ইউনাইটেডও রুবেন অ্যামোরিমের অধীনে ছন্নছাড়া। আর্সেনালের কাছে হার, ফুলহ্যামের সঙ্গে ড্র আর লিগ কাপ থেকে গ্রিমসবির কাছে লজ্জাজনক বিদায়। সবশেষ ম্যাচে বার্নলির (Burnley) বিরুদ্ধে ব্রুনো ফার্নান্দেসের শেষ মুহূর্তের পেনাল্টিতে মরশুমের প্রথম জয়।

ম্যানচেস্টার ডার্বি
শেষ আপডেট: 13 September 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বিরতি শেষ। সপ্তাহান্তে আবারও সরগরম প্রিমিয়ার লিগ (Premier League)। আলোচনার কেন্দ্রে একগুচ্ছ বড় ম্যাচ, চর্চিত ঘটনা: আর্সেনালের (Arsenal) মুখোমুখি নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest), কাল হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি (Manchester Derby) এবং লিভারপুলের (Liverpool) জার্সিতে আলেক্সান্ডার ইসাকের (Alexander Isak) অভিষেক।
ম্যানচেস্টার ডার্বি, চাপ দুই শিবিরেই
রবিবার এতিহাদে মুখোমুখি ম্যান সিটি (Manchester City)-ম্যান ইউনাইটেড (Manchester United)। দুই দলই মরশুমের প্রথম তিন ম্যাচে মাত্র একবার জিতেছে। টানা দু’বার হারের পর গুয়ার্দিওলার (Pep Guardiola) ব্যয়বহুল টিম নিয়ে একগাদা প্রশ্ন উঠছে। আহত ফরোয়ার্ড ওমর মারমুশ (Omar Marmoush) মাঠের বাইরে। পাশাপাশি ফিটনেস নিয়ে সংশয় রায়ান চেরকি, মাতেও কোভাচিচ, জন স্টোনস-সহ আরও কয়েকজনকে ঘিরে। তাঁদের কাউকেই খেলতে দেখা যাবে না।
অন্যদিকে ইউনাইটেডও রুবেন অ্যামোরিমের অধীনে ছন্নছাড়া। আর্সেনালের কাছে হার, ফুলহ্যামের সঙ্গে ড্র আর লিগ কাপ থেকে গ্রিমসবির (Grimsby) কাছে লজ্জাজনক বিদায়। সবশেষ ম্যাচে বার্নলির (Burnley) বিরুদ্ধে ব্রুনো ফার্নান্দেসের শেষ মুহূর্তের পেনাল্টিতে মরশুমের প্রথম জয়। ডার্বি তাই দু’পক্ষেরই মর্যাদা বাঁচানোর লড়াই।
লিভারপুলে ইসাক-ঝড়ের অপেক্ষা
দলের রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাকের অভিষেক রোববার, বার্নলির মাঠে। নিউক্যাসল ছেড়ে ১২৫ মিলিয়ন পাউন্ডে মার্সিসাইডে যোগ দিয়েছেন সুইডিশ তারকা। কোচ আর্নে স্লটের (Arne Slot) হাতে এখন সোনার ভাণ্ডার—সালাহ (Mohamed Salah), উইর্টজ (Florian Wirtz), একিতিকে (Hugo Ekitike), গাকপোর (Cody Gakpo) সঙ্গে কোথায় ফিট করবেন ইসাক, সেদিকে চেয়ে সমর্থকরা। তিন ম্যাচে টানা জেতা লিভারপুল টেবিলের শীর্ষে। রেকর্ড ২১তম লিগ শিরোপা মাথায় তুলতে অস্ত্রভাণ্ডার এবার আরও ভয়ঙ্কর!
আর্সেনালের সামনে ‘নতুন’ ফরেস্ট
টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার তিন মাসের মধ্যেই আবার প্রিমিয়ার লিগে ফিরলেন আঞ্জ পস্তেকগলু (Ange Postecoglou)। নুনো এসপিরিতো সান্তোকে (Nuno Espirito Santo) সরিয়ে নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব পেয়েছেন তিনি। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আর্সেনাল। মজার ব্যাপার, টটেনহ্যামের হয়ে ইউরোপা লিগ জেতানোর পরও তাঁকে ছাঁটাই করেন যে চেয়ারম্যান ড্যানিয়েল লেভি, ভাগ্যের খেলায় এখন তিনিও চেয়ার ছাড়তে বাধ্য হয়েছেন! অবশ্য তিরিক্ষি মেজাজের বলে ফরেস্টের মালিক এভানগেলোস মারিনাকিসের (Evangelos Marinakis) বিস্তর দুর্নাম। অস্ট্রেলীয় ম্যানেজারের সামনে তাই আজ থেকেই কড়া অ্যাসিড টেস্ট!