গত সিজনের লিগ চ্যাম্পিয়ন। কিন্তু সেটা নামে। খেলতে নামলে বোঝার উপায় নেই, এটাই লিভারপুল কি না! এতটাই ছন্নছাড়া ফুটবল, মনে হবে, বুঝি অবনমন ঠেকাতে মাঠে নেমেছেন মহম্মদ সালাহরা!

ক্রিস্টাল প্যালেস
শেষ আপডেট: 30 October 2025 11:05
দ্য ওয়াল ব্যুরো: গত সিজনের লিগ চ্যাম্পিয়ন। কিন্তু সেটা নামে। খেলতে নামলে বোঝার উপায় নেই, এটাই লিভারপুল (Liverpool) কি না! এতটাই ছন্নছাড়া ফুটবল, মনে হবে, বুঝি অবনমন ঠেকাতে মাঠে নেমেছেন মহম্মদ সালাহরা!
প্রিমিয়ার লিগে হারের ধারাবাহিকতা চলছে। এবার সেটাই চারিয়ে গেল লিগ কাপে। বুধবার অ্যানফিল্ডে (Anfield) ঘরের মাঠেই কারাবাও কাপের (League Cup) ম্যাচে ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) কাছে ৩ গোলে হেরে ছিটকে গেল আর্নে স্লটের (Arne Slot) দল। এই নিয়ে গত ৭ ম্যাচে ৬ নম্বর পরাজয় হজম করল লিভারপুল!
কার্যত প্রথমার্ধেই ম্যাচ শেষ। প্যালেসের সেনেগালিজ উইঙ্গার ইসমায়লা সার (Ismaila Sarr) ৪১ ও ৪৫ মিনিটে দুটি গোল করে লড়াইয়ের দফারফা করে দেন। দ্বিতীয়ার্ধে ইয়রেমি পিনো (Yeremy Pino) ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান। ৩–০ ফলেই ম্যাচ শেষ। চলতি মরশুমে কমিউনিটি শিল্ড, প্রিমিয়ার লিগ এবং এবার কারাবাও কাপ মিলিয়ে তিনটি আলাদা প্রতিযোগিতায় লিভারপুলের বিরুদ্ধে গোল করলেন সার!
এই ম্যাচে মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন ডাচ ম্যানেজার আর্নে স্লট। মহম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইক, কোডি গ্যাকপো—কেউই ছিলেন না প্রথম একাদশে, এমনকি বেঞ্চেও নয়! তরুণদের নিয়ে নামা এই দলকে শুরু থেকেই কোণঠাসা করে রাখে প্যালেস।
আরও বিপত্তি ঘনিয়ে ওঠে সেকেন্ড হাফে। ৬৭ মিনিটে বদলি হিসেবে নামা ১৮ বছর বয়সি ডিফেন্ডার আমারা নালো (Amara Nallo) ১২ মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন—কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে দু’বার একই ঘটনা! ম্যাচ শেষে স্লটের যুক্তি, ‘আমাদের হাতে এখন ১৫–১৬ জন প্রথম সারির খেলোয়াড় আছে। তাই এই দল নিয়ে খেলতে হয়েছে। কেউ কেউ একে বিতর্কিত বলতে পারেন, কিন্তু আমাদের এমন অবস্থায় এটাই একমাত্র উপায়!’
দিনের বাকি ম্যাচগুলোয় শীর্ষ ক্লাবগুলোর মধ্যে জিতেছে আর্সেনাল (Arsenal), ম্যানচেস্টার সিটি (Manchester City) ও চেলসি (Chelsea)। আর্সেনাল ২–০ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ১৫ বছর বয়সি ম্যাক্স ডাওম্যান (Max Dowman) ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সি স্টার্টার হিসেবে নামেন। ইথান নোয়ানেরি ও বদলি হিসেবে নামা বুকায়ো সাকা করেন বাকি দুটি গোল।
দ্বিতীয় ডিভিশনের সোয়ানসিকে (Swansea) ৩–১ ব্যবধানে হারায় ম্যান সিটি। দলের পক্ষে গোল করেন জেরেমি ডোকু, ওমর মারমুশ ও রায়ান চেরকি। স্ট্রাইকার আর্লিং হালান্ডকে (Erling Haaland) প্রত্যাশিতভাবে বিশ্রাম দেওয়া হয়।
যদিও সবচেয়ে নাটকীয় ম্যাচের সাক্ষী মলিনিউ (Molineux) স্টেডিয়াম, যেখানে চেলসি ৪–৩ ব্যবধানে হারিয়ে দেয় উলভারহ্যাম্পটনকে (Wolverhampton)। আন্দ্রে সান্তোস, টাইরিক জর্জ ও এস্তেভাও প্রথমার্ধে তিনটি গোল করেন। পরে উলভস লড়াইয়ে ফিরে আসে, কিন্তু শেষ পর্যন্ত জেমি গিটেন্সের গোলে জয় তুলে নেয় চেলসি। দিনের অন্তিম ম্যাচে নিউক্যাসল (Newcastle) ২–০ ব্যবধানে হারায় টটেনহ্যামকে (Tottenham)।
কোয়ার্টার ফাইনালের সূচি:
আর্সেনাল বনাম ক্রিস্টাল প্যালেস
কার্ডিফ বনাম চেলসি
ম্যান সিটি বনাম ব্রেন্টফোর্ড
নিউক্যাসল বনাম ফুলহ্যাম