রিয়ালের গতিহীন ফুটবল স্পষ্ট করে দিয়েছে—এই দলের সমস্যা শুধু ফলাফল নয়, পরিকল্পনাতেও।

ম্যান সিটি
শেষ আপডেট: 11 December 2025 10:37
দ্য ওয়াল ব্যুরো: সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। কোচ জাবি আলন্সোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই, এবার সেই আগুনে আরও ঘি ঢালল হালান্ডদের জয়। ম্যাচের ২৮ মিনিটে রদ্রিগো গোল করে রিয়ালকে এগিয়ে দিলেও পরে নিকো ও’রিলি এবং শেষ পর্যন্ত আর্লিং হালান্ডের (Erling Haaland) পেনাল্টি পেপ গুয়ার্দিওলার ছেলেদের ম্যাচে ফিরিয়ে আনে।
রিয়াল গত আট ম্যাচে দু’টোর বেশি জয় পায়নি। শীর্ষ আটে থাকার লড়াইও কঠিন হয়ে উঠছে। আরও বড় ধাক্কা—কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) হাঁটুর চোটে বেঞ্চে। তাঁর জায়গায় তরুণ গনসালো গার্সিয়াকে নামান আলন্সো। প্রথমার্ধে রিয়াল বেশ ছন্দে থাকলেও গোলকিপার কুর্তোয়ার (Thibaut Courtois) ভুলে সিটির সমতা। বিরতির ঠিক আগে রুডিগার হালান্ডকে ডি-বক্সে ফেলে দেওয়ায় সিটি পেনাল্টি পায় এবং সেখানেই ঘুরে যায় ম্যাচের মোড়।
দ্বিতীয়ার্ধে রিয়ালের কিছু সুযোগ এসেছিল। জুড বেলিংহাম (Jude Bellingham) যা হেলায় নষ্ট করেন। আলন্সো বদলি হিসেবে নামান আরদা গুলারকে। এন্দ্রিকেও যোগ দেন। কিন্তু তাতে লাভ হয়নি। রিয়ালের গতিহীন ফুটবল স্পষ্ট করে দিয়েছে—এই দলের সমস্যা শুধু ফলাফল নয়, পরিকল্পনাতেও।
আর্সেনালের ধারাবাহিকতা
ব্রুজের মাঠে ৩-০ জিতে টানা ছ’টি ম্যাচে জয় পেল আর্সেনাল। ননি মাদুয়েকে (Noni Madueke) করেন দু’টি, একটি গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর্সেনাল এখন নকআউট স্টেজে সরাসরি জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। খেলার শেষে মাদুয়েকে বলেন—‘প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ দু’টোই জেতার ক্ষমতা আছে আমাদের!’
পিএসজির হোঁচট
আথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল পিএসজি। ওসমান দেম্বেলে অসুস্থ। তিনি না থাকায় আক্রমণে ধার কমে যায়। দ্বিতীয়ার্ধে কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট হয়। বারকোলা পোস্টে মারেন, জায়ের-এমেরির শট বাঁচান বিলবাও গোলরক্ষক। পয়েন্ট হারালেও তালিকায় পিএসজি আপাতত সুবিধাজনক জায়গায় রয়েছে।
লেভারকুসেন–নিউক্যাসল
৮৮ মিনিটে আলেক্স গ্রিমালদোর গোলে নিউক্যাসলকে ২-২ এ আটকে দিল লেভারকুসেন। এর আগে নিজেদের গোলেই পিছিয়ে পড়া ইংল্যান্ডের টিম গর্ডনের পেনাল্টি এবং লুইস মাইলির হেডে ২-১ এগিয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে জার্মান দল সমতা ফিরিয়ে অন্তত এক পয়েন্ট ছিনিয়ে নিল।
অন্যান্য ফল
বেনফিকায় ২-০ হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে নাপোলি। বরুশিয়া ডর্টমুন্ডও বোডো/গ্লিম্টের বিরুদ্ধে ২-২ ড্র করে লিড নষ্ট করেছে। আয়াখস ৪-২ স্কোরলাইনে জিতেছে কারাবাখের বিরুদ্ধে। কোপেনহেগেন শেষ মুহূর্তে গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে পরাস্ত করল।