বলা বাহুল্য, এই সিদ্ধান্ত ক্লাবের কোনও হঠকারী পদক্ষেপ নয়। দীর্ঘদিন ধরেই প্রচলিত চুক্তি। আর সেই নিয়ম মোতাবেক রোনাল্ডোর জার্সির ক্ষেত্রেও তা গ্রহণ করা হয়েছে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 30 July 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের (English Premier League) নতুন মরশুম শুরু হচ্ছে অগস্টে। তার আগে নয়া সিজনের ক্লাব জার্সি কিনতে অফিশিয়াল স্টোরে ভিড় জমাচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সমর্থকেরা। টিম যতই ধরাশায়ী পারফরম্যান্স দেখাক, সিজন ১৫ নম্বর পজিশনে শেষ করুক না কেন, প্রিয় দলকে নিয়ে উন্মাদনায় তো ভাটা পড়ে না!
যদিও জার্নি ও মার্চেন্ডাইস কিনতে দোকানে ঢুকে বিশেষ একটি মেসেজ দেখে চমকে উঠছেন অনেকে। জানা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), ডেভিড বেকহ্যাম (David Beckham) এবং এরিক ক্যান্টোনার (Eric Cantona) নামাঙ্কিত জার্সি না নতুন করে ছাপা, না বিক্রি করা হচ্ছে! যদিও প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মনোমালিন্য নয়, এর আড়ালে রয়েছে প্রায়-অজানা ক্লাব-নীতি, যার জেরে ক্লাবের কর্মকর্তারা এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
Took my son for his new shirt the other day. Had no idea the club weren’t allowed to print Cantona, Beckham or Ronaldo on shirts pic.twitter.com/URoMTgymQr
— Si Lloyd (@SmnLlyd5) July 24, 2025
অতিসম্প্রতি ২০২৫-২৬ মরসুমের হোম ও অ্যাওয়ে কিট বাজারে এনেছে ম্যান ইউ। সেই জার্সি কিনতেই ক্লাবের অফিসিয়াল মেগা স্টোরে ঢুঁ মারেন অনেক সমর্থক। তাঁদেরই একজন, সাইমন লয়েড। যাঁর নজরে পড়ে একটি নোটিস। ডিজিটাল মনিটরে লেখা—‘লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে, আমরা জার্সিতে ক্যান্টোনা, বেকহ্যাম এবং রোনাল্ডোর নাম ছাপাতে পারছি না!’
এই ঘোষণার পরই শুরু হয় জল্পনা। যদিও গুজব এড়াতে ‘দ্য সান’-কে দেওয়া বার্তায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে: ক্যান্টোনা, বেকহ্যাম এবং রোনাল্ডো তাঁদের নিজস্ব ছবিস্বত্বের (Image Rights) মালিক। সেই কারণে ক্লাবের মেগা স্টোর থেকে তাঁদের নাম জার্সিতে ছাপালে আইনি বাধার মুখে পড়তে হবে!
বলা বাহুল্য, এই সিদ্ধান্ত ক্লাবের কোনও হঠকারী পদক্ষেপ নয়। দীর্ঘদিন ধরেই প্রচলিত চুক্তি। আর সেই নিয়ম মোতাবেক রোনাল্ডোর জার্সির ক্ষেত্রেও তা গ্রহণ করা হয়েছে। সমর্থকদের আবেগকে মান্যতা দিলেও ক্লাবের অবস্থান স্পষ্ট—নিয়ম মানতেই হবে! ফলে এখনই তিন মিডফিল্ডারের নাম লেখা জার্সি স্টোর থেকে পাওয়া যাবে না। তবে খোলা বাজারে বা বিবিধ অনলাইন প্ল্যাটফর্মে (যদি লাইসেন্সিংয়ের ছাড়পত্র থাকে) এত কড়াকড়ি, বিধিনিষেধ নেই। ফলে অনুরাগীরা চাইলে সেখান থেকে অনায়াসে সিআরসেভেনের আইকনিক জার্সি কিনতেই পারেন!