দুজনেই জানিয়েছেন সলমন আঘার নেতৃত্বাধীন এই দল স্পিন আক্রমণের বিরুদ্ধে খুবই দুর্বল।

শোয়েব-আঘা-মিসবাহ
শেষ আপডেট: 25 September 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। আজ মরণ-বাঁচন ম্যাচে সলমন আঘা ব্রিগেড মুখোমুখি হবে বাংলাদেশের। এই ম্যাচে যে জিতবে সে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে।
শ্রীলঙ্কাকে হারালেও পাকিস্তানকে নিয়ে আত্মবিশ্বাসী নন সে দেশের প্রাক্তন ক্রিকেটাররাই। তাঁদের মতে এই দল পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্যের প্রতি সুবিচার করছে না। এই বিষয়ে নিজেদের অস্বস্তির কথা জানিয়েছেন প্রাক্তন দুই পাক তারকা শোয়েব আখতার ও মিসবাহ-উল-হক (Shoaib Akthar, Misbah-Ul-Haq)। দুজনেই জানিয়েছেন সলমন আঘার নেতৃত্বাধীন এই দল স্পিন আক্রমণের বিরুদ্ধে খুবই দুর্বল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে পাকিস্তান জিতলেও এই দলকে রীতিমতো তুলোধনা (Slams Pakistan) করেছেন এই দুই প্রাক্তন ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। কিন্তু ৫৭ রানে তাদের হারাতে হয়েছিল চারটি উইকেট। এরপর ৮০ রানে পতন হয় পঞ্চম উইকেটের। ওই সময় ওয়ানিন্দু হাসারাঙ্গা আর মহিশ তিকসানার স্পিনাস্ত্রে রীতিমতো অসহায় বোধ করছিলেন পাক ব্যাটাররা। হাসারাঙ্গা ও তিকসানা নেন দুটি করে উইকেট। শেষ পর্যন্ত হুসেইন তালাত ও মহম্মদ নওয়াজের অপরাজিত ৫৮ রানের জুটি পাকিস্তানকে জিতিয়ে ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখে।
প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের মতে, পাকিস্তানের প্রধান দুর্বলতা হল মিডল অর্ডার ব্যাটিং। ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে শোয়েব অধিনায়ক সলমন আঘা ও উইকেরক্ষক-ব্যাটার হ্যারিসের নাম উল্লেখ করে বলেন, “এই দলের মিডল অর্ডার স্পিন একদমই খেলতে পারে না। সলমন ইনিংস গড়তে পারছে না। হ্যারিস ভেতরে ঢোকা বলে আটকে যাচ্ছে। বল বাইরে গেলে ও খেলতে পারে। ও প্রতিভাবান, ম্যাচে প্রভাব ফেলতে পারে। কিন্তু শেখা দরকার কখন শট খেলতে হবে, কখন নয়। কীভাবে এক-দুই আর বাউন্ডারির সংমিশ্রণে ইনিংস সাজাতে হয়।”
শোয়েবের পাশাপাশি পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং ও স্পিন খেলার দুর্বলতা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবাহও। তিনি মনে করেন, মিডল অর্ডার ব্যাটিং দুর্বল হওয়াতেই বারবার সমস্যায় পড়ছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছিল।
মিসবার শোয়েব আখতারের সুরে সুর মিলিয়ে বলেন, “আমাদের মিডল অর্ডারের সমস্যার সমাধান আশু প্রয়োজন। এই উইকেটে ভাল শুরুর পরও উইকেট ছুড়ে দিয়ে বড় স্কোর করতে পারছে না আঘারা। আপনি ১০ বলে ২৪ রান করলেন। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে যদি দুটি উইকেট পড়ে যায়, তখন পরের ব্যাটারদের ওপর চাপ বেড়ে যায়।”
মিসবাহর মতে আগামী ম্যাচগুলিতে পাকিস্তানের টপ অর্ডার যদি বড় দায়িত্ব নিতে না পারে, তাহলে আবার বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্য কম থাকলেও শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। এই প্রসঙ্গে প্রাক্তন এই পাক অধিনায়ক বলেন, “আমাদের সত্যিই ভাবার সময় এসেছে। যখন জেতার জন্য করতে হবে মাত্র ১৩৩ রান, তখন টপ অর্ডারের কারও ৭০-৮০ রান করা উচিত। এতে চাপ কমে যায়। আর এটা না হলে মিডল অর্ডার সব সময় চাপে থাকবে। ভাল মানের স্পিনারদের সামলানো তখন আরও কঠিন হয়ে উঠবে।”