জয় নিশ্চিত করলেও আক্রমণে ফিনিশিং আর রেফারির সিদ্ধান্তে তিন-তিনটে গোল বাতিল হওয়ায় কিছুটা হতাশা রইল মাদ্রিদের সমর্থকদের মনে। তবু শুরুর তিন ম্যাচেই জয়, ইউরোপে ক্লাব বিশ্বকাপ খেলে ফিরে এসেও ক্লান্তি ভুলে নতুন কোচের অধীনে এভাবে ছন্দ খুঁজে পাওয়া মরশুমের গোড়ায় নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

ভিনিসিয়াস জুনিয়র
শেষ আপডেট: 31 August 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: লা লিগার (La Liga) প্রথম তিন ম্যাচে টানা জয়!
প্রথম লড়াই ছিল ম্যাড়ম্যাড়ে। দ্বিতীয় ম্যাচে অনেক বেশি দাপট ফিরে আসে। গতকাল, সিজনের তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও তিন পয়েন্ট ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)! ভেদাত মুরিকির গোলে এগিয়ে যাওয়া মায়োর্কাকে (Mallorca) শেষমেশ ২-১ হারাল জাবি আলনসোর টিম। নায়কের আরদা গুলের হলেও অনবদ্য পারফরম্যান্সে লাইমলাইট কেড়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। গতকালের অন্য একটি ম্যাচে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) ফের পয়েন্ট হারাল। দিয়েগো সিমিয়নের দলকে আলাভেসের মাঠে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।
রিয়াল-মায়োর্কার লড়াইয়ে প্রথম গোলটা এল ১৮ মিনিটে। মায়োর্কার কর্নার কিক থেকে মুরিকি শরীর ছুঁইয়ে বল জালে জড়ান। লা লিগায় সিজনে প্রথমবার গোল হজমের পর রিয়াল বাহিনী দৃশ্যত হতবাক! যদিও এই ‘শক’ খুব বেশি সময় সহ্য করতে হয়নি। ৩৭ মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হুইসেন হেড বাড়ান। সেখান থেকে নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান গুলের। মিনিট না ঘুরতেই রিয়ালের দু’নম্বর গোল। রক্ষণ ফাঁকি দিয়ে বক্সে ঢুকে নিচু শটে নিশানা খুঁজে নেন ভিনি। ম্যাচের ছবি মুহূর্তে পালটে যায়!
গতকাল অবশ্য মাদ্রিদের ভাগ্য পুরোপুরি সদয় ছিল না। কিলিয়ান এমবাপের গোল অফসাইডের কারণে বাতিল হয়, দ্বিতীয়ার্ধে ফরাসি তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর গোল হাতছাড়া হয় হ্যান্ডবলের জন্য। যত সময় গড়িয়েছে, বেড়েছে দর্শকদের হতাশা। যদিও রক্ষণের দাপটে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রিয়াল। কোচ আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘ভাল টিম স্পিরিটের জোরেই আমরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছি। সিজনের যেভাবে শুরু করতে চেয়েছিলাম, সেটা পেরেছি!’
জয় নিশ্চিত করলেও আক্রমণে ফিনিশিং আর রেফারির সিদ্ধান্তে তিন-তিনটে গোল বাতিল হওয়ায় কিছুটা হতাশা রইল মাদ্রিদের সমর্থকদের মনে। তবু শুরুর তিন ম্যাচেই জয়, ইউরোপে ক্লাব বিশ্বকাপ খেলে ফিরে এসেও ক্লান্তি ভুলে নতুন কোচের অধীনে এভাবে ছন্দ খুঁজে পাওয়া মরশুমের গোড়ায় নিঃসন্দেহে বড় প্রাপ্তি।
রিয়াল ফর্মে থাকলেও মাদ্রিদের আরেক দল আতলেতিকোর দুঃসময় কিছুতেই কাটছে না। সিজনের প্রথম তিন ম্যাচে জয়শূন্য দিয়েগো সিমিয়োনের টিম। এদিন আলাভেসের মাঠে ১-১ ড্র। শুরুতে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন সিমিওনে-পুত্র জুলিয়ানো। সেকেন্ড হাফে পেনাল্টি থেকে সমতা ফেরান কার্লোস ভিসেন্তে। পরে অঁতোয়ান গ্রিজম্যান পোস্টে মেরেও ব্যর্থ।
দলের এমন জঘন্য শুরুয়াত সত্ত্বেও সিমিয়োনে হাল ছাড়তে নারাজ। ম্যাচ শেষে বললেন, ‘পয়েন্ট নিয়ে আমি ভাবছি না। আসল ব্যাপার, দলের পারফরম্যান্স উন্নত করা। সময় লাগলেও আমাদের খেলোয়াড়রা আরও ভাল খেলবে!’ যদিও কোচের সুরে সুর মেলাননি গোলকিপার ইয়ান ওবলাক। তাঁর কথায়, ‘রেগে আছি। দোষ আমাদেরই, আরও ভাল করতে হবে!’
এখন সবার নজর নজর আজ, রবিবারের ম্যাচের দিকে। চ্যাম্পিয়ন বার্সেলোনা রায়ো ভায়েকানোর মাঠে নামছে। রিয়ালের মতো টানা তিন ম্যাচ জেতার সুযোগ রয়েছে হান্সি ফ্লিকের বাহিনীর সামনে। পাশাপাশি ভিয়ারিয়াল আর আথলেটিক বিলবাও-ও নিজেদের লিগ ম্যাচে একই লক্ষ্য নিয়ে খেলতে নামবে।