২০২৫ সালের হিসেবে বনতারায় হাতি, সিংহ, চিতা, কুমির, সরীসৃপ, পাখি—সুদ্ধ দু’হাজারের বেশি প্রজাতির প্রায় দেড় লক্ষ প্রাণী রয়েছে।

লিওনেল মেসি
শেষ আপডেট: 16 December 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: অনুরাগীদের সঙ্গে হ্যান্ডশেক, স্টেডিয়ামের উন্মাদনা, জার্সি বিনিময়, বক্তৃতা—সব মিটল। ভারতের ‘গোট ট্যুর’-এর (Lionel Messi in India) শেষ দিনে আচমকাই সূচি বদল। দিল্লির অনুষ্ঠান পর্ব শেষ করেই লিওনেল মেসি (Lionel Messi) পাড়ি দিলেন গুজরাতের জামনগরে। গন্তব্য—আম্বানিদের বহু চর্চিত বনতারা (Vantara)। এক রাতের জন্য সেখানে থাকার কথা বিশ্বফুটবলের মহাতারকার (Messi in Vantara)। সূত্রের খবর, অনন্ত আম্বানির আমন্ত্রণেই এই সফর। প্রশ্ন উঠছে—বনতারায় কী এমন আছে, যে ভারতের সফরের ‘ফিনালে’ সেখানেই কাটাতে চলেছেন মেসি?
কেন আর সব ছেড়ে বনতারা?
লিওনেল মেসি শুধুই ফুটবলার নন, আন্তর্জাতিক ব্র্যান্ড। তাঁর প্রতিটি উপস্থিতি, প্রতিটি ঘণ্টার দাম নির্দিষ্ট। কলকাতা থেকে দিল্লি—‘মেসির সঙ্গে দেখা করা’-র টিকিটের দাম ১০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। সেই আবহে হঠাৎ বনতারায় যাওয়ার সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে।
শোনা যাচ্ছে, এই সফরের জন্য মেসিকে কয়েক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। কেউ কেউ ৫০ কোটির অঙ্কও বলছেন! যদিও আয়োজক বা আম্বানিদের তরফে এই তথ্যের কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। পিটিআই গতকালই জানিয়েছে, ভারত সফরের শেষ রাতে মেসি ও তাঁর সঙ্গীরা—লুই সুয়ারেজ (Luis Suarez)-সহ—বনতারায় থাকবেন।
বনতারার জন্মকথা: কী এই প্রকল্প?
বনতারা (Vantara)—অর্থাৎ, ‘বনের নক্ষত্র’। রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে ওঠা প্রাণী উদ্ধার, পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্রটি গুজরাতের জামনগর জেলার মোতিখাভদি গ্রামে প্রায় সাড়ে তিন হাজার একর এলাকায় বিস্তৃত। আনুষ্ঠানিক সূচনা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। পরে ২০২৫ সালের মার্চে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিলায়েন্সের দাবি, এটি কোনও সাধারণ চিড়িয়াখানা নয়। আহত, বিপন্ন ও উদ্ধার হওয়া প্রাণীদের দীর্ঘমেয়াদি পরিচর্যা ও পুনর্বাসনই মূল লক্ষ্য। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।
হাতি থেকে ম্যাকাও: ভিতরে কী কী আছে?
২০২৫ সালের হিসেবে বনতারায় হাতি, সিংহ, চিতা, কুমির, সরীসৃপ, পাখি—সুদ্ধ দু’হাজারের বেশি প্রজাতির প্রায় দেড় লক্ষ প্রাণী রয়েছে। এ ছাড়া হাতিদের জন্য আছে আলাদা হাসপাতাল, হাইড্রোথেরাপি পুল, আধুনিক চিকিৎসা পরিকাঠামো। প্রায় ৬৫০ একর জুড়ে গ্রিনস জুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (GZRRC)। বাকি অংশে ভেটেরিনারি ইউনিট, গবেষণা কেন্দ্র, কোয়ারান্টিন জোন। এখানেই থাকতে পারেন মেসি—প্রাণীদের কাছ থেকে খুব কাছ থেকে দেখার আমেজ নিতে!
অতীতে উঠেছে প্রশ্ন, বিতর্কও!
যত বড় প্রকল্প, তত বিতর্ক। বনতারাকে ঘিরে অভিযোগ—বন্যপ্রাণ আমদানি, নৈতিকতা, ব্যক্তিগত প্রদর্শনের জন্য প্রাণী ব্যবহার, এমনকি সাংবাদিকদের ভয় দেখানোরও। হাতি ‘মহাদেবী’-র স্থানান্তর নিয়ে মহারাষ্ট্রে প্রতিবাদ হয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (SIT) ২০২৫ সালের সেপ্টেম্বরে বনতারাকে ক্লিনচিট দেয়। যদিও আন্তর্জাতিক স্তরে (CITES-এর) আপত্তি নতুন করে প্রশ্ন তুলেছে। এই সব ঝুটঝামেলার মধ্যেই মেসির সফর (Lionel Messi Vantara) বনতারাকে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এল।
ভারত ছাড়ার আগে দিল্লিতে দাঁড়িয়ে মেসি (Messi in India) বলেছিলেন, ‘এই ক’দিনে যে ভালবাসা পেয়েছি, তা অবিশ্বাস্য। আমরা নিশ্চয়ই আবার ফিরব!’ সেই ‘ফিরে আসা’-র (GOAT Tour) আগেই এক রাত বনতারায় (Messi in Vantara)। প্রশ্নটা তাই আরও জোরালো—সফর কি শুধুই সৌজন্যের, নাকি এর নেপথ্যে আরও বড় কোনও বার্তা লুকিয়ে?