যদিও মাঠের পরিস্থিতি এখনও সংকটজনক। চলতি সিজনের শুরুতে চার ম্যাচে মাত্র চার পয়েন্ট। দুই ম্যাচে লজ্জাজনক হার। বাইরেও চলছে রদবদল। কর্মী ছাঁটাই।

ওল্ড ট্র্যাফোর্ড
শেষ আপডেট: 18 September 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: মাঠে হতাশা। কিন্তু খাতায় খুশির অঙ্ক। ইংল্যান্ডের ঐতিহাসিক ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) প্রিমিয়ার লিগে (Premier League) গত বছর জঘন্য মরশুম কাটিয়েও রেকর্ড আয়ে গড়েছে নজির। ২০২৪-২৫ সিজনে ভাঁড়ারে ঢুকেছে ৬৬৬.৫ মিলিয়ন পাউন্ড। ক্লাবের ইতিহাসে যা সর্বোচ্চ।
অথচ মাঠের ফলে ভরাডুবি। লিগ টেবিলে ১৫ নম্বর। ১৯৭৩-৭৪ মরশুমের পর সবচেয়ে খারাপ দশা। শুধু তাই নয়, ইউরোপীয় প্রতিযোগিতাতেও দল জায়গা পায়নি। এ বছর কারাবাও কাপেও বিদায় নিতে হয়েছে চতুর্থ ডিভিশনের গ্রিমসবির (Grimsby Town) কাছে হেরে!
তাহলে এই বিপুল রাজস্বের রহস্য কী? উত্তর লুকিয়ে স্পনসরশিপে। গত মৌসুমে শুরু হয়েছে স্ন্যাপড্রাগনের (Snapdragon) সঙ্গে পাঁচ বছরের জার্সি স্পনসরশিপ। সেখান থেকেই এসেছে ৩৩৩.৩ মিলিয়ন পাউন্ড। সঙ্গে রেকর্ড ম্যাচ–ডে রাজস্ব—১৬০.৩ মিলিয়ন পাউন্ড। যে কারণে লোকসানও কমেছে নাটকীয়ভাবে। আগের বছরের তুলনায় ৭০.৮ শতাংশ হ্রাস পেয়ে ক্ষতির পরিমাণ মাত্র ৩৩ মিলিয়ন পাউন্ড। ম্যানইউ-র নয়া সিইও ওমর বেরাদার (Omar Berrada) মন্তব্য, ‘এত প্রতিকূল পরিস্থিতিতেও রেকর্ড আয়ই ম্যানচেস্টার ইউনাইটেডের স্থিতিশীলতার প্রমাণ!’
যদিও মাঠের পরিস্থিতি এখনও সংকটজনক। চলতি সিজনের শুরুতে চার ম্যাচে মাত্র চার পয়েন্ট। দুই ম্যাচে লজ্জাজনক হার। বাইরেও চলছে রদবদল। কর্মী ছাঁটাই। ১০০০ থেকে নেমে সংখ্যাটা নেমে এসেছে ৭০০-এ। খরচ বাঁচাতে মজুরি কমানো হয়েছে ৫১.৫ মিলিয়ন পাউন্ড। যা এই মুহূর্তে ৩১৩.২ মিলিয়নে। ক্লাবের দাবি, সঞ্চিত অর্থ খেলোয়াড় কেনা ও স্কোয়াডে বিনিয়োগে কাজে লাগবে। একইসঙ্গে প্রিমিয়ার লিগ ও উয়েফার আর্থিক নিয়মও মানাও সম্ভব হবে।
ডেলোয়েটের (Deloitte) সাম্প্রতিক সমীক্ষায় ম্যানইউ এখনও বিশ্বের চতুর্থ সর্বাধিক রাজস্ব অর্জনকারী ক্লাব। তাদের উপরে রয়েছে শুধু রিয়াল মাদ্রিদ (Real Madrid, £883m), ম্যানচেস্টার সিটি (Manchester City, £708m) এবং পিএসজি (Paris Saint-Germain, £681m)। ইউনাইটেড কর্তৃপক্ষের আশা, ২০২৫-২৬ সিজন শেষে তাদের রাজস্ব দাঁড়াবে ৬৪০ থেকে ৬৬০ মিলিয়ন পাউন্ডের মধ্যে। বেরাদা আশাবাদী: ‘আমাদের খরচ কমানোর কর্মসূচির সুফল শিগগিরই ধরা দেবে। আর্থিক সাফল্যই গড়ে দেবে মাঠে সাফল্যের ভিত!’