চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারকে হারাল লিভারপুল। জিতল বায়ার্ন, টটেনহ্যাম ও বার্সেলোনাও। ইতালিতে চেলসির স্বপ্নভঙ্গ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ফলাফল ও হাইলাইটস এক ঝলকে।

শেষ আপডেট: 10 December 2025 07:47
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ সালাহকে (Mohamed Salah) ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হয়েছিল লিভারপুলকে (Liverpool)। তবু সমস্যা হয়নি। ৮৮ মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের (Dominik Szoboszlai) পেনাল্টির সুবাদে ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে ১-০ ব্যবধানের মূল্যবান জয় ছিনিয়ে নিল আর্নে স্লটের (Arne Slot) দল। পরপর খারাপ ফলের পর এই জয় লিভারপুলকে আবারও টপ–৮-এর লড়াইয়ে ফেরাল। ইন্টার নেমে গেল পঞ্চম স্থানে।
৩১ মিনিটে ইব্রাহিমা কোনাতে হেডে বল জালে পাঠালেও ভিএআর–এর পর্যালোচনায় গোল বাতিল হয়। দেখা যায়, ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk) হয়ে বল লেগেছিল হুগো একিতিকে-র (Hugo Ekitike) হাতে। ম্যাচের শেষ দিকে যদিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিই ফের সহায় হয়ে ওঠে লিভারপুলের। আলেসান্দ্রো বাস্তোনির (Alessandro Bastoni) ফাউলে বক্সে ফ্লোরিয়ান ভির্তজ (Florian Wirtz) পড়ে যান। সোবোস্লাই স্পট কিক থেকে ম্যাচের নিষ্পত্তি করেন।
বায়ার্নের তরুণ তারকার ঝলক
দিনের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ (Bayern Munich)–এর ১৭ বছরের মিডফিল্ডার লেনার্ট কার্ল (Lennart Karl) আবারও নজর কাড়লেন। স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ৩-১ জয়ের ম্যাচে দুরন্ত ভলিতে নিজের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ গোল করলেন তিনি। ৬৫ মিনিটে সার্জ গ্নাব্রি (Serge Gnabry) সমতা ফেরানোর পর ৬৯ মিনিটে কার্লের গোল। ৭৭–এ জনাথন তাহ (Jonathan Tah) ব্যবধান বাড়ান। জশুয়া কিমিখের (Joshua Kimmich) আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও বায়ার্ন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘ চোটের পর আলফোনসো ডেভিসও (Alphonso Davies) এদিন মাঠে ফেরেন।
ইতালিতে ধাক্কা খেল চেলসি
আটালান্টার (Atalanta) বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরে টপ–৮ থেকে ১১তম স্থানে নেমে গেল চেলসি (Chelsea)। জোয়াও পেদ্রোর (Joao Pedro) গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে ম্যাচ হাতছাড়া করে তারা। চার্লস ডে কেটেলারে (Charles De Ketelaere) প্রথমে সমতা ফেরান, পরে ৮৩ মিনিটে তাঁর-ই শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে ঢুকে যায়।
আটালান্টা চারটি জয় ছিনিয়ে নিয়ে উঠে এল তৃতীয় স্থানে।
বার্সেলোনার প্রত্যাবর্তন, রেকর্ড লামিন ইয়ামালের
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের (Eintracht Frankfurt) বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতল বার্সেলোনা (Barcelona)। দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেন জুলে কুন্দে (Jules Koundé)৷ তিন মিনিটে দু'খানা হেডে গোল করেন তিনি। প্রথম অ্যাসিস্ট মার্কাস র্যাশফোর্ডের (Marcus Rashford), দ্বিতীয়টি লামিন ইয়ামালের (Lamine Yamal)। যিনি অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় হিসেবে ভাঙলেন কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappé) সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের রেকর্ড। ফ্রাঙ্কফুর্টের গোলদাতা আনসগার কনাউফ (Ansgar Knauff)।
টটেনহ্যামের স্বস্তির জয়
টটেনহ্যাম (Tottenham) স্লাভিয়া প্রাগকে ৩-০ হারাল। একটি আত্মঘাতী গোল, দুটি পেনাল্টি—সহজ জয় লন্ডনের দলের। গ্যালারির বিতর্কিত ‘রেইনবো ফ্ল্যাগ’ ইস্যুকে ছাপিয়ে গেল মাঠের ফল।
অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) পিএসভি-র বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পেল। মোনাকো ১-০ গোলে গালাতাসারেকে হারাল। অলিম্পিয়াকোস কাজাখস্তানে কাইরাতকে ১-০ স্কোরলাইনে পরাস্ত করেছে৷