ডুরান্ড কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ১.২১ কোটি টাকা পুরস্কার পাবে।

ডুরান্ড কাপ ২০২৫
শেষ আপডেট: 22 August 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup 2025) ১৩৪তম সংস্করণের জন্য রেকর্ড সংখ্যক পুরস্কার মূল্য (Prize Money) ঘোষণা করল আয়োজক কর্তৃপক্ষ। ভারতের সেনাবাহিনীর পরিচালিত এই টুর্নামেন্ট এশিয়ার সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা। ডুরান্ড কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ১.২১ কোটি টাকা পুরস্কার পাবে। যা এই প্রতিযোগিতার ইতিহাসে আগে কখনও ঘটেনি।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ডুরান্ড ফাইনাল। মুখোমুখি হবে ডায়মন্ড হারবার ও নর্থ-ইস্ট ইউনাইটেড। প্রথমবার ডুরান্ডে খেলতে নেমেই চমক জাগিয়েছে বাংলার ক্লাব ডায়মন্ড হারবার এফসি। তারা আইএসএলের তিন ক্লাব মহামেডান, জামশেদপুর এফসি ও ইস্টবেঙ্গলকে হারিয়েছে। সেমিফাইনালে তারা ইস্টবেঙ্গলকে হারায় ২-১ গোলে। এদিকে নর্থ-ইস্ট হল ডুরান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ডুরান্ড কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, কাল যারা জিতবে তারা পাবে ১.২১ কোটি টাকা।
এই বছরের শুরুতে ডুরান্ড কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, প্রতিযোগিতার ১৩৪তম সংস্করণে গত বছরের তুলনায় মোট পুরস্কার মূল্যের ২৫০ শতাংশ বাড়ানো হবে। গত বছর মোট পুরস্কার মূল্য ছিল ১.২ কোটি টাকা, যা এবার বেড়ে হয়েছে তিন কোটি টাকা।
দলগত পুরস্কার:
• চ্যাম্পিয়ন- ১.২১ কোটি টাকা
• রানার্স-আপ- ৬০ লক্ষ টাকা
• সেমিফাইনালে হেরে যাওয়া দল- ২৫ লক্ষ টাকা
• কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল- ১৫ লক্ষ টাকা
ব্যক্তিগত পুরস্কার:
গোল্ডেন বল (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়), গোল্ডেন বুট (সর্বোচ্চ গোল স্কোরার) ও গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক) বিজয়ীরা প্রত্যেকে ৩ লক্ষ টাকা করে পাবেন, এবং একটি নতুন মাহিন্দ্রা XUV 3XO SUV পাবেন।