সবচেয়ে বড় চমক? অবশ্যই মেসির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ। ফুটবল আর কূটনীতি—দু’য়ের মেলবন্ধনে সেজে উঠতে চলেছে লিও-র ভারত-অভিযান।

মেসি ও সুয়ারেজ
শেষ আপডেট: 12 October 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: দেশের তামাম ফুটবলপ্রেমীর জন্য ডবল ধামাকা! লিওনেল মেসির (Lionel Messi) বহু প্রতীক্ষিত ভারত সফর (‘GOAT Tour to India 2025’) এবার আরও ঝলমলে হতে চলেছে। সর্বশেষ রিপোর্ট মতে, মেসির সঙ্গে আসছেন তাঁর দুই সতীর্থ—লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং রদ্রিগো দে পল (Rodrigo De Paul)!
পিটিআইয়ের (PTI) খবর অনুযায়ী, ডিসেম্বরের আয়োজনে আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপজয়ী মিডফিল্ডার দে পল এবং উরুগুয়ের (Uruguay) কিংবদন্তি স্ট্রাইকার সুয়ারেজ যোগ দেওয়ার কথা। তিনজনেই বর্তমানে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলেন মেজর লিগ সকারে (MLS)। এবার সেই ‘ক্লাব-কেমিস্ট্রি’র রোশনাই দেখা যাবে ভারতের মাঠে!
সফরের সূচনা ১৩ ডিসেম্বর, কলকাতার (Kolkata) সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium)। পরের দিন গন্তব্য আমদাবাদ ও মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়াম। ১৫ ডিসেম্বর নয়াদিল্লির (New Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সাঙ্গ হবে এই ‘গোট কাপে’র (‘GOAT Cup’) জমজমাট পর্ব। ফুটবল ওয়ার্কশপ, কনসার্ট, প্যাডেল এক্সিবিশন, মিট অ্যান্ড গ্রিট—সব মিলিয়ে তিন দিনের এই আয়োজন নিখাদ উৎসব!
সুয়ারেজ ও মেসির যুগলবন্দি মানেই ইতিহাসের পুনরাবৃত্তি। বার্সেলোনার (Barcelona) হয়ে মেসি–সুয়ারেজ–নেইমারের (Neymar) ‘এম-এস-এন’ জুটি (MSN) একসময় কাঁপিয়েছিল ইউরোপ। চারটি লা লিগা (La Liga) ও চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League) জয়ের সাক্ষী এই পার্টনারশিপ। এবার ভারতের দর্শকরা পাবেন রসায়নের নতুন স্বাদ।
সুয়ারেজ-মেসির সম্পর্ক অনেক বছরের। আর্জেন্তিনার অধিনায়কের নিজের কথায়, ‘বন্ধুদের সঙ্গে খেলাটা সবসময়ই বিশেষ!’ আর দে পল? ২০২২ সালের বিশ্বকাপজয়ের সময় থেকে মেসির অন্যতম ‘শিল্ড’। মাঠে নির্মম, মাঠের বাইরে অধিনায়কের নিঃশব্দ ছায়া! এবার সেই ত্রয়ীই আসছেন ভারতে—যেখানে ফুটবলের উন্মাদনা প্রায় ধর্মের সমান।
আয়োজক সংস্থা সূত্রে খবর, নেইমারকেও (Neymar) কলকাতা সফরে আনার চেষ্টা চলছে। যদি সেটা সফল হয়, তাহলে দেশের দর্শকের আবারও ফুটবলের সেই ত্রয়ীকে দেখার চেষ্টা সফল হতে চলেছে। মেসি নিজে এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতে আসা সবসময়ই সম্মানের। এখানকার মানুষের আবেগ আমাকে ছুঁয়ে যায়। ২০১১-তে এসেছিলাম, এবার ফিরছি নতুন রূপে, আরও বড় পরিকল্পনা নিয়ে!’
সবচেয়ে বড় চমক? অবশ্যই মেসির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাক্ষাৎ। ফুটবল আর কূটনীতি—দু’য়ের মেলবন্ধনে সেজে উঠতে চলেছে লিও-র ভারত-অভিযান।