দিনের সেরা ম্যাচ তুরিনে। ৮ গোলের রুদ্ধশ্বাস থ্রিলার! সেকেন্ড হাফে যেন ফ্লাডগেট খুলে গেল। একের পর এক গোল।

রিয়াল মাদ্রিদ
শেষ আপডেট: 17 September 2025 10:24
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League 2025/26) শুরু হল দুর্দান্ত মেজাজে। প্রথম দিনেই নাটক, চমক আর গোলবন্যা। ডর্টমুন্ড–জুভেন্তাস ম্যাচে টানটান ৮ গোলের রোমাঞ্চকর ড্র। অন্যদিকে জয় দিয়ে অভিযান শুরু করল আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম, করাবাখ আর নবাগত ইউনিয়ন সেইন্ট-গিলোয়েস।
আর্সেনাল ২-০ অ্যাথলেটিক ক্লাব
২০১৪-১৫ মরশুমের পর প্রথম চ্যাম্পিয়নস লিগে নামল অ্যাথলেটিক ক্লাব। কিন্তু আর্সেনালের দাপট রুখতে পারল না। গ্যাব্রিয়েল মার্টিনেলি বদলি হিসেবে নেমে প্রথম গোল করেন, দ্বিতীয়টি তাঁর পাস থেকে লিয়ান্দ্রো ট্রসার্ডের। ম্যাচসেরা মার্টিনেলি।
পিএসভি ১-৩ ইউনিয়ন সেইন্ট-গিলোয়েস
অভিষেকেই চমক দিল বেলজিয়ান ক্লাব। প্রতিপক্ষ ১৯৮৮ সালের চ্যাম্পিয়ন পিএসভি। শুরুতে পেনাল্টিতে এগোয় ইউনিয়ন। বিরতির আগে আনুয়ার আইত এল হাজের দুরন্ত গোল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ম্যাচ ছিনিয়ে নেয় সেইন্ট-গিলোয়েস।
জুভেন্তাস ৪-৪ ডর্টমুন্ড
দিনের সেরা ম্যাচ তুরিনে। ৮ গোলের রুদ্ধশ্বাস থ্রিলার! সেকেন্ড হাফে যেন ফ্লাডগেট খুলে গেল। একের পর এক গোল। জুভেন্তাসের হয়ে ডুশান ভ্লাহোভিচ দু’বার বল জালে পাঠান। সংযুক্ত সময়ে লয়েড কেলির হেডার বাঁচায় জুভেন্তাসকে। ডর্টমুন্ডের হয়ে গোল করেন আদেয়েমি, ফেলিক্স ন্মেচা, ইয়ান কাউটো আর বেনসেবাইনি (পেনাল্টি)।
রিয়াল মাদ্রিদ ২-১ মার্সেই
জাভি আলোনসোর প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে নাটকীয় জয়। প্রথমে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের দুটি পেনাল্টিতে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধে কারভাহাল লাল কার্ড দেখলেও স্কোরলাইন পাল্টাতে পারেনি মার্সেই।
বেনফিকা ২-৩ করাবাখ
ইতিহাস গড়ল আজারবাইজানের করাবাখ। প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জয় পেল তারা, তাও দু’বারের চ্যাম্পিয়ন বেনফিকার ঘরের মাঠে। প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগিজ ক্লাব। কিন্তু শেষ মুহূর্তে ওলেক্সি কাশচুকের গোলে অঘটন ঘটায় করাবাখ।
টটেনহ্যাম ১-০ ভিয়ারিয়াল
ফের চ্যাম্পিয়নস লিগে ফেরা টটেনহ্যাম ম্যাচের শুরুতেই লিড নেয়। লুকাস বার্গভালের ক্রস ভুল করে জালে পাঠান ভিয়ারিয়াল গোলকিপার লুইজ জুনিয়র। সেই আত্মঘাতী গোলই শেষমেশ ম্যাচের পার্থক্য গড়ে দিল।