মিনি ডার্বিতে ম্যাচ জিতেই এবারের ডুরান্ডে যাত্রা শুরু করল মোহনবাগান (Mohunbagan)। আর পরপর দুই ম্যাচ হেরে মহামেডান নিল (Mohammedan) বিদায় ।

শেষ আপডেট: 31 July 2025 21:55
দ্য ওয়াল ব্যুরো: লিস্টন কোলাসো (Liston Colaso) জাদুতে যুবভারতী হল সবুজ-মেরুন। গোল করলেন দু'টি আর অ্যাসিস্ট একটি। আর তাতেই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ভাগ্য।
মিনি ডার্বিতে ম্যাচ জিতেই এবারের ডুরান্ডে যাত্রা শুরু করল মোহনবাগান (Mohunbagan)। আর পরপর দুই ম্যাচ হেরে মহামেডান নিল (Mohammedan) বিদায় । দশ জনের মোহনবাগান ৩-১ গোলে জিতে এদিন হাসিমুখে মাঠ ছাড়ল।
দুই দলই এদিন বিদেশি ছাড়াই মাঠে নামে। মহামেডান তাদের ডুরান্ডের প্রথম ম্যাচ হেরে এদিন নেমেছিল।
চোটের জন্য এই ম্যাচে মনবীর সিংকে ছাড়াই দল সাজিয়েছিলেন বাগান কোচ বাস্তব রয়। মোহনবাগানের হয়ে এদিন অভিষেক হয় ডিফেন্ডার অভিষেক সিংয়ের।
ম্যাচ শুরু থেকেই মোহনবাগান আক্রমন করতে থাকে। ৬ মিনিটের মাথায় সুহেল ভাটের একটি দুর্বল শটে বিপদে পড়তে হয়নি সাদা-কালো ব্রিগেডকে। তারপরই ৯ মিনিটের মাথায় আনিরুদ্ধ থাপার ক্রস থেকে সুহেলের শট গিয়ে বার পোস্টে লাগে। ২১ মিনিটের মাথায় মহামেডানের জোসেফ বক্স-এর সামনে লিস্টনকে ফাউল করেন। ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিস্টন। ৩৬ মিনিটে লিস্টনের হালকা বাড়ানো বলে ফাঁকা জায়গা পেলেও গোল করতে ব্যার্থ হন অনিরুদ্ধ থাপা।
৪১ মিনিটে মহামেডানের টাংবা রাগুই ট্যাকেল করে আপুইয়াকে। আপুইয়া মেজাজ হারিয়ে পালটা তেড়ে যান। মহামেডান অধিনায়ক দীনেশ মিতেই পরিস্থিতি সামাল দিতে গেলে আপুইয়া তাঁর মাথা দিয়ে দীনেশ মিতেইকে আঘাত করেন। রেফারি আদিত্য পুরকাইত আপুইয়াকে সোজা লাল কার্ড দেখানা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাগান।
৫০ মিনিটে বক্সের বাইরে থেকে লালথানকিমার জোরাল শটে বিশাল কাইথ সেভ করেন, কিন্তু ফিরতি বলে অ্যাশলে কলি গোল করে মহামেডানকে সমতায় ফেরান।
৬৩ মিনিটে লিস্টন কোলাসোর ব্যাক হিল থেকে সুহেল ভাটের নেওয়া শট মহামেডান গোলরক্ষক বাঁচিয়ে দিলেও ফিরতি বল পেয়ে জালে জড়িয়ে দেন সুহেল ভাট। ২-১ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড।
ম্যাচের শেষ মিনিটে মহামেডানের অধিনায়ক দীনেশ মিতাই বক্সের মধ্যে লিস্টনকে ট্যাকেল করলে পেনাল্টি পায় বাগান। ৯০+৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মহামেডানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন লিস্টন।