গোলের ঝলক ছাড়াও দলে পুরনো ফর্মের ঝলক দেখালেন জর্ডি আলবা আর লুইস সুয়ারেস—সেই বার্সেলোনা দিনের মতোই বোঝাপড়া।

মেসি
শেষ আপডেট: 12 October 2025 11:00
দ্য ওয়াল ব্যুরো: বয়স চল্লিশের দোরগোড়ায়, কিন্তু মাঠে সেই চিরাচরিত নৈপুণ্য! লিওনেল মেসি (Lionel Messi) আবারও দেখালেন, ক্লান্তি তাঁকে ছুঁতে পর্যন্ত পারে না। দু’খানা গোল, একটি অ্যাসিস্ট—কার্যত একা হাতে আটলান্টা ইউনাইটেডকে (Atlanta United) দুরমুশ করলেন আর্জেন্তিনীয় তারকা। হাসতে হাসতে জিতল ইন্টার মায়ামি (Inter Miami)। ৪–০ ব্যবধানে দাপুটে জয়, সঙ্গে ইস্টার্ন কনফারেন্সে টপ-থ্রিতে জায়গা পাকা!
চেজ স্টেডিয়ামের (Chase Stadium) রাতটা ছিল নিখাদ ‘মেসি-শো’! আগের দিনই আর্জেন্টিনার (Argentina) হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ না খেলে বিশ্রাম নিয়েছিলেন। একদিন পরেই সেই বিরতির ফল ঝলসে উঠল মাঠে—সেই পরিচিত ছন্দ, ঠান্ডা মাথায় ফিনিশিং আর অজস্র নিখুঁত পাস।
ম্যাচের বয়স তখন ৩৯ মিনিট। বালতাসার রদ্রিগেজের (Baltasar Rodriguez) ক্রস থেকে বল পেয়ে নিখুঁত কার্ভ শটে বাম কোণের জাল খুঁজে নিলেন মেসি—গোলকিপার ছুঁতে পারল না। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবার তাঁরই পাস থেকে গোল। দিলেন জর্দি আলবা (Jordi Alba)! লুপ করা বল, স্পেনীয় লেফ ট ব্যাকের বুদ্ধিদীপ্ত লব শট! যা সামলানোর ফুরসত পায়নি আটলান্টার রক্ষণ।
৬১ মিনিটে স্পটলাইটে লুইস সুয়ারেস (Luis Suarez)। বাড়ালেন ব্যবধান। আর ৮৭ মিনিটে মেসি নিজেই করলেন নিজের দ্বিতীয় গোল—আলবার অ্যাসিস্টে নিপুণ ফিনিশ। ৯০ মিনিট শেষে স্কোরবোর্ড চকচক করছে: ইন্টার মায়ামি ৪-০ আটলান্টা।
এই জয়ের সুবাদে এমএলএসে (MLS) অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করল মায়ামি (১৮ জয়, ৭ ড্র, ৮ হার)। আরও একধাপ উপরে উঠতে হলে এখন সিনসিনাটির (FC Cincinnati) ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। দুই দলই আপাতত সমান ৬২ পয়েন্টে।
মজার ব্যাপার হচ্ছে, গত মরশুমে প্লে-অফের প্রথম রাউন্ডেই এই আটলান্টার কাছে হেরেই ছিটকে গিয়েছিল মায়ামি। এবার মেসির নেতৃত্বে সেই পরাজয়ের প্রতিশোধ। এলএমটেনের গোলসংখ্যা এই মুহূর্তে ২৬—এমএলএসে সর্বোচ্চ। অ্যাসিস্টের (১৮) নিরিখে সান দিয়েগোর আন্দের্স ড্রেয়ার (Anders Dreyer)-এর সঙ্গে লিগে যৌথভাবে শীর্ষে।
গোলের ঝলক ছাড়াও দলে পুরনো ফর্মের ঝলক দেখালেন জর্ডি আলবা আর লুইস সুয়ারেস—সেই বার্সেলোনা দিনের মতোই বোঝাপড়া। পাশাপাশি গোলরক্ষক রকো রিয়োস নোভো (Rocco Rios Novo) রাখলেন ক্লিন শিট। চেজ স্টেডিয়ামে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ হোম ম্যাচ। আগামী বছর থেকে দল নামবে নতুন ঘরে—মায়ামি ফ্রিডম পার্কে (Miami Freedom Park)।