সালাউদ্দিনের অনুপস্থিতিতে বাগানের ডান প্রান্ত থেকে কোনও আক্রমণ উঠে আসেনি।

মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফ
শেষ আপডেট: 11 July 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের (CFL) প্রিমিয়র ডিভিশনের প্রথম ম্যাচে হার, তারপর পরপর দু’টি জয়। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আজ বৃষ্টিস্নাত নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। কিন্তু জয়ের হ্যাটট্রিক হল না ডেগি কার্ডোজোর ছাত্রদের। গোল শূন্য অবস্থাতেই শেষ হল ম্যাচ।
তবে এবারের কলকাতা ফুটবল লিগ মানেই একরাশ বিতর্ক। এদিনও বিতর্ক পিছু ছাড়েনি। মোহনবাগানের যেসব ফুটবলার এদিনের দলে ছিলেন না, তাঁদের বসতে দেওয়া হয় দর্শকদের সঙ্গে গ্যালারিতে। এই নিয়ে প্রশ্ন তোলেন মেরিনার্স কর্তারা। অবশেষে আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিজে উদ্যোগ নিয়ে ফুটবলারদের বসার ব্যবস্থা করে দেন ভিআইপি বক্সে।
আগের ম্যাচে লাল কার্ড দেখে এদিন ছিলেন না দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড সালাউদ্দিন আদনান। তাঁর অভাব এদিন প্রবল ভাবে অনুভূত হয়েছে। সালাউদ্দিনের অনুপস্থিতিতে বাগানের ডান প্রান্ত থেকে কোনও আক্রমণ উঠে আসেনি। রেলের বিরুদ্ধে দর্শনীয় গোল করে নায়ক হয়ে উঠেছিলেন পরিবর্ত হিসাবে নামা শিবম মুণ্ডা। এদিন তিনি ম্যাচের শুরু থেকে খেললেও নজর কাড়তে পারেনি।
এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য আক্রমণ শানাতে শুরু করে দুই দল। একাধিক সুযোগ নষ্ট করে দু’টি দলই। তবে বল পজেশন ও আক্রমণের ধার বেশি ছিল বাগানের। কিন্তু আসল কাজটি করতে না পারায় তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড।