সোমবার যুবভারতীতে ডুরান্ড কাপে নামার আগেই দল গুছিয়ে নিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। লুকা মাচেন, ব্রাইট এনবাকারের মতো ফুটবলারদের সই করিয়েছে ডায়মন্ড হারবার।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 July 2025 21:54
দ্য ওয়াল ব্যুরো: দল জিতুক না জিতুক, মহামেডান (Mohammedan) সমর্থকদের আবেগ অন্য যে কোনও ক্লাবের ফ্যানদের গুণে গুণে দশ গোল দেবে। গত বছর থেকেই দলের হতশ্রী অবস্থা। ইনভেস্টর ও ক্লাব কর্তাদের য়বিরোধ ও নতুন ফুটবলার নিয়োগের ওপর নিষেধাজ্ঞা থাকায় এবার কোনও মতে কলকাতা লিগ খেলছে সাদা-কালো শিবির। সেখানেও হতশ্রী দশা। কিন্তু ঝড়, জল উপেক্ষা করেও মহামেডান অন্ত প্রাণ নূরের মতো সমর্থকরা মাঠে যাবেনই ফুটবলারদের উৎসাহ দিতে।
জোড়াতালি দেওয়া দল নামিয়ে এবারের ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেল মেহেরাজউদ্দিনের ছাত্ররা। তাদের এদিনের প্রতিপক্ষ ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ডুরান্ড অভিষেক হল এদিনই। আর অভিষেক লগ্ন রাঙিয়ে তুলল কিবু ভিকুনার ছাত্ররা।
সোমবার যুবভারতীতে ডুরান্ড কাপে নামার আগেই দল গুছিয়ে নিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। লুকা মাচেন, ব্রাইট এনবাকারের মতো ফুটবলারদের সই করিয়েছে ডায়মন্ড হারবার। এদিকে মহামেডান তাদের দলের ইনভেস্টারের সমস্যার কারণে এখনও দল তৈরি করতে পারেনি।
এদিন বিদেশিহীন দল নামায় মহামেডান। সেখানে ডায়মন্ড হারবার এফসির প্রথম একাদশে ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা।
যদিও ম্যাচের প্রথম গোলটি করে ময়দানের শতাব্দী প্রাচীন দলটি। ৩৬ মিনিটে মহামেডান এগিয়ে যায় এডিসন সিং থোকচমের গোলে। গোলকিপার মিরশাদের ভুলে ডায়মন্ডকে ১ গোল হজম করতে হয়। ১ গোলে এগিয়ে মহামেডান প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধে শুরুতেই আক্রমন বাড়ানোর জন্য লুকা মাচেনকে দলে অন্তর্ভুক্ত করেন কিবু। নরহরি শ্রেষ্ঠার জায়গায় নামেন লুকা মাচেন। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই আক্রমণে যায় ডায়মন্ড হারবার এফসি। ৫০ মিনিটে কর্নার থেকে হেডে রুয়াদকিমা সিং গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের শেষের দিকে পেনাল্টি বক্সের ভিতর মহামেডানের এক ফুটবলারের হাতে বল লাগলেও হ্যান্ড বল দেননি রেফারি। এর কিছুক্ষণ পরেই লুকা মাচেন গোল করে কিবুর দলের জয় নিশ্চিত করেন।