেড উইঙ্গারের পূর্বসূরী ভাবনা, থার্ড–ম্যান রান—সব মিলিয়ে গতিময় জ্যামিতি।
ফলে ইউনাইটেড–আর্সেনাল ম্যাচ আসলে দুটি প্রস্থান, দুটি স্কুলিংয়ের তুল্যমূল্য পরীক্ষা। কে টেম্পো নিয়ন্ত্রণ করবে। কে স্পেস চুরি করবে। কে ট্রানজিশনে দংশাবে। এই পরীক্ষাই সংঘাতকে অনেক বেশি ‘সেরিব্রাল’ করে তুলেছে।
খেলোয়াড়ি মানসিকতার প্রশ্নেও পার্থক্য স্পষ্ট। ইউনাইটেডের ড্রেসিংরুমে ‘মানসিক গ্রানাইট’—কঠোর অভ্যাস, পদমর্যাদা, নৃশংস প্রতিযোগিতা। আর্সেনালে রহস্যময় মুক্তি—শুধু ফলাফল নয়, পাশপাশি নান্দনিক থাকার দায়, তরুণদের উপর আস্থা, স্কাউটিং–নির্ভর ঝুঁকি। একদিকে ‘জিততেই হবে’ নীতিশাস্ত্র, অন্যদিকে ‘কীভাবে জিতছি’-র নীতিমালা। এই নৈতিক আগ্রাসনই লড়াইকে ধারালো করেছে।
এই বৈরিতায় অর্থনীতির পায়ের ছাপও স্পষ্ট। স্কাই–স্পোর্টসের প্যাকেজিং, ‘সুপার সানডে’, আন্তর্জাতিক টাইম–স্লটে ইউনাইটেড–আর্সেনালকে দেওয়া হত স্পটলাইট। ভিউয়ারশিপ ওঠানামা করত টাইটেল–রেসের পাল্লায়। ট্রান্সফার মার্কেটেও সংঘাতের কাঁটা ঢুকে—রবিন ভ্যান পার্সির ম্যানচেস্টার পাড়ি আধিপত্যের পরিমাপ বদলাল; উল্টো দিকে ড্যানি ওয়েলবেক বা অ্যালেক্সিস সানচেজের অদলবদল দেখিয়ে দিল, এই সম্পর্ক শুধু প্রতিপক্ষতা নয়, আড়ালে রয়েছে পেশাদার বিনিময়ও। ফুটবলের রাজনীতি ও অর্থনীতি বুঝতে চাইলে এই ফিক্সচার অবশ্যপাঠ্য!
এরপর সময় বদলেছে। ২০০৪ সালে চেলসি উঠল। ম্যানচেস্টার সিটি হাল আমলের মাপকাঠি দিল বদলে। ইউনাইটেড ফার্গুসনের প্রস্থানের ধাক্কা এখনও সামলাতে ব্যর্থ। আর্সেনাল স্টেডিয়াম–অর্থনীতি সামলে নতুন দর্শনে ফিরে এসেছে। তবু, পুরনো আঘাত–চিহ্নগুলো স্ট্যান্ডে ঝলমল করছে। আজ হয়তো দুই ক্লাবের লড়াই টাইটেল–ডিসাইডার নয়। কিন্তু প্রিমিয়ার লিগের অক্ষরবিন্যাস বোঝাতে হলে এই ম্যাচ এখনও বর্ণশিক্ষার প্রথম অধ্যায়।