ভারতীয় দল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল নিয়ে থাইল্যান্ডে গিয়েছিল। সেই দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি, ডিফেন্ডার মেহতাব সিং এবং শুভাশিস বোস।

ভারতীয় দলের অনুশীলন
শেষ আপডেট: 5 June 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: গতকাল থাইলান্ড্যের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ০-২ গোলে হেরে গিয়েছে মানোলো মার্কুয়েজের (Manolo Marquez) ছাত্ররা। এদিকে সামনেই রয়েছে হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের (AFC Asian Cup qualifier against Hong Kong) ম্যাচ। সেই ম্যাচের আগে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল ভারত (Indian Football Team)। কিন্তু গোল করতে না পারার ব্যর্থতা প্রকট হয়েছে সেই ম্যাচে।
থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরদিনই ভারতীয় পুরুষ জাতীয় দলের প্রধান কোচ মানোলো মার্কুয়েজ ১০ জুন হংকংয়ের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৫ জনের দল ঘোষণা করলেন। প্রাথমিকভাবে, ভারতীয় দল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল নিয়ে থাইল্যান্ডে গিয়েছিল। সেই দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি, ডিফেন্ডার মেহতাব সিং এবং শুভাশিস বোস (Subhasish Bose)। তাঁরা সরাসরি থাইল্যান্ড থেকে ভারতে ফিরে আসবেন। বাকি ২৫ জন হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য ব্যাংককে চলে গিয়েছেন।
গত আইএসএলে সেরা ফুটবলার হয়েছিলেন মোহনবাগানের শুভাশিস বোস। রক্ষণ সামলানোর পাশাপাশি ছয়টি গোল করেছিলেন তিনি। সেই শুভাশিস বাদ পড়ায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জাতীয় দলে একমাত্র বঙ্গ ফুটবলার ছিলেন শুভাশিস। তিনিও বাদের খাতায় চলে যাওয়ায় ভারতীয় ফুটবল দল এখন বাঙালি শূন্য।
মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে ভারত তাদের বাছাইপর্ব অভিযান শুরু করেছিল। থাইল্যান্ডের কাছে সাম্প্রতিক হারের পর, গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে চাপ বাড়ছে। ভারতের গ্রুপের চারটি দলেরই প্রথম রাউন্ডের ম্যাচের পর সংগ্রহে রয়েছে একটি করে পয়েন্ট।
হংকংয় ম্যাচের জন্য ভারতের ২৫ সদস্যের দল:
গোলরক্ষক: বিশাল কাইথ, গুরমিত সিং চাহাল, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, টেকচাম অভিষেক সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্ত সিং কুমাম, লালেংমাউয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেস, নিখিল প্রভু।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।
প্রধান কোচ: মানোলো মার্কুয়েজ।