কল্যাণী স্টেডিয়ামে প্রথম থেকেই জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে মেহেরাজের ছাত্ররা। ৬ মিনিটেই ম্যাক্সিয়ন গোল করে এগিয়ে দেন সাদা-কালো জার্সিধারীদের।

গ্র্যাফিক্স- দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 11 August 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চলতি কলকাতা ফুটবল লিগে (CFL) প্রথম জয়ের মুখ দেখল সাদা-কালো ব্রিগেড। এর আগে সিএফএলে টানা পাঁচ ম্যাচ হেরেছিল তারা। অবশ্য এদিনের ম্যাচে মহামেডান নেমেছিল ডুরান্ড বিএসএফকে হারানোর পর। সেই অর্থে বলা যেতে পারে, বিএসএফ ম্যাচের আত্মবিশ্বাসই এদিন মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্রদের তাতিয়ে দিয়েছিল। মহামেডান আজ সাদার্ন সমিতিকে (Mohammedan vs Southern Samiti) হারিয়েছে ২-১ গোলে।
গত মরশুম থেকেই সমস্যায় জর্জরিত ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডান। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গতবারই তারা প্রথমবারের মতো আইএসএল খেলতে নেমেছিল। প্রথম দিকে সব ঠিকঠাক চললেও প্রথম পাঁচ-ছয়টি ম্যাচের পর থেকেই শুরু হয় সমস্যা। ইনভেস্টর ও ক্লাব কর্তাদের বিরোধ তুঙ্গে ওঠে। যার প্রতিফলন ঘটে ফুটবলারদের পারফরম্যান্সেও। শুরু হয় বেতন নিয়ে সমস্যা। গতবারের প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ তো বেতন না পেয়ে নিজের দেশ রাশিয়াতেই ফিরে যান।
বেতন না পেয়ে ফুটবলাররাও ফিফার দ্বারস্থ হন। তাই শাস্তির খাঁড়া নেমে আসায় এবার নতুন ফুটবলারের সঙ্গেও চুক্তি করতে পারছে না সাদা-কালো ব্রিগেড। কোনও রকমে দল চালাচ্ছেন কোচ মেহেরাজউদ্দিন। প্রতিদিনই ক্লাব তাঁবুর সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সমর্থকরা। কিন্তু মহামেডান শিবিরের অন্ধকার কিছুতেই কাটছিল না।
এই আবহেই এবারের কলকাতা লিগের প্রথম জয়টি পেল মহামেডান। এদিন কল্যাণী স্টেডিয়ামে প্রথম থেকেই জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে মেহেরাজের ছাত্ররা। ৬ মিনিটেই ম্যাক্সিয়ন গোল করে এগিয়ে দেন সাদা-কালো জার্সিধারীদের। ডুরান্ডে বিএসএফের বিরুদ্ধেও দুই গোল করেছিলেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মহামেডান। দ্বিতীয়ার্ধে সাদার্ন সমতা ফেরালেও ৭৪ মিনিটে শুভেন্দু মালিকের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্ল্যাক প্যান্থার্স। এরপর আর কোনও গোল না হওয়ায় হাসি মুখেই মাঠ ছাড়ে মেহেরাজের ছাত্ররা।