শেষ পর্যন্ত ২-১ জয় নিয়ে ফাইনালে উঠল এফসি গোয়া। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয়—খেলা শুরুর আগে লাল কার্ডের মতো বিরল ঘটনা!

ইকার গুয়্যারোচেনা
শেষ আপডেট: 5 December 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলে লাল কার্ড! সে তো আকছার ঘটে। কিন্তু খেলা শুরুর আগেই লাল কার্ড? এটা বিরলের মধ্যে বিরলতম! আর ঠিক সেটাই ঘটল সুপার কাপ সেমিফাইনালে। মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে টানেলে দাঁড়িয়েই লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হল এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোচেনাকে (Iker Guarrotxena)।
বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। দুই দল মাঠে ঢোকার জন্য টানেলে সারিবদ্ধ। ঠিক সেই সময়ই দেখা যায় রেফারির সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন গুয়্যারোচেনা। সরাসরি সম্প্রচারে টিভির পর্দায় দেখা যায়—রেফারি প্রতীক মণ্ডল (Pratik Mondal) আচমকাই স্প্যানিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে টানেল ছেড়ে বেরিয়ে যেতে বলছেন! কারণ? পরে জানা যায়, গুয়্যারোচেনার অন্তর্বাসের রং নাকি নিয়মবহির্ভূত ছিল। রেফারি তাঁকে বদলে নিতে বলেন। অভিযোগ, সেই নির্দেশ শোনার পর গোয়ার অধিনায়ক তীব্র প্রতিবাদ জানান এবং রেফারির কথা সরাসরি অমান্য করেন। আর এই ‘আগ্রাসী প্রতিক্রিয়া’র জেরেই তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
ঘটনার পর এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez) দৃশ্যত হতবাক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই মিটে যাবে। মাঠে ঢোকার পর শুনলাম ইকারকে নাকি লাল কার্ড দেখানো হয়েছে! এটা স্বাভাবিক ঘটনা নয়। সবচেয়ে বড় সমস্যা—ফাইনালে ওকে পাব না।’
ফুটবলের নিয়ম অনুযায়ী, কিক–অফের আগে লাল কার্ড দেখানো হলে দল দশ জনে নেমে যায় না। বদলি বেঞ্চ থেকে অন্য খেলোয়াড়কে নামানো যায়। ফলে গোয়া গতকাল প্রথম একাদশে নেমেছে সম্পূর্ণ দল নিয়ে—ইকারের জায়গায় নামেন স্প্যানিশ ফরওয়ার্ড হাভিয়ের সিভেরিও (Javier Siverio)। অধিনায়ক বরহা এরেরা (Borja Herrera)। তিনি স্পষ্টই বলেন, ‘এরকম ঘটনা জীবনে দেখিনি।’
প্রাক-ম্যাচ বিশৃঙ্খলায় গোয়া দল কিছুটা বিচলিত হলেও দ্রুত নিজেদের সামলে নেয়। প্রথমার্ধেই ব্রিসন ফার্নান্দেসের (Brison Fernandes) ২০ মিনিটে এবং ডেভিড টিমরের (David Timor) ২৩ মিনিটে করা গোল—ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। মুম্বই দ্বিতীয়ার্ধে কামব্যাকের চেষ্টা করলেও ব্যবধান কমানো ছাড়া কিছু করে উঠতে পারেনি।
শেষ পর্যন্ত ২-১ জয় নিয়ে ফাইনালে উঠল এফসি গোয়া। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয়—খেলা শুরুর আগে লাল কার্ডের মতো বিরল ঘটনা! এ নিয়ে এআইএফএফ–এর (AIFF) দরবারে গোয়া আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।