মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই আমার ছোট্ট ট্রিবিউট তো কলকাতা ডার্বি।

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 10 October 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের যুবরাজ লিওনেল মেসি (Lionel Messi)। এর আগেও ভারতে এসেছিলেন আর্জেন্টিনার মহাতারকা। সেবার তিনি শুধু কলকাতায় (Kolkata) এসেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে। এবারও মেসির সফর সূচিতে কলকাতার নাম রয়েছে।
এই সফর নিয়ে মেসি নিজেও রীতিমতো উত্তেজিত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, “এই সফরে আসাটা সম্মানের। ভারত একটি বিশেষ দেশ, এবং ১৪ বছর আগে সেখানে যাওয়ার আমার মধুর স্মৃতি রয়েছে। ভারত একটি উৎসাহী ফুটবল জাতি, এবং নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করব বলে আমি উত্তেজিত।”
মেসি ১৩ ডিসেম্বর কলকাতা থেকে তাঁর চার শহর সফর শুরু করবেন। এরই মধ্যে জানা গেল মেসির সৌজন্যে হয়তো আয়োজন করা হতে পারে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। অর্থাৎ যুবভারতী স্টেডিয়ামে বসে তিনি উপভোগ করবেন ডার্বি।
মেসিকে ভারতে নিয়ে আসার প্রধান কারিগর শতদ্রু দত্ত। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই আমার ছোট্ট ট্রিবিউট তো কলকাতা ডার্বি... ১৩ ডিসেম্বর, মোহনবাগান মেসি অল স্টারস বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টারস, দুই দলেই থাকবেন দেশ ও বিদেশের তারকারা। ১১ জনের সিরিয়াস ম্যাচ। যে জিতবে মেসির হাত থেকে পাবে পুরস্কার। মেসি দেখবেন মিনি ফুটবল ডার্বি। জয় বাংলা, জয় হিন্দ।”
শতদ্রু দত্তর এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শেয়ার হয়েছে প্রচুর। নেটিজেনরা ভালবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনেকেই বলেছেন, অন্তত কিছুক্ষণের জন্য হলেও মেসিকে খেলতে দেখতে চাই।