প্রিমিয়ার লিগে শুরুর দুই ম্যাচে জয়হীন থাকার কারণে বার্নলির বিরুদ্ধে শেষ মুহূর্তে তিন পয়েন্ট ম্যাচ ইউ বাহিনীর কাছে অপরিহার্য ছিল। লিগ কাপ থেকে গ্রিমসবির কাছে হারের পর এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রুনোর স্নায়ু আর অভিজ্ঞতাই অ্যামোরিমের ডাগআউটকে স্বস্তিতে রাখল।

ব্রুনো ফের্নান্দেজ
শেষ আপডেট: 31 August 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: গ্রিমসবির কাছে লজ্জার হার ভুলে রাস্তায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) দ্বিতীয় ডিভিশন থেকে প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে নাম লেখানো দল বার্নলিকে (Burnley) ৩-২ গোলে হারাল রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) ছেলেরা। তবে জয় এল লড়াই শেষের খানিক আগে এক নাটকীয় মুহূর্তে! ৯৫ মিনিটে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজের (Bruno Fernandes) পেনাল্টির সুবাদে তিন পয়েন্ট ছিনিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড ব্রিগেড!
ঘরের মাঠে খেলতে নেমে তেতে ছিল ম্যান ইউ। শুরুর চাপটা তারাই তৈরি করে। গোলের দরজা খোলে ২৭ মিনিটে। কাসেমিরোর হেডে বল ক্রসবারে লেগে ফিরে এলেও বার্নলির জশ কুলেনের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় হোম টিম। প্রথমার্ধে আরও অন্তত দু’বার ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু হেলায় হারায় অ্যামোরিমের দল। আমাদ দিয়ালো আর বদলি হিসেবে নামা জির্কজে ফিনিশিংয়ে ব্যর্থ!
দ্বিতীয়ার্ধে খেলার মোড় পালটে যায়। ৪৮ মিনিটে জেকব ব্রুন লার্সেনের ক্রস থেকে হেডে সমতা ফেরান লাইল ফস্টার। তবে স্বস্তি ফেরে মুহূর্তেই। ডিয়োগো দালোতের নিখুঁত পাস থেকে নতুন সাইনিং ব্রায়ান এমবেউমোর (Bryan Mbeumo) প্রথম লিগ গোলের সুবাদে ফের এগিয়ে যায় ইউনাইটেড।
কিন্তু রক্ষণভাগের গলদ যেন শোধরানোর নয়! ৬৭ মিনিটে কর্নার থেকে গোলরক্ষক অলতাই বায়িন্দিরের ভুলে জাইডন অ্যান্টনি কাছ থেকে বল জালে জড়ান। চকিতে স্কোরলাইন ২-২। গ্যালারিজুড়ে ফের হতাশা, পয়েন্ট হারানোর দুশ্চিন্তা।
যখন মনে হচ্ছে, ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে, নব্বই মিনিট পেরিয়ে সংযুক্ত সময় শেষ হব হব করছে, তখন ম্যাচের অন্তিম লগ্নে নাটক! ৯৫ মিনিটে আমাদ দিয়ালোকে ফাউল করে বসে বার্নলি ডিফেন্স। ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় ইউনাইটেড। গত সপ্তাহে ফুলহামের বিরুদ্ধে পেনাল্টি মিস করা ব্রুনো ফের্নান্দেজ এবার কোনও ভুল করেননি। ঠান্ডা মাথায় বল পাঠালেন নীচের কোণে। তাতেই জয় নিশ্চিত।
ম্যাচ শেষে স্বস্তির সুরে কোচ অ্যামোরিম বললেন, ‘তিন পয়েন্ট তো মিলল। কিন্তু হতাশা একটাই--প্রথমার্ধেই খেলা শেষ করা যেত। প্রচুর সুযোগ পেয়েও আমরা অতিরিক্ত জটিল করেছি ব্যাপারটা। থ্রো-ইন, সেট-পিস—সেখান থেকেই বিপদ। তবু দলীয় স্পিরিটে ম্যাচ ঘুরিয়েছি, এটাও বড় প্রাপ্তি!’
প্রিমিয়ার লিগে শুরুর দুই ম্যাচে জয়হীন থাকার কারণে বার্নলির বিরুদ্ধে শেষ মুহূর্তে তিন পয়েন্ট ম্যাচ ইউ বাহিনীর কাছে অপরিহার্য ছিল। লিগ কাপ থেকে গ্রিমসবির কাছে হারের পর এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রুনোর স্নায়ু আর অভিজ্ঞতাই অ্যামোরিমের ডাগআউটকে স্বস্তিতে রাখল। আন্তর্জাতিক বিরতির আগে অঘটন এড়িয়ে কিছুটা হলেও শান্তি ফিরল ওল্ড ট্র্যাফোর্ডে।