মেসি করলেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট, আর তাঁর দল নিউইয়র্ক সিটি এফসির বিরুদ্ধে জিতল ৪-০ গোলে।

লিওনেল মেসি
শেষ আপডেট: 25 September 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: ফের ফুটবলের যুবরাজ লিওনেল মেসির (Lionel Messi) জাদু, আর যার জেরে ইন্টার মায়ামি জায়গা করে নিল মেজর লিগ সকার কাপের প্লে-অফে (Inter Miami into MLS playoffs)। মেসি করলেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট, আর তাঁর দল নিউইয়র্ক সিটি এফসির বিরুদ্ধে জিতল ৪-০ গোলে। মায়ামির হয়ে বাকি দুই গোল করেন লুইস সুয়ারেজ ও তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকার বালতাজার রড্রিগেজ।
এদিনের দুই গোলের পর ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এমএলএসের গোলদাতার তালিকায় একক ভাবে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক। সেই সঙ্গে টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে নজির গড়লেন তিনি। চলতি মরশুমে মেসির অ্যাসিস্টের সংখ্যা ১৩। ৩৮ বছর বয়সেও তিনি যেভাবে খেলে চলেছেন, তা দেখে আগামী বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতেই পারেন আর্জেন্টিনার সমর্থকরা।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করার পর অবশেষে ইন্টার মায়ামি এগিয়ে যায় ৪৩ মিনিটে। প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসের নিখুঁত পাস থেকে মেসির থ্রু পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগেজ। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
Messi drops a dime for Baltasar Rodríguez and @InterMiamiCF take the lead. 👏 pic.twitter.com/HH5dvCbKbf
— Major League Soccer (@MLS) September 25, 2025
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় ডেভিড বেকহ্যামের দল। ৭৪ মিনিটে মেসি নিজের প্রথম গোলটি করেন ডি-বক্সে ঢুকে দুর্দান্ত চিপ শটে। এরপর ৮৩ মিনিটে পেনাল্টি থেকে সুয়ারেজের গোল দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। লিগস কাপ ফাইনালে সিয়াটলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক কর্মকর্তার দিকে থুতু ছোড়ার কারণে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় থাকার পর এই ম্যাচে নেমেই গোল করলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। ৮৬ মিনিটে মেসির নিখুঁত ফিনিশিং নিউ ইয়র্ক সিটির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।
এই জয়ের পর ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে আছে দুই ম্যাচ। ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়েও টিকে আছে ইন্টার মায়ামি।