আশার আলো তিনি নিজেই। মোরিনহো মানেই তো প্রত্যাবর্তনের গল্প, চ্যালেঞ্জের লড়াই। আর এ বার সেটাই শুরু হতে চলেছে ছেলেবেলার পাঠশালায়!

জোসে মোরিনহো
শেষ আপডেট: 17 September 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: ‘স্পেশাল ওয়ান’ (The Special One) আবার পুরনো ডেরায় ফিরছেন! ২৫ বছর আগের সেই আঁতুড়ঘরে, বেনফিকার (Benfica) কোচ হিসেবে প্রত্যাবর্তনের পথে জোসে মোরিনহো (José Mourinho)। ইউরোপিয়ান ফুটবলে আলোড়ন ফেলে দেওয়া এই পর্তুগিজ কোচের সম্ভাব্য কামব্যাক ঘিরে লিসবনে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে (Champions League) নিজেদের মাঠে আজারবাইজানের কারাবাখের (Qarabag) কাছে ২-৩ গোলে লজ্জাজনক হার। তার জেরে চাকরি হারান ব্রুনো লাগে (Bruno Lage)। এর কয়েক ঘণ্টার মধ্যেই একযোগে পর্তুগালের তিন প্রধান ক্রীড়া দৈনিকে ভেসে ওঠে মোরিনহোর নাম। সূত্রের খবর, আলোচনায় বসতে চাইছে বেনফিকা ম্যানেজমেন্ট। ঘোষণা আসতে দেরি হওয়ার কথা নয়।
কয়েক সপ্তাহ আগেই ছেড়েছেন তুরস্কের ফেনেরবাচের (Fenerbahce) মসনদ। কাকতালীয়ভাবে বিদায়ী ম্যাচ চ্যাম্পিয়নস লিগ প্লে–অফে মোরিনহোর প্রতিপক্ষ ছিল বেনফিকাই! যা হারার পরেই পদত্যাগ করেন। এবার যেন ভাগ্যচক্রে পুরনো ঘরে ফিরে যাওয়ার আহ্বান!
প্রসঙ্গত, ১৯৯০-এর শেষ দিকে বেনফিকাতেই শুরু হয় ম্যানেজারিয়াল কেরিয়ার। যদিও মাত্র আড়াই মাসে সরে দাঁড়ান। এরপরই পোর্টোর (Porto) কোচ হিসেবে ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগ জিতে রাতারাতি বিশ্বফুটবলের মঞ্চে নিজের নাম খোদাই করেন জোসে মোরিনহো। তারপর চেলসি (Chelsea), ইন্টার মিলান (Inter Milan), রিয়াল মাদ্রিদে (Real Madrid) সাফল্যের নিশান উড়িয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রাফ ক্রমশ নিম্নমুখী।
এবার ফের বেনফিকার ডাক। চ্যালেঞ্জও বিরাট। পর্তুগিজ প্রিমেইরা লিগে (Primeira Liga) গত দু’মরশুমে কট্টর প্রতিদ্বন্দ্বী স্পোর্টিংয়ের (Sporting Lisbon) কাছে মাথা ঝুঁকিয়ে রানার্স-আপে তুষ্ট থাকতে হয়েছে। চলতি মরশুমেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছ’নম্বর স্থানে। তার উপর চ্যাম্পিয়নস লিগে ভয়ঙ্কর গ্রুপ—৩০ সেপ্টেম্বর পুরনো দল চেলসির বিরুদ্ধে লড়াই, জানুয়ারিতে সামনে রিয়াল মাদ্রিদ।
আশার আলো তিনি নিজেই। মোরিনহো মানেই তো প্রত্যাবর্তনের গল্প, চ্যালেঞ্জের লড়াই। আর এ বার সেটাই শুরু হতে চলেছে ছেলেবেলার পাঠশালায়!