স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন জোতা। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ হাইওয়েতে যখন তিনি তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তখনই ঘটে দুর্ঘটনা। জোতার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।

দিয়োগো জোতা
শেষ আপডেট: 3 July 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: দুই সপ্তাহ আগেই বিয়ে হয়েছিল লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতার। আর এর মধ্যেই ঘটে গেল মারাত্মক অঘটন। ২৮ বছরেই শেষ হয়ে গেল এই তারকা স্ট্রাইকারের জীবন (Liverpool forward Diogo Jota dies)।
পর্তুগিজ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্পেনে গাড়ি দুর্ঘটনায় (Car Accident in Spain) মারা গিয়েছেন জোতা। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ হাইওয়েতে যখন তিনি তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তখনই ঘটে দুর্ঘটনা। জোতার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পর্তুগিজ (Portugal) ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছরের সিলভা।
মাত্র দুই সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে। এই জুটির রয়েছে তিনটি সন্তান। গত ২২ জুন পোর্তোয় বিয়ে হয়েছিল জোতার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় জোতা পোস্ট করেন ২৮ জুন। এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করতেন এই লিভারপুল তারকা।
জোতার পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল ২০১৪ সালে পর্তুগিজ ক্লাব পাকোস দে ফেরেইরার জার্সিতে। সেখানে দুই বছর খেলার পর পাড়ি দেন স্পেনে। লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। লোনে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে। ২০১৭–১৮ মরশুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। উলভারহ্যাম্পটনে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০২০ সালের সেপ্টেম্বরে লিভারপুলে এই পর্তুগিজ স্ট্রাইকার যোগ দিয়েছিলেন ৪ কোটি ১০ লক্ষ পাউন্ডের বিনিময়ে। ক্লাবটির হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল রয়েছে তাঁর।
অল রেডসের হয়ে গত মরশুমে প্রিমিয়ার লিগ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লিভারপুলের হয়ে ২০২১–২২ মরশুমে জিতেছিলেন এফএ কাপ।
দেশের জার্সিতেও সমান উজ্জ্বল ছিলেন তিনি। পর্তুগালের হয়ে দুই বার জিতেছেন নেশনস লিগ। পর্তুগালের হয়ে তাঁর অভিষেক ২০১৯ সালে ইউরো বাছাই পর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্ত হিসাবে। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। গত বছর ইউরোয় খেলেছিলেন তিনটি ম্যাচ।
পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন জোতা। মাঠের ফুটবলের বাইরেও আরেকটি বিষয়ে ভীষণ আগ্রহ ছিল তাঁর। খুব ভাল গেমার ছিলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফিফা ২১ ভিডিও গেমে চ্যাম্পিয়নসের লিডারবোর্ডে গোটা বিশ্বের মধ্যে এক নম্বর স্থান দখল করেছিলেন তিনি। পাশাপাশি তিনি নিজেই বানিয়েছিলেন একটি ই–স্পোর্টস দল।
জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তারা বিবৃতিতে বলেছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু ছিলেন তিনি। প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়েগো জোতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দু’জন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার (জোতার ভাই) চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। তাঁদের সম্মানে আমরা যা যা করার, সবই করব।’