শুক্রবারের হারের পর দশ ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দশম স্থানে মহামেডান।

অনুশীলনে মহামেডানের ফুটবলাররা
শেষ আপডেট: 22 August 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডান (Mohammedan)। এমনিতেই মাঠের বাইরে নানান সমস্যা, ম্যাচ থাকলে জোড়াতালি দিয়ে দল নামাতে হচ্ছে। আর তার ফলে যা হওয়ার সেটাই হাচ্ছে। হারতে হারতে কলকাতা ফুটবল লিগে (CFL) অবনমনের দোরগোড়ায় চলে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। এদিন তারা ভবানীপুরের (Bhawanipore) কাছে হেরে গেল ১-২ গোলে।
শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ হাতে নিয়ে নেয় সাইদ রামনের ভবানীপুর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ১১ মিনিটেই মহম্মদ মুশরফের গোলে এগিয়ে যায় ভবানীপুর। মহামেডানের রক্ষণ ও মাঝমাঠের মধ্যে কোনও তালমিল না থাকার সুযোগ নিয়ে একের পর এক আক্রমণ গড়তে থাকে সাইদ রামনের ছাত্ররা। বেশ কিছু সুযোগ ভবানীপুর পেলেও গোল হয়নি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
তবে দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া ভাব দেখা যায় মেহরাজউদ্দিন ওয়াডুর ছাত্রদের মধ্যে। প্রথমার্ধের ভুল শুধরে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় মহামেডান। ৫৪ মিনিটে সাদা-কালো ব্রিগেডকে সমতায় ফেরান সজল বাগ। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মহামেডান। কিন্তু তা অবশ্য বেশিক্ষণের জন্য নয়। ফের পুরনো রোগ সাদা-কালো ব্রিগেডের ঘাড়ে চেপে বসে।
৭৩ মিনিটে ফের এগিয়ে যায় ভবানীপুর। এবার গোলদাতা ক্রেগ মাংখানলিয়ান। এরপর আর কোনও গোল না হওয়ায় ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ে ভবানীপুর। এদিন জিতে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ভবানীপুর। শুক্রবারের হারের পর দশ ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দশম স্থানে মহামেডান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউনাইটেড এসসি।