সিটি ম্যানেজার বলছেন, ‘দশ বছরে পাঁচবার লিগ কাপের ফাইনাল—এটা বড় মাইলস্টোন। ট্রফি জিতলে আরও জেতার খিদে বাড়ে।’

উচ্ছ্বসিত ম্যান সিটি
শেষ আপডেট: 5 February 2026 15:40
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশিতভাবেই কারাবাও কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি, ছিটকে গেল নিউক্যাসল ইউনাইটেড। ঘরের মাঠ এতিহাদে প্রথমার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় পেপ গুয়ার্দিওলার টিম। সেমিফাইনালের ৩–১ জয়, দুই লেগ মিলিয়ে ৫–১—ফাইনালের টিকিট পাকা। সামনে অপেক্ষা করছে আর্সেনাল (Arsenal)।
ম্যাচের শুরু থেকে আগ্রাসন দেখায় ম্যান সিটি। সাত মিনিটের মাথায় কিছুটা ভাগ্যের জোরে গোল পান ওমর মারমুশ (Omar Marmoush)। নিউক্যাসল ডিফেন্ডার ড্যান বার্ন (Dan Burn) ক্লিয়ার করতে গেলে বল নিজের গায়ে লাগে। তারপর জালে ঢুকে যায়। এই গোল যতটা ভাগ্যের, ততটাই সিটি টিমের যৌথ চাপের ফল। যদিও এরপরও সুযোগ পেয়েছিল নিউক্যাসল (Newcastle United)। জো উইলক (Joe Willock) আর অ্যান্থনি গর্ডনের (Anthony Gordon) শট সামলে সিটিকে সামলে রাখেন গোলকিপার জেমস ট্রাফোর্ড (James Trafford)।
মারমুশ–রেইনডার্সের ধাক্কা, স্বপ্নভঙ্গ নিউক্যাসলের
২৯ মিনিটে ফের আঘাত মারমুশের। কিরেন ট্রিপিয়ারের (Kieran Trippier) ভুল ক্লিয়ারেন্সে প্রায় গোললাইন থেকে হেডে বল জড়ায় জালে। নিউক্যাসল তখন পুরোপুরি ব্যাকফুটে। তিন মিনিট পর দ্রুত কাউন্টার থেকে ম্যাচ শেষ করে দেন টাইজানি রেইনডার্স (Tijjani Reijnders)। অ্যান্থনি সেমেনিওর (Antoine Semenyo) সঙ্গে ওয়ান–টু খেলায় বক্সে ঢুকে নিখুঁত ফিনিশ—৩–০।
দ্বিতীয়ার্ধে সিটি আর গিয়ার বদলানোর প্রয়োজন মনে করেনি। ম্যাচের গতি কমে আসে। ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা (Anthony Elanga) একক প্রচেষ্টায় ব্যবধান কমালেও ফলাফলে কোনও প্রভাব পড়েনি। নিউক্যাসলের কোচ এডি হাও (Eddie Howe) ম্যাচের পর স্বীকার করে নেন, প্রথমার্ধেই তাঁর দল হেরে গিয়েছে!
এই জয়ের সুবাদে ২০২১ সালের পর ফের লিগ কাপের ফাইনালে ফিরল সিটি। আর সেটাও নিউক্যাসলের মতো বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে—বার্তাটা স্পষ্ট। ২২ মার্চ ওয়েম্বলিতে (Wembley) ফাইনাল। প্রতিপক্ষ আর্সেনাল—প্রিমিয়ার লিগে সিটির প্রধান প্রতিদ্বন্দ্বী। চেলসিকে হারিয়ে সিট বুক করেছে মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। উল্লেখযোগ্যচ, ২০১৮ সালের লিগ কাপ ফাইনালে এই আর্সেনালকে হারিয়ে গুয়ার্দিওলার সিটি প্রথম ট্রফি জিতেছিল। তখন আর্তেতা ছিলেন গুয়ার্দিওলার সহকারী।
সিটি ম্যানেজার বলছেন, ‘দশ বছরে পাঁচবার লিগ কাপের ফাইনাল—এটা বড় মাইলস্টোন। ট্রফি জিতলে আরও জেতার খিদে বাড়ে।’ একই সঙ্গে তিনি মানছেন, প্রিমিয়ার লিগে পরিস্থিতি কঠিন। লিভারপুল ম্যাচ সামনে, লিগ টেবিলে আর্সেনালের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে তাঁর দল। শেষ মরশুমে কোনও ট্রফি না জেতার হতাশা এখনও টাটকা। সেই ‘শূন্যতা’ ভরাট করার বড় সুযোগ লিগ কাপ। আর প্রতিপক্ষ যদি হয় আর্সেনাল, তবে উত্তেজনা বেড়ে যায় কয়েক গুণ!